মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন।—বি. স.সমস্যা: আমি এইচএসসি পরীক্ষার্থী। আমার সমস্যা, আমি কোনো ভবিষ্যৎ পরিকল্পনা করলে তা কোনো দিনই বাস্তবে রূপায়িত হয় না; বরং তার উল্টোটাই হয়ে থাকে। আমি জানি, এটা সম্পূর্ণ মানসিক ব্যাপার। তবু এ ধারণা থেকে বেরিয়ে আসতে পারছি না। আমি সব সময় কোনো কাজ শেষ না করেই তার ফল বা ভবিষ্যৎ নিয়ে ভাবি। হয়তো বা এখনই ভেবে বসেছি, আমার লেখাটা পত্রিকায় ছাপা হয়ে গেছে!মো. আনোয়ারুল হককাজলা, কিশোরগঞ্জ। পরামর্শ: এই বয়সে এ ধরনের ফ্যান্টাসি বা দিবাস্বপ্ন খুব স্বাভাবিক বিষয়। এ নিয়ে বেশি দুশ্চিন্তা না করে তুমি বরং পরীক্ষার পড়ায় মনোযোগী হও। তবে তোমার মানসিক যে ব্যাপারটি ঘটেছে, সে বিষয়ে এতটা সচেতনতা সত্যিই অত্যন্ত প্রশংসনীয়। অতীতে তোমার কোনো পরিকল্পনাই বাস্তবায়িত হয়নি, এটা কিন্তু ঠিক নয়। তুমি মনে করলে দেখতে পাবে এ পর্যন্ত অনেক কিছুই অর্জন সম্ভব হয়েছে তোমার দ্বারা। এখন থেকে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা করলে তা ছোট ছোট অংশে ভাগ করে নেবে এবং একটি একটি করে সম্পন্ন করবে। কোনো একটি অংশ করা সম্ভব হলে অবশ্যই নিজেকে বলবে, তুমি ইচ্ছে করলেই সফল হতে পারো। এভাবে সম্পূর্ণ কাজটি হয়ে যাওয়ার পর নিজের ক্ষমতার ওপর আস্থাটি ধরে রাখবে। আর হ্যাঁ, এই তো তোমার চিঠিটা পত্রিকায় ছাপা হয়ে গেল। আশা করি, এই স্বপ্নের বাস্তবায়নে তুমি খুশি হয়েছ। ভালো থেকো।