মনের জানালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন।—বি. স.সমস্যা: আমার বড় ছেলের বয়স ১০ বছরের কিছু বেশি। ছোটবেলা থেকেই শ্বাসকষ্টে ভুগছে। প্রায়ই হাসপাতালে থাকতে হয়েছে। বেশি অসুস্থ থাকত বলে খেলাধুলা বা সামাজিকতার অনেক কিছুই সে শৈশবে রপ্ত করতে পারেনি। এ জন্য তাকে আমি তিন বছর বয়সে প্রি-স্কুলে ভর্তি করিয়ে দিই, শুধু কথা বলা এবং অন্য বাচ্চাদের সঙ্গে মিলেমিশে থাকার জন্য।এখন তার সমস্যা হলো, সে সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে না, কেউ এলে তার সঙ্গে পরিচিত হতে বা মিশতে চায় না অথবা অতিমাত্রায় কথা বলে। পড়াশোনা করতে চায় না। তার মধ্যে নেতিবাচক আচরণ বেশি। যেমন, কারও একটু ক্ষতি করা, কাউকে শুধু শুধু বিরক্ত করা ইত্যাদি। অথচ আমি বা তার বাবা যে আদর্শ নিয়ে তাকে বড় করতে চাই, তার থেকে সে সম্পূর্ণ উল্টো। বুঝিয়ে বললেও সে বোঝে না। খুব বেশি কিছু চাই না তার কাছে। মধ্যম মানের লেখাপড়া করুক; কিন্তু আচার-আচরণ, সামাজিক, বড়দের সম্মান করবে—এই জিনিসগুলো রপ্ত করলেই আমি অনেক খুশি। আমরা তাকে যা বলি, সে ঠিক তার উল্টোটা করে। আমি বিশ্ববিদ্যালয়ের (ঢাকা) অনেক মেধাবী ছাত্রী ছিলাম; কিন্তু বাচ্চার কারণে আমি কোনো চাকরি করিনি। শুধু চেয়েছি আমার সন্তান সুস্থ হোক, সুন্দরভাবে গড়ে উঠুক। তার পেছনে এত সময় দিয়েও যথাযথ ফল না পেয়ে আমি হতাশ। তার মধ্যে আরেকটি ব্যাপার খুব লক্ষণীয়, সে আমাকে তার প্রতিদ্বন্দ্বী ভাবে। আমার ভুল ধরতে ব্যস্ত থাকে। অন্যরা আমার প্রশংসা করলেও সে ভীষণ বিরক্ত হয়। ইদানীং আমিও ধৈর্যহারা হয়ে তাকে গালমন্দ করি, মাঝেমধ্যে মারধরও করি, যদিও বুঝি যে এটা করা ঠিক নয়। আসলে আমি ওর পেছনে সময় ব্যয় করতে করতে ক্লান্ত হয়ে গেছি। কী করলে এ অবস্থার উন্নতি হবে জানালে উপকৃত হব।সাবিনাগোড়ান, ঢাকা।পরামর্শ: একটি ব্যতিক্রমী চিঠির জন্য ধন্যবাদ। আমাদের সমাজের অভিভাবকেরা অনেকেই বর্তমানে সন্তান লালন-পালন করতে গিয়ে বেশ চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। তোমার চিঠি পড়ে ঠিক বোঝা গেল না, বড় ছেলেটির কোনো ভাই কিংবা বোন থাকলে তার বয়স কত বা ওর একাধিক ভাই বা বোন আছে কি না। অনেক সময় ছোট ভাই-বোন জন্ম নেওয়ার পর বড়টির প্রতি মনোযোগ কমিয়ে দিতে হয় বলে সে নিরাপত্তাহীনতায় ভোগে। তোমার ছেলে যেহেতু অসুস্থ ছিল, হয়তো সে অতিরিক্ত মনোযোগ পেয়েছে, তাই তার ছোট ভাই-বোনের আগমন তাকে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত করেছে কি না ভেবে দেখো। কোনো অবস্থাতেই ওকে কারও সঙ্গে তুলনা করা থেকে একেবারে বিরত থাকতে হবে। মনে হচ্ছে, ওর মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে, আর তাই কোনটি সঠিক আচরণ তা বুঝতে না পেরে কখনো বেশি এবং কখনো কম কথা বলছে। তুমি এখনই হতাশ হয়ো না। মনে হচ্ছে, সন্তানদের জন্য সময় দিতে গিয়ে তুমি শুধু ক্লান্তই নও, কিছুটা একঘেয়েমিতে ভুগছ বলে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে পড়ে গেছ। এই কারণেই মায়েরা যদি কিছুক্ষণের জন্য বাইরে খণ্ডকালীন কাজ করেন, তাহলে তাঁদের বাইরের জগতের সঙ্গে সম্পৃক্ততা ঘটে এবং অনেকের সঙ্গে দেখা হয় বলে সময়টা ভালো কাটে। এতে মানসিক চাপ কম থাকে বলে সন্তানদের মারধর করার ব্যাপারগুলো খুব একটা ঘটে না। শিশুদের জন্য শারীরিক বা মানসিক শাস্তি, কোনোটাই কাম্য নয় এবং এতে ওদের আত্মমর্যাদাবোধ খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়। তুমি ওর নেতিবাচক আচরণগুলো নিয়ে খুব বেশি অস্থিরতা না দেখিয়ে বরং কোন আচরণগুলো তুমি ওর কাছে প্রত্যাশা করো, সেই আচরণটি পরপর একবার মনে করিয়ে দিয়ো। বারবার ‘এটা কোরো না, ওটা কোরো না’—এ কথাগুলো না বলে, ওর যদি কিছু ভালো আচরণ থাকে সেটি খুব বেশি করে প্রশংসা করবে। ওকে বলবে, তুমি ওর সুন্দর আচরণের জন্য গর্ববোধ করছ। ওর বাবাকেও বলবে ছেলেকে যেন তিনি খুব বেশি করে সময় দেন। মাঝেমধ্যে শুধু বাবা আর ছেলে একসঙ্গে দোকানে-বাজারে বা কোনো উন্মুক্ত জায়গায় ঘুরতে গেলে খুব ভালো হয়। ছেলেসন্তানেরা বড় হলে বাবার মতো হতে চায় বলে বাবার সঙ্গ ওদের খুব প্রয়োজন। ও তোমাকে প্রতিদ্বন্দ্বী ভাবলে সেটা নিয়ে দুশ্চিন্তা না করে স্বাভাবিকভাবে তা গ্রহণ করো এবং বলো যে, ও তোমার মতো বড় হলে তোমার চেয়ে আরও অনেক বেশি অর্জন করতে সক্ষম হবে। যদি তোমার মনে হয় কোনো প্রশিক্ষণপ্রাপ্ত সাইকোলজিস্টের শরণাপন্ন হতে চাও, তাহলে পরিবারের সবাই ঢাকা কমিউনিটি হাসপাতালে গিয়ে ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সঙ্গে আলোচনা করতে পারো।