মনের জানালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন।—বি.স.সমস্যাগ্রাম ছেড়ে শহরে কোচিং করতে এসে খুব একাকিত্বে ভুগতাম। এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন এ+ পাওয়ায় ভেবেছিলাম, মেডিকেলে সুযোগ পাব। কিন্তু পাইনি। তীব্র হতাশায় ভর্তি পরীক্ষায় সব জায়গায় ব্যর্থ হয়ে পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। ভর্তি হওয়ার পর থেকে আমার মনে হয়েছে, এ বিষয়ের চেয়ে আরও ভালো স্থানে আমার জায়গা হওয়া উচিত। তাই দ্বিতীয়বার অবশ্যই চেষ্টা করব। কিন্তু দ্বিতীয়বার ভর্তি প্রস্তুতি নিতে এসে আরও হতাশা বোধ করছি। কারও সঙ্গে কথা বলতে ইচ্ছে হয় না, একা থাকতে ইচ্ছা করে। কেউ আমার বিষয়ে কোনো কথা জিজ্ঞেস করলে খুবই বিরক্ত হই। কেন জানি মনে হয়, আমি তীব্র অশান্তি ও দুঃখের মধ্যে বাস করছি। মনে হয়, আমার জীবনে আর কখনো আনন্দ ফিরে আসবে না। সব সময় বিষণ্নতায় ভুগি। আমার এ অবস্থা দেখে মা-বাবাও খুব কষ্ট পান। মনে হয়, আমাকে দিয়ে আর কিছুই করা সম্ভব নয়। জীবনের ইতিবাচক কিছুই খুঁজে পাই না। মাঝেমধ্যে আত্মহত্যার কথাও মাথায় আসে।নাম-ঠিকানা প্রকাশে অনিচ্ছুকপরামর্শ: দুটো পরীক্ষাতেই এত ভালো ফলাফল করার পরও মেডিকেলের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় খুব বেশি ভেঙে পড়েছ। খুব কাঙ্ক্ষিত কোনো জিনিস অর্জন যখন প্রায় নিশ্চিত মনে হয়, তখন সেটি না পেলে প্রত্যেকেই মানসিক বিপর্যয়ের সম্মুখীন হয়। তুমি হয়তো অন্যদের তুলনায় একটু বেশি সংবেদনশীল তাই কষ্টের তীব্রতা আরও বেশি অনুভব করছ। আমার কাছে যেটি সবচেয়ে প্রশংসনীয় মনে হচ্ছে তা হলো, তুমি তোমার পরিস্থিতিটি খুব স্পষ্ট এবং সুন্দরভাবে লেখার মাধ্যমে প্রকাশ করেছ। এখন তো তুমি একটি বিশ্ববিদ্যালয়ে কোনো একটি বিষয়ে পড়ছ, যদি বিষয়টিকে ভালোবেসে এবং আগ্রহ নিয়ে পড়ো, তাহলে তুমি নিশ্চয়ই খুব ভালো একটি ফলাফল করে আরও উচ্চতর ডিগ্রি অর্জনে সক্ষম হবে। আর যদি দ্বিতীয়বার মেডিকেলের জন্য ভর্তি পরীক্ষা দাও তাহলে আগে থেকেই নিজেকে বলবে যে ফলাফল যা-ই হোক না কেন, তুমি সেটি গ্রহণ করে নেবে। অর্থাৎ সুযোগ পাওয়ার সম্ভাবনা শতকরা ৫০ ভাগ, এ কথা মাথায় রেখে পরীক্ষায় অংশগ্রহণ কর। তুমি বর্তমান যে উপসর্গগুলোর কথা উল্লেখ করেছ, সেগুলো থেকে তোমাকে আগে নিজেকে সম্পূর্ণভাবে বের করে আনতে হবে। বিষণ্নতায় ভুগতে থাকলে এ ধরনের অসুবিধাগুলো হওয়ার কথা। এর ফলে তোমার যে আচরণগুলো হচ্ছে তার জন্য পরিবারের সবাই কষ্ট পাচ্ছেন। তুমি এবং তোমার মা যদি ঢাকায় এসে মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং সেবা গ্রহণ করো, তাহলে খুব ভালো হয়। যদি তুমি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হও, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির তিন তলায় এসেও এই সেবা গ্রহণ করতে পার। তোমার ক্লিনিক্যাল ডিপ্রেশন না হয়ে থাকলে শুধু বেশ কয়েকটি কাউন্সেলিং সেশনের মাধ্যমে তুমি এই মানসিক বিপর্যয় থেকে পুরোপুরি বেরিয়ে আসতে সক্ষম হবে। তোমার কোনো ওষুধ সেবনের প্রয়োজন থাকলে কাউন্সেলর তোমাকে কোনো মনোচিকিৎসকের কাছে রেফার করবেন। তুমি অবশ্যই অস্বাভাবিক বা পাগল হয়ে যাচ্ছ না। সময়মতো চিকিৎসা নিলে খুব ভালো থাকতে পারবে। অনেক শুভকামনা রইল।সমস্যাআমি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করি। আমাদের দলে ১১ জন শিক্ষার্থীর মধ্যে আমি একাই ছেলে ছিলাম। সব মেয়ের সঙ্গেই আমার সুসম্পর্ক ছিল। অনেক মেয়ে আমাকে তাদের প্রেমিক ভেবেছিল। কিন্তু আমি কারও সঙ্গে আজ পর্যন্ত কোনো সম্পর্কে জড়াইনি। এখন আমি ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় বর্ষে। আমার সমস্যা হলো, আগের ক্লাসমেটের একজন আমাকে নিয়ে অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু আমি আসলে তা চাই না। সে এখন আমার সব ক্ষেত্রের বাধা। আমি ঠিকমতো পড়াশোনা করতে পারি না। নিয়মিত পড়তে বসি, কিন্তু পড়তে পারি না। বাজে চিন্তা মাথায় কাজ করে। কিন্তু কী চিন্তা করি, তা আমি একটু পরেই ভেবে পাই না।এতে মনে হচ্ছে, আমি পিছিয়ে যাচ্ছি আমার সবকিছু থেকে। আমি কি এতে করে আমার শেষ গন্তব্যে যেতে পারব না? আমি কি পারব না সবকিছু কাটিয়ে আবার স্বাভাবিক স্থানে ফিরে আসতে?মাহিপরামর্শ: একটি মেয়ে তোমাকে নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়ার অর্থ কি এই যে, সে তোমাকে সরাসরি সেটি সব সময় বলছে, নাকি অন্যদের কাছে ওর মনের কথাগুলো প্রকাশ করছে। এ ব্যাপারটি স্পষ্টভাবে উল্লেখ করলে আমার উত্তর দিতে সুবিধা হতো। সব মেয়ের সঙ্গে তোমার সুসম্পর্ক ছিল, এই তথ্যটি থেকে বোঝা যাচ্ছে যে তুমি স্বচ্ছন্দে মেয়েদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে পারো। যেহেতু তোমার মধ্যে এই গুণটি রয়েছে, তুমি তো মেয়েটিকে সরাসরি বলতেই পারো যে তুমি তার সঙ্গে বিশেষ সম্পর্ক স্থাপনে আগ্রহী নও। আমি ভাবছি, বিষয়টি যদি অনেক দিন ধরে চলে থাকে, তাহলে তুমি ওকে জানাতে এত দেরি করছ কেন। তুমি কি তোমার কোনো আচরণের মাধ্যমে ওকে মিশ্র বার্তা দিয়েছ কি না তা-ও ভেবে দেখবে। মনে হচ্ছে, যত সময় পার হয়েছে ওর প্রত্যাশা ততই বেড়েছে। আগে জানালে ওর কষ্টটা অনেক কম হতো। তবে সত্যিই যদি তোমার বিন্দুমাত্র আগ্রহ না থাকে তাহলে ওকে স্পষ্ট করে সেটি বলো। এর পরও যদি কষ্ট পাও, তাহলে সেটি থেকে বেরিয়ে আসার দায়িত্ব মেয়েটিকে নিতে হবে। তোমার এখন যা বয়স তাতে অনেক ধরনের এলোমেলো চিন্তা মাথায় কাজ করা স্বাভাবিক। তুমি চেষ্টা করো খেলাধুলা, শরীরচর্চা, সুস্থ বিনোদনের মধ্য দিয়ে নিজেকে সব সময় ব্যস্ত রাখতে। এ ছাড়া রিলাক্সেশন এবং মেডিটেশন এক্সারসাইজগুলো তোমাকে লেখাপড়ায় মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে। নিজেকে সব সময় বলবে, তুমি অবশ্যই কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা ডিগ্রি সফলতার সঙ্গে অর্জন করতে সক্ষম হবে। চিঠির জন্য ধন্যবাদ।