মনের জানালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন।—বি. স.সমস্যা: আমি অর্থনীতি বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র। জাতীয় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি। নিজের সব কাজকর্মে আমি মোটামুটি দায়িত্বশীল ও সচেতন। আমি খুব মিশুক স্বভাবের এবং আমার ব্যক্তিত্ব এমন, আমার অজান্তেই অনেকে আমাকে খুব পছন্দ করে। সমস্যা হলো, আমি সামান্যতম সিদ্ধান্তও খুব দ্রুত নিতে পারি না, যদিও যেকোনো সিদ্ধান্ত একটু ভেবেচিন্তে নেওয়াই ভালো। অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলেও পরে মনে হয়, আমার ওটা না করে এটা করা উচিত ছিল। আবার অনেক সময় এমন হয়, ভাবার জন্য বিশেষ সময় পাওয়া যায় না। এটাই আমার বড় সমস্যা। আমি হুট করে কোনোভাবেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারি না। যখন আমি বুঝতে পারি, আমার এটা করা ঠিক, ততক্ষণে খুব দেরি হয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুকপরামর্শ: মনে হচ্ছে, তোমার মধ্যে আত্মবিশ্বাসের কিছুটা অভাব আছে। এ কারণেই নিজের সিদ্ধান্তকে পরে নিজেই প্রশ্ন করছো। তবে এ জন্য নিজেকে দায়ী ভাবার কোনো কারণ নেই। অভিভাবকেরা অনেক সময় সব সিদ্ধান্ত সন্তানদের ওপর চাপিয়ে দেন। শিশুসন্তানেরা সেগুলো মানতে না চাইলে বেশির ভাগ সময় দেখা যায়, তাঁরা রেগে যান। তাঁরা শিশুদের কাছে ব্যাখ্যা করেন না, কী কারণে তাঁর ইচ্ছার বিরুদ্ধে সেটি আরোপ করছেন। যদি শিশুটি প্রশ্ন করে, কী কারণে তাকে এই কাজটি করতে হবে, তাহলে বলেন—বড়রা যা বলবে, ছোটদের অবশ্যই সেটি মানতে হবে। এতে শিশুরা বড় হলে খুব বেশি সিদ্ধান্তহীনতায় ভোগে। যেসব পরিবারে বড়রা খুব বেশি প্রভুত্বব্যঞ্জক আচরণ করেন, সেসব পরিবারের শিশুদের বড় হওয়ার পর আত্মবিশ্বাসের অভাব ঘটার আশঙ্কা থাকে। তুমি ভেবে দেখো, ছোটবেলায় তোমার সঙ্গে কী ধরনের আচরণ করা হয়েছে? নিজেকে প্রতিদিন মনে মনে বলবে, তোমার মধ্যে অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে এবং নিজের সিদ্ধান্তগুলো তুমি ভবিষ্যতে সব সময় সম্মানও করবে। যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যদি দ্বন্দ্ব হয়, দুটি বা তিনটির মধ্যে তুমি কোনটি বেছে নেবে, তাহলে সেগুলোর সুবিধা ও অসুবিধাগুলো কাগজে লিখে নেবে। এরপর যেদিকে বেশি সুবিধা দেখবে, সেই সিদ্ধান্তটিই বেছে নেবে। পরবর্তী সময়ে যদি মনেও হয়, সিদ্ধান্তটি ঠিক ছিল না, তবু নিজেকে বলবে, তুমি যথেষ্ট বিশ্লেষণ করেই সেটি নিয়েছ। এ নিয়ে অপরাধবোধে ভুগলেও নিজেকে সান্ত্বনা দেবে এবং কোনোভাবেই নিজের প্রতি মর্যাদাবোধ হারাবে না, কেমন?সমস্যা: আমার শারীরিক গঠন আর মুখের আকার খুবই খারাপ। এ জন্য পরিবারের লোকেরা, আত্মীয়স্বজন এবং যেকোনো মানুষ আমি দেখতে এমন কেন, আমার ওপর কোনো অভিশাপ আছে কি না ইত্যাদি প্রশ্নসহ নানা কটূক্তি করত। আর এসব কথা শুনলে আমার খুব খারাপ লাগত। স্কুলে গেলে সবচেয়ে বেশি শুনতে হতো। যখন আমি এসএসসি পরীক্ষায় কৃতকার্য হই, তখন পরিবার থেকে বলা হলো, আমাকে ঢাকার কোনো কলেজে ভর্তি হতে হবে। কারণ, ঢাকায় গেলে আমার পরিবর্তন আসবে। কিন্তু আমি চিন্তা করতাম, ঢাকার মানুষ খুবই আধুনিক ও স্মার্ট, তাই ঢাকায় যেতে চাইতাম না। কিন্তু একপর্যায়ে পরিবারের সিদ্ধান্তে নামকরা একটি কলেজে ভর্তি হতে হলো। যেদিন আমি প্রথম কলেজে গেলাম, ক্লাসে নিশ্চুপ ছিলাম। কেউ আমার সঙ্গে কথা বলতে চাইত না। কথা বললেও আমাকে প্রশ্ন করত: আমার চোখ বড় কেন, স্বাস্থ্য এমন কেন, নাক লম্বা কেন। আর এসব প্রশ্ন শুনলে আমি তাদের সামনে চোখের জল না ফেললেও বেদনাভরা মন নিয়ে নরম সুরে উত্তর দিতাম—আমাকে আল্লাহ বানিয়েছেন; আমি এমন হতে চাইনি। আর কলেজ থেকে বাসায় ফিরে রুমের দরজা বন্ধ করে চোখের জলে বালিশ ভিজাতাম। আর ক্লাসের দুজন ছেলে ও একটা মেয়ে আমাকে দেখলে নানা অদ্ভুত নামে ডাকত। একপর্যায়ে আমি কলেজে যাওয়া কমিয়ে দিই। নিজের জমানো টাকা দিয়ে কলেজে অনুপস্থিতির জরিমানা দিই। আমার কোনো বন্ধু নেই। আর বাসা থেকে খুব কম বের হই। মনে হয়, আত্মহত্যা করি। কিন্তু পারি না। এসএসসি থেকে মানবিক গ্রুপ থেকে জিপিএ ৪.৭০ পেলেও এবার মনে হয়, প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষেই উঠতে পারব না। কারণ, রাগে পড়ালেখা করতে ইচ্ছা হয় না। একসময় ইচ্ছা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। এখন আর ইচ্ছা হয় না। আমি শত চেষ্টা করেও নিজের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারিনি।ইফতি, ঢাকা।পরামর্শ: আমার খুব অবাক লাগছে যে তোমার পরিবারের লোকজন শিক্ষিত ও আধুনিক হওয়া সত্ত্বেও তাঁরা কেন তোমার বাইরের রূপটিকে এত গুরুত্ব দিলেন। তাঁদের তো উচিত ছিল ছোটবেলা থেকেই তোমাকে একটি অত্যন্ত মূল্যবান উপহার হিসেবে এবং একজন মানুষ হিসেবে সর্বান্তঃকরণে গ্রহণ করে নেওয়া। বাইরের কারও দ্বারা বা স্কুলে তোমার যে হয়রানির শিকার হতে হয়েছে, সেসব থেকেও তোমাকে রক্ষা করার দায়িত্ব তাঁদের। যদি শৈশব ও কৈশোরে তুমি পরিবারের সহায়তা ও পুরোপুরি গ্রহণযোগ্যতা পেতে, তাহলে বর্তমানের নেতিবাচক আবেগগুলো থেকে তুমি অনেকটাই দূরে থাকতে পারতে। তোমাকে তাঁরা মানসিকভাবে দৃঢ়, আত্মবিশ্বাসী ও আত্মমর্যাদাবোধসম্পন্ন হতে সহায়তা না করেই ঢাকায় পড়তে পাঠিয়ে দিলেন তোমার মধ্যে পরিবর্তন আনার লক্ষ্যে। এটিও একটি বড় ভুল পদক্ষেপ। ঢাকায় তুমি কার কাছে থাকছো, জানি না। প্লিজ, তোমার কাছের মানুষদের জানাও তুমি কতটা বিষণ্নতায় ভুগছো। মানুষের বাইরের রূপের আসলে কোনো মূল্যই নেই, অথচ আমরা এই জায়গাটির ওপর অনেক বেশি গুরুত্ব দিয়ে ফেলি। ক্লাসের যে ছেলেমেয়েরা তোমার অদ্ভুত নামকরণ করেছে, এটি তাদের মনের দীনতার প্রকাশ। এটি তোমার কোনো সমস্যা নয়। নিজেকে তুমি মনের দিক থেকে অনেক সমৃদ্ধ করে তোলো। ভালো ভালো বই পড়ো, ভবিষ্যতে অসহায় মানুষকে কীভাবে সাহায্য করা যায়, সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের জন্য তুমি কী অবদান রাখতে পারো—এসব চিন্তা এখন থেকেই করতে থাকো। সুস্থ সংস্কৃতিচর্চার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পারলে, দেখবে, মনটা অনেক ভালো লাগছে। তুমি যদি কিছুদিন কাউন্সেলিং বা সাইকোথেরাপির সাহায্য নাও, তাহলে অনেক বেশি মানসিক শক্তি পাবে এবং জীবনের দক্ষতাগুলো অর্জনে সক্ষম হবে।