মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন।—বি.স.সমস্যা: আমি স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী। বয়স ২০ বছর। মেসে থাকি। আমার পাশের মেসের এক ছেলেকে (৩৩ বছর) আমি ভালোবাসি। তাকে ভাইয়া বলে ডাকি। আমাদের সম্পর্ক এক বছর তিন মাস। আমার আগে সে একটি মেয়েকে ভালোবাসত। বর্তমানে মেয়েটি বিবাহিত। প্রথম প্রথম সে আমাকে অনেক ভালোবাসত, ফোন করত, বাইরে যেত। কিন্তু এখন আমার সঙ্গে ভালো ব্যবহার করে না, তেমন ফোন করে না। বাইরে যেতে বললে বিভিন্ন সমস্যা দেখায়। ভাইয়ার পরিচিত অনেকে বলে, সে যাকে দেখে তাকেই পছন্দ করে, ‘অফার’ দেয়। এটা শুনে আমার অনেক খারাপ লাগে, আমি অনেক কষ্ট পাই। তখন মনে হয়, আমি তাকে ভুলে যাই। কিন্তু আমি ভুলতে পারি না। এখন আমি সব সময় অসুস্থ থাকি। নাম প্রকাশে অনিচ্ছুক।পরামর্শ: তোমার খুব অসহায় লাগছে, বুঝতে পারছি। তুমি এটি কাটিয়ে ওঠার প্রাণপণ চেষ্টাও করছ, সেটাও বুঝতে পারছি। তবে তোমার চিঠি পড়ে মনে হচ্ছে, ছেলেটি হয়তো তোমার সঙ্গে সময় কাটানোর ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছে। একটি সম্পর্ক সুষ্ঠুভাবে চালিয়ে যেতে হলে তো দুজনেরই চেষ্টা ও আন্তরিকতা থাকা খুব প্রয়োজন। তুমি যে তার জন্য অপেক্ষা করে রয়েছ, তাকে না দেখলে থাকতে পারবে না বলে ভাবছ, এতে করে কি তোমার আত্মমর্যাদাবোধ আহত হচ্ছে না? কাউকে না দেখলে আমরা থাকতে পারব না বা বাঁচব না—এ কথাগুলো আসলে সত্যি নয়। আমাদের প্রথমে নিজেদের প্রতি যত্নবান ও শ্রদ্ধাশীল হতে হবে। নিজেকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার জন্য সব ধরনের উদ্যোগ নিতে হবে। ছেলেটিকে ভুলতে চেষ্টা না করে বরং তার সঙ্গে কাটানো ভালো অভিজ্ঞতাগুলো স্মৃতি হিসেবে ধরে রাখো। নিজের খাওয়া, ঘুম, বিশ্রাম ইত্যাদি নিশ্চিত করো। একজন মানুষের খামখেয়ালি আর দায়িত্বহীন আচরণের জন্য তুমি অসুস্থ হয়ে পড়বে, এটা একেবারেই ঠিক নয়। এ ছাড়া তোমার তো ছাত্রজীবন চলছে। কাজেই লেখাপড়া শেষ করার জন্য তো তোমাকে অবশ্যই সুস্থ মন ও শরীর নিয়ে পরিশ্রম করে ভালো একটি ফল অর্জন করতে হবে। সমস্যা: আমি উচ্চমাধ্যমিক পরীক্ষায় খুবই ভালো ফল করেছি। আমার এ সাফল্যে সবাই আনন্দিত। কিন্তু আমার কোনো আনন্দ নেই। আমার কোনো কিছুই ভালো লাগে না। আমি স্বাভাবিকভাবে কারও সঙ্গে মিশতে পারি না। সব সময় বাসায় একা থাকি। কখনো রাগে-দুঃখে সবার সঙ্গে দুর্ব্যবহার করি এবং এতে খুবই কষ্ট পাই। স্মার্টনেস আমার ভেতরে ভেতরে কাজ করে, কিন্তু আমি সেটাকে বাইরে প্রকাশ করতে পারি না। পুরো ব্যক্তিত্বহীন হয়ে পড়ি। মাঝেমধ্যে আবার স্বাভাবিক হই, কিন্তু হঠাৎ করেই অস্বাভাবিক হয়ে পড়ি। শারমীন সুলতানা। পরামর্শ: তোমার বয়সের একটি মেয়ের মধ্যে তো বেশ প্রাণচাঞ্চল্য থাকার কথা, অথচ তুমি জীবনকে উপভোগ করতে পারছ না, এটা সত্যিই দুঃখজনক। তবে মনের এ অবস্থায়ও সুন্দর চিঠি লেখার জন্য ধন্যবাদ। জীবনের নানা রকম নেতিবাচক অভিজ্ঞতার কারণে আমরা বিষণ্নতায় ভুগতে পারি অথবা বংশগত কারণে মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারের ভারসাম্যহীনতার কারণেও আমাদের ক্লিনিক্যাল ডিপ্রেশন হতে পারে। তোমার বিষণ্নতা কী কারণে হচ্ছে, তা আগে নির্ধারণ করা দরকার। তোমার পরিবারের ধরন, শিশুকাল এবং পরবর্তী সময়ের অভিজ্ঞতা, তোমার প্রত্যক্ষণ ও চিন্তাধারা ইত্যাদি জানা খুব প্রয়োজন। তাই আমি অনুরোধ করব, তুমি একদম দেরি না করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাইকিয়াট্রি বিভাগে ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে গিয়ে প্রথমে সাইকোথেরাপির সাহায্য নাও। মনোবিজ্ঞানী যদি মনে করেন, তোমাকে থেরাপির পাশাপাশি ওষুধও খেতে হবে, তা হলে মনোরোগ চিকিৎসকের সাহায্য নিতে বলবেন। তুমি এত ভালো ফল করেছ, তোমার সামনে আরও অনেক কিছু অর্জন করার রয়েছে। সঠিক চিকিৎসা নিলে তুমি বিষণ্নতা থেকে বেরিয়ে আসতে পারবে এবং ভবিষ্যতের অর্জনগুলো নিয়ে গর্বিত ও আনন্দিত হতে পারবে। শুভ কামনা রইল।