মনের জানালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন।—বি.স.সমস্যা: আমি সম্মান তৃতীয় বর্ষে পড়ি। সারাক্ষণই দুশ্চিন্তা করি। যেকোনো সাধারণ ভুল করলে আমার অনুশোচনার সীমা থাকে না। ব্যাপারটি নিয়ে সারাক্ষণই ভাবতে থাকি। আমি প্রায়ই হীনম্মন্যতায় ভুগি। আমার চেয়ে ওপরের অবস্থানে কাউকে দেখলে দুশ্চিন্তা শুরু হয়ে যায়। আমার এ চিন্তাগুলো বেশির ভাগই নেতিবাচক। এসব নেতিবাচক চিন্তা করার কারণে পরে আবার নিজেকে অপরাধী মনে হয়। এসব চিন্তার কারণে আমার স্বাভাবিক কাজকর্ম ও পড়াশোনা মনোযোগ দিয়ে করতে পারি না। তিন বছর ধরে এ সমস্যায় ভুগছি। আগে আমি খুব উচ্ছল প্রকৃতির ছিলাম। এখন আমি গম্ভীর হয়ে থাকি এবং কোনো ব্যাপারেই আনন্দ খুঁজে পাই না।নাম প্রকাশে অনিচ্ছুকপরামর্শ: মনে হচ্ছে, তুমি অবসেশনে ভুগছ। কোনো কিছু নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করলে আমরা সেই বিষয়টি যদি একেবারেই মাথা থেকে বের করতে না পারি, তাহলে দৈনন্দিন জীবনের কাজকর্ম খুব ব্যাহত হয় এবং পরে আমরা বিষণ্নতা এবং অপরাধবোধে ভুগতে থাকি। এই আবেগগুলো চলাকালে আমাদের সব সময় নেতিবাচক চিন্তাধারা ঘিরে থাকে। তুমি তিন বছর যাবত এই সমস্যায় রয়েছ, কিন্তু বাড়িতে কাউকে বলেছ কি না, বুঝতে পারলাম না। এ ধরনের অনিয়ন্ত্রিত চিন্তাধারা এবং বিষণ্নতায় ভোগার জন্য তুমি কিন্তু একেবারেই দায়ী নও। বাড়ির লোকেরা তোমার এই সমস্যাটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখলে ভালো হয়। তাদের বলো আর দেরি না করে তোমাকে যেন তারা চিকিৎসায় নিয়ে যান। তোমার বয়স এখন কম এবং ভবিষ্যতে অনেক কিছু অর্জন করতে হবে। চিকিৎসা না নিলে পরে অসুবিধাটি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঠিকমতো চিকিৎসা নিলে তুমি আবার আগের মতোই উচ্ছল স্বভাবটি ফিরে পাবে। জীবনকে উপভোগ করার সঙ্গে সঙ্গে এটিকে অর্থপূর্ণ করারও সুযোগ পাবে। আমাদের পরিবারের লোকেরা মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্ব কম দেন বলে অনেকেই তোমার মতো অসুস্থতায় ভোগে। তুমি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বা ঢাকা কমিউনিটি হাসপাতালের ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের কাছে সাইকোথেরাপি নাও।সমস্যা: আমার বয়স ২৩। আমি চাকরি ও পড়ালেখা করি। প্রায় সাত মাস আগে আমার সঙ্গে একটি মেয়ের বন্ধুত্ব হয়। আমাদের দুজনের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। আমার সুখ-দুঃখের সব কথা তাকে বলি এবং সেও আমাকে তার সব কথা বলে। সে একটি ছেলেকে ভালোবাসে। ছেলেটিও তাকে খুবই ভালোবাসত। এখন ছেলেটি তার সঙ্গে ঠিকভাবে কথা বলে না প্রায় আট মাস। সে জন্য মেয়েটি খুব মন খারাপ করে থাকত। আমি মেয়েটিকে বলেছি, তোমার মন খারাপ লাগলে আমার সঙ্গে ফোনে কথা বলবে। আমি তার সঙ্গে ফোনে কথা বলি প্রতিদিন। সকাল, দুপুর, বিকেল, রাতে। কিন্তু একসময় আমার মনে হতে লাগল, আমার মন তাকে খুবই ভালোবেসে ফেলেছে। কিছুক্ষণ ফোনে কথা না বললে আমার মন খারাপ হয়ে যায়। কিন্তু আমি জানি, সে একটি ছেলেকে ভালোবাসে। এটা জেনেও আমার মন কেন তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে, তা আমি জানি না। কারণ, আমার জীবনের সঙ্গে মিশে গেছে মেয়েটি। আমার বুকের ভেতরে (মাঝখানে) সারাক্ষণ শুধু ধড়ফড় করে। সারাক্ষণ শুধু তার কথা মনে পড়ে। তার সঙ্গে কথা বলা অবস্থায় ভালো লাগে। পরক্ষণে আবার ধড়ফড় শুরু হয়ে যায়। আমার কিছুই ভালো লাগে না। কিন্তু কেন হচ্ছে, তা আমি জানি না। আসলে কি মেয়েটির জন্য হচ্ছে, নাকি বুকে সমস্যা আছে। এভাবে এক মাস যাওয়ার পর একজন চিকিৎসককে দেখাই। চিকিৎসকের কাছে আমি মেয়েটির কথা কিছুই বলিনি। তিনি আমার প্রেশার দেখে বললেন ঠিক আছে। তারপর বললেন, ‘তুমি কোনো কিছু নিয়ে খুবই টেনশনে আছ।’ তিনি আমাকে কিছু ওষুধ দেন।নাম প্রকাশে অনিচ্ছুকপরামর্শ: তুমি যে মেয়েটিকে বলছ মন খারাপ হলে তোমার সঙ্গে কথা বলতে, সেই দায়িত্ব নেওয়ার আগে তোমার এ ব্যাপারে প্রশিক্ষণের প্রয়োজন ছিল। তুমি মেয়েটির উপকার করতে চেয়েছ, সেটি খুব প্রশংসনীয় উদ্যোগ কোনো সন্দেহ নেই। তবে আমরা যদি সবাই অন্যদের দুঃখ-কষ্ট নিয়ে কাজ করতে পারতাম, তাহলে তো কাউন্সেলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের কোনো প্রয়োজন হতো না। তোমার যেহেতু নিজেকে সুরক্ষিত রেখে শুধু নিঃস্বার্থ একটি বন্ধু হওয়ার মতো দক্ষতা ছিল না এবং সেই সঙ্গে নেশাগ্রস্তের মতো দিন-রাত কথা বলেছ, সে কারণেই এতটা অসুস্থ হয়ে পড়েছ। তোমার চিঠিটি এবং উত্তর পড়ে অন্য যারা অদক্ষভাবে উদ্ধারকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছে, তারা যদি শিক্ষা গ্রহণ করে, তাহলে তাদের উপকার হবে। অনেকেই আমাকে বলে, অনেক কাউন্সেলিং করেছি, এখন আমাকেই আপনার দ্বারস্থ হতে হলো। অথচ আমরা জানি না, এটিকে চর্চা করতে হলে কত বেশি লেখাপড়া, অধ্যবসায়, পরিশ্রম এবং প্রশিক্ষণ প্রয়োজন। তোমার কোনো ওষুধে কাজ হচ্ছে না। কারণ, তুমি তীব্র আসক্তিতে ভুগছ। মেয়েটি যদি তোমাকে ভালো না বাসে, তাহলে আমি বলব তোমার পক্ষে ওকে আর সময় দেওয়া সম্ভব নয়, এই কথাটি খুব পরিষ্কারভাবে জানিয়ে দাও। তুমি চাকরি ও লেখাপড়া দুটোই একসঙ্গে করছ, কাজেই নিজের ভবিষ্যৎ সুন্দর করতে হলে এগুলোর প্রতি তোমাকে নিষ্ঠাবান হতে হবে। তোমার পক্ষে যেহেতু আর শুধু বন্ধুর ভূমিকায় থাকা সম্ভব নয়, তুমি যত তাড়াতাড়ি এই অনর্থক কথা বলা বন্ধ করবে, ততই উপকৃত হবে। যেকোনো আসক্তি ছেড়ে দিলে কিছুদিন সবারই কষ্ট হয়, তবে পরে সেটি তার জন্যই সবচেয়ে মঙ্গলজনক হয়। আমি আশা করব, তুমি নিজের প্রতি সম্মান ও ভালোবাসা রেখে নিজের মনকে আঘাত পাওয়া থেকে রক্ষা করতে সক্ষম হবে এবং জীবনের লক্ষ্য অর্জন করবে। শুভকামনা রইল।