মনের জানালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন।—বি.স.সমস্যা: আমার বয়স ১৬ বছর। নবম শ্রেণীতে পড়ছি। বেশ কিছুদিন ধরে আমার মন অস্থির, কোনো কাজে মন বসছে না। পড়াশোনার সময় আজেবাজে চিন্তা মাথায় ঘুরপাক খায়। মাঝেমধ্যে হতাশায় ভুগি। ভাবি, আমাকে দিয়ে কোনো কিছু সম্ভব নয়। পারিবারিক নানা ধরনের অশান্তির কারণেও হতাশায় ভুগছি। কেউ আমার মতের বিরোধী বা খোঁচা দিয়ে কথা বললে আমি রেগে যাই। আমার প্রত্যাশা, পড়াশোনা করে দেশের কল্যাণে এগিয়ে আসব। আমি চাই, আমার প্রতিভার পূর্ণ বিকাশ ঘটুক। কিন্তু এমন পরিস্থিতি আমার স্বাভাবিক কর্মকাণ্ডে বাধা হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় আপনার সহযোগিতা কামনা করছি।শিশিরপরামর্শ: তোমার বয়সের একটি ছেলের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জেনে খুব ভালো লাগল শিশির। সবচেয়ে উৎসাহব্যঞ্জক বিষয় হলো, তুমি তোমার সমস্যাগুলো নিয়ে শুধু সচেতনই নও, খুব সঠিকভাবে সেগুলোকে চিহ্নিতও করতে পেরেছ। এ বয়সে মন মাঝেমধ্যে অস্থির হওয়া, রেগে যাওয়া বা হতাশ বোধ করা স্বাভাবিক। তবে পরিবারে অশান্তি বিরাজ করলে এই নেতিবাচক আবেগগুলোর তীব্রতা বেড়ে গিয়ে জীবনে সংকট উপস্থিত হয়। মনে হচ্ছে, শৈশবে তোমাকে যথেষ্ট স্বীকৃতি ও উৎসাহ দেওয়া হয়নি। এসব কারণেই হয়তো তুমি বাইরে থেকে কোনো বাধা বা বিরোধিতার সম্মুখীন হলে খুব বিপর্যস্ত বোধ করো এবং সেটা থেকেই হতাশা ও রাগের অনুভূতি তৈরি হচ্ছে। সেই সঙ্গে আত্মবিশ্বাসের অভাবও হচ্ছে। আর বর্তমানে যে ব্যক্তিত্বটি ধারণ করছ, সেটির জন্য তুমি সম্পূর্ণভাবে দায়ী নও। আশপাশের মানুষগুলো তোমার সঙ্গে ছেলেবেলা থেকে যে আচরণগুলো করেছে, বেশির ভাগ সেই আচরণের প্রভাবে তুমি বর্তমান ব্যক্তিত্বটি অর্জন করেছ। তুমি পরিবারের কাউকে মনের অবস্থা বোঝাতে সক্ষম না হলেও আত্মীয়স্বজনের মধ্যে বিশ্বাসযোগ্য ও মানসিক বিষয়গুলো বোঝে, এমন কারও মাধ্যমে অভিভাবকদের তোমার মনের সত্যিকার অবস্থাটি তুলে ধরো। জীবন সবে শুরু হয়েছে, ভবিষ্যতে তোমায় আরও অনেক ধাপ পেরোতে হবে। কাজেই আমি যেসব জায়গার নাম আগে লিখেছি, অভিভাবকদের বুঝিয়ে সেসব জায়গার কোনো একটিতে গিয়ে কাউন্সেলিংয়ের সাহায্য নাও। তোমার মতো সুন্দর মনের তরুণদের আমাদের দেশ ও সমাজের জন্য খুব প্রয়োজন। আমি আশা করছি, কাউন্সেলিংয়ের সেবা গ্রহণ করলে তুমি তোমার আত্মবিশ্বাস ফিরে পাবে এবং অনেক বেশি প্রাণশক্তিও অর্জন করবে। শুভ কামনা রইল।সমস্যা: আমার থেকে দুই বছরের ছোট একটি মেয়েকে আমি ভালোবাসি। মেয়েটিও আমাকে ভালোবাসে। মেয়েটির জীবনে আমিই প্রথম ভালোবাসা। আমাদের ভালোবাসার একপর্যায়ে সে আমাকে একটা কথা বলে, যা আমার খুব খারাপ লাগে। প্রতিক্রিয়া স্বরূপ আমি তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিই। প্রায় এক মাস তাকে এড়িয়ে চলি। এ জন্য সে অনেক কেঁদেছে। একপর্যায়ে বুঝলাম, সে আমাকে প্রচণ্ড ভালোবাসে। আমি আমার ভুল বুঝতে পেরে তাকে ভুলে যাওয়ার কারণ জানাই এবং আমি তাকে আবার ভালোবাসি, সেটাও তাকে জানিয়েছি। আমি এখন মেয়েটিকে প্রচণ্ড ভালোবাসি। কিন্তু সে আমাকে আগের মতো বিশ্বাস করতে চায় না। সে মনে করে, আমি আবার তাকে ছেড়ে চলে যাব। এ সময় তার মনে বিশ্বাস অর্জনের জন্য আমার কী করা উচিত? আমার পরিবার বিষয়টি জানে এবং আমি যেন মেয়েটিকে ভালো না বাসি, এ ব্যাপারে চাপ সৃষ্টি করছে। কিন্তু আমি মেয়েটিকে কখনই ভুলতে পারব না। আরিফকুড়িগ্রামপরামর্শ: তোমার বয়স চিঠিতে উল্লেখ করোনি। মেয়েটি তোমাকে কী বলেছে, তা-ও জানতে পারিনি। তোমাদের দুজনের বয়স জানতে পারলে বুঝতে পারতাম, তোমাদের মধ্যে বয়ঃসন্ধির আবেগ কাজ করছে, নাকি তোমরা দুজনই প্রাপ্তবয়সে থেকেও এতটা আবেগপ্রবণ হয়েছ। তোমার দিক থেকে যে ভুলটি হয়েছে তা হলো, তার সঙ্গে কথা বন্ধ করে দেওয়া। যেকোনো সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য হতেই পারে, কিন্তু কথা বন্ধ করে দিলে ভুল-বোঝাবুঝির পরিমাণ আরও বেড়ে যায়। তুমি যদি পরবর্তী সময়ে ঠান্ডা মাথায় ব্যাপারটি নিয়ে তার সঙ্গে আলোচনা করতে পারতে, অর্থাৎ কী কারণে তোমার এত খারাপ লেগেছে, সেটা তার কাছে সুন্দরভাবে ব্যাখ্যা করতে, তাহলে ভালো হতো। মেয়েটি তখন সহজেই নিজের ভুল বুঝতে পারত এবং কিসে তোমার কষ্ট হয়, তার কাছে তোমার প্রত্যাশাগুলো কী, সেগুলো জানার সুযোগ হতো। একই সঙ্গে মেয়েটিও তোমার কাছে কী ধরনের আচরণ প্রত্যাশা করে, সে বিষয়েও একটি সুস্থ আলোচনা হতে পারত। আমাদের পারস্পরিক আকর্ষণ ও মমত্ববোধ একসময় হারিয়ে যায়, যদি আমরা দুজন একে অপরের মনটি বোঝার লক্ষ্য নিয়ে প্রতিনিয়ত সম্পর্কের ধরনটিকে উন্নত না করি। মেয়েটির বিশ্বাস অর্জন করার জন্য পরবর্তী সময়ে আবার ভুল-বোঝাবুঝি হলে তুমি কথা বন্ধ না করে এ কাজগুলো করবে, কেমন? পরিবার থেকে এসব বিষয়ে বাধা দেওয়াটা খুব স্বাভাবিক, কারণ শিক্ষার্থীজীবনে এভাবে আবেগীয় চ্যালেঞ্জের ভেতর দিয়ে গেলে সবার লেখাপড়ার যথেষ্ট ক্ষতি হয়। তবে তোমাদের সম্পর্কটি যদি সুস্থভাবে এগিয়ে যায় এবং তুমি শিক্ষাপ্রতিষ্ঠানের অর্জনগুলো নিশ্চিত করতে পারো, তাহলে তোমার অভিভাবকেরা তোমার প্রতি আস্থা রাখতে সক্ষম হবেন। চিঠির জন্য ধন্যবাদ।