মনের জানালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন। —বি.স.সমস্যা: তার সঙ্গে একদিন ফোনে কথা না বললে আমি সারা রাত ঘুমাতে পারতাম না। তাকে আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু ভাবতাম। সেও আমাকে ভালো বন্ধু ভাবত। তার সঙ্গে আমার দুই বছর ফোনে কথা হয়েছিল। হঠাৎ সে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। হয়তো পারিবারিক কোনো সমস্যা মনে করেছিলাম। এখন আমরা দুজনই একাদশ শ্রেণীতে পড়ি। কিছুদিন আগে সে আমাদের এক স্যারকে বলেছে, আমি নাকি তাকে ফোনে বিরক্ত করি, খারাপ মেসেজ দিই। স্যার কথাগুলো আমাকে ক্লাসের সবার সামনে জিজ্ঞেস করেছিলেন। এই ঘটনার পর আমি মানসিকভাবে খুব ভেঙে পড়ি। তার সঙ্গে আমার কখনো মুখোমুখি কথা হয়নি। এখন আমি কাউকে বিশ্বাস করতে পারি না। যাদের সঙ্গে ফোনে কথা হয়, তারা অন্য কারও সঙ্গে কথা বলে, আমি সহ্য করতে পারি না। আতিকুর রহমানসন্দ্বীপ।পরামর্শ: মেয়েটির সঙ্গে একদিন কথা না হলে তুমি রাতে ঘুমাতে পারতে না এবং টানা দুই বছর তুমি এই আসক্তিতে ডুবে ছিলে। বোঝা যাচ্ছে, সত্যিকার অর্থে পরস্পরের ‘ভালো বন্ধু’ বলতে যা বোঝায়, তোমাদের সম্পর্কটি সে রকম ছিল না। যেকোনো সুস্থ সম্পর্কের মধ্যে একটি অদৃশ্য সীমারেখা ও মানসিক স্বাধীনতা থাকা খুবই প্রয়োজন। দুজন দুজনের প্রতি মানসিকভাবে অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়লে একটি অসুস্থ সম্পর্ক তৈরি হয় এবং তাতে নানা ধরনের জটিলতা ও টানাপোড়েনও সৃষ্টি হয়। আমাদের দেশের ছেলেমেয়েরা প্রায়ই ছোটবেলায় বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে সুস্থ বন্ধুত্ব তৈরি করতে শেখে না। তরুণ বয়সে সৃষ্টি হওয়া বন্ধুত্বের সংজ্ঞাটিও তাই খুব স্পষ্ট থাকে না। মেয়েটি কী কারণে এ ধরনের আচরণ করল, সেটি তুমি খুব ভালো করে চিন্তা করলে অবশ্যই বের করতে পারবে। তবে স্যার যে ক্লাসের সবার সামনে কথাটি জিজ্ঞেস করেছেন, সেটা ঠিক হয়নি। এ ছাড়া কোনো ব্যাখ্যা না দিয়ে মেয়েটির কথা বন্ধ করে দেওয়ার ঘটনাটি তোমার মধ্যে অপমানবোধ, রাগ, দুঃখ, শূন্যতা সৃষ্টি করেছে। ফলে তুমি বিপর্যস্ত বোধ করছো। সম্ভব হলে মেয়েটিকে বলার চেষ্টা করো তুমি তার আচরণে কতটা কষ্ট পেয়েছ। এ ঘটনা থেকে আশা করি, তুমি একটা ভালো শিক্ষা গ্রহণ করবে। এরপর নিশ্চয়ই কারও সঙ্গে দিনের পর দিন ফোনে কথা বলে আবেগীয়ভাবে নির্ভরশীল বা আসক্ত হয়ে পড়বে না। যাদের সঙ্গে ফোনে কথা বলবে, তাদের স্বাধীনতায় বিশ্বাসী হবে এবং তাদেরও তোমার নিজের অধিকারগুলো সম্পর্কে সচেতন হতে হবে। আমরা কখনো অন্যের জীবন নিয়ন্ত্রণ করতে পারি না, পারি শুধু নিজের ভেতরে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে। তুমি নিজের আরও ভালো বন্ধু হও, অর্থাৎ নিজের প্রতি আরও আস্থা, ভালোবাসা ও শ্রদ্ধা তৈরি করো। ফোনে সারাক্ষণ কথা না বলে শরীরচর্চা, বই পড়া, গান শোনা—এসবের মাধ্যমে নিজের বিকাশ ঘটাও। সমস্যা: ছোটবেলায় আমি নানার বাড়িতে থেকেছি। বর্তমানে আমি সম্মান দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি। নানার বাড়িতে থাকার সময় পাশের বাড়ির মামাদের সঙ্গে আমার সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাদের পরিবারের সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক গড়ে ওঠে। কথায় আছে, ‘চোখের আড়াল হলে মনের আড়াল হয়’। এ কথাটা মনে হলে আমার খুব খারাপ লাগে। কারণ, যখন আমি কর্মজীবনে যাব, তখন তো চোখের আড়াল হব। তখন যদি আমাদের মধ্যে সম্পর্কের ঘাটতি হয়! বিশেষ করে, খালামণির সঙ্গে সম্পর্কের ঘাটতি হলে আমি হয়তো বা মরে যাব, এমনটি মনে হয়। তাই অনেক কিছু ভেবেচিন্তে মেজো খালার মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, যাতে আমাদের মধ্যে সম্পর্কটা চিরকাল ভালো থাকে। মামাদের পরিবার এবং আমার পরিবার উভয়ই এ বিয়েতে রাজি। আমার খালাতো বোনও এ কথা জানে এবং আমাদের মধ্যে দেড় বছর ধরে ভালোবাসার সম্পর্ক চলছে। সে বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। আমার বর্তমান পড়াশোনার অবস্থা বেশ ভালো। কিন্তু সমস্যা হলো, আমার খালু এই বিয়েতে রাজি নন। আমি ভাবি, কেন তিনি আগে রাজি হলেন আর এখন কেনই বা রাজি নন। এ কথাটা আমার মনকে অনেক সময় বিষণ্ন করে তোলে। তখন আমার আর কিছুই ভালো লাগে না। আমাদের বিয়ে আমার মাস্টার্স পরীক্ষার পর হওয়ার কথা আছে। এই দীর্ঘ সময় আমাকে কি এই বিষণ্ন মন নিয়ে থাকতে হবে?মো. নাছিরুল ইসলামবগুড়া। পরামর্শ: আমার মনে হচ্ছে, তুমি সামাজিক বন্ধনগুলো তোমার নিজস্ব সত্তা থেকে আলাদা করে রাখতে পারছো না। এ ছাড়া খালাতো বোনকে বিয়ে করলে যে সম্পর্ক সব সময় ভালো থাকবে এর কোনো নিশ্চয়তা নেই। খালার সঙ্গে তোমার তো এমনিতেই মধুর সম্পর্ক রয়েছে এবং সেটি চিরকালই থাকবে। তুমি যেখানেই থাকো না কেন, এই সম্পর্ক চিরন্তন। তুমি এবং তোমার খালা, মামারা যদি সম্পর্ক টিকিয়ে রাখার ব্যাপারে আন্তরিক হয়, তাহলে দূরত্বটা কোনো সমস্যা নয়। তা ছাড়া কারও জীবনেই তো তাদের চারপাশের মানুষজন চিরদিন থাকবে না। এই বাস্তবতা তো আমাদের মানতে হবে। তুমি এখনো শিক্ষাজীবন শেষ করোনি এবং তোমার খালাতো বোনটি তো বলতে গেলে এখনো শিশু। তোমার মাস্টার্স পরীক্ষা হয়ে গেলেও কিন্তু বোনটি প্রাপ্তবয়স্ক হবে না। এটি বাল্যবিবাহেরই শামিল হবে। আমার অভিজ্ঞতা বলে, মেয়েরা অল্প বয়সে সংসারের দায়িত্ব কাঁধে নিলে পরবর্তী সময় নিজেকে খুব অসুখী মনে করে। তুমি এখন বিয়ের চিন্তা করে পড়ালেখার ক্ষতি করতে চাও কি না ভেবে দেখো। মাস্টার্স করার পরও তোমাকে ভালোভাবে উপার্জনক্ষম হতে হবে এবং মেয়েটিরও অন্তত বিয়ের আগে গ্র্যাজুয়েশন শেষ করা উচিত। তোমার খালু কী কারণে তোমাদের সম্পর্কের ব্যাপারে আপত্তি করছেন তা লেখোনি। তবে তাঁর অবশ্যই অধিকার রয়েছে নিজের সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা করার। তোমরা পরস্পরের ওপর আস্থা রেখে মনোযোগ দিয়ে আগে দুজনই পড়ালেখা শেষ করো। তুমি যখন সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে, তখন খালু হয়তো তাঁর মত পরিবর্তন করতে পারেন।