মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন।—বি. স.সমস্যা: আমি ক্লাস এইটে পড়ি। আমার সবচেয়ে বড় সমস্যা, আমি কিছুতেই পড়ায় মন বসাতে পারি না। মনোযোগ এলেও সামান্য সময়ের জন্য। না পড়ে পরীক্ষা দিয়েই এ বছর আমার রোল নম্বর ৮ হয়েছে। আমি জানি, পড়লে আমি ভালো ফল করব। কিন্তু কীভাবে পড়ায় মন বসাব? সামনে পরীক্ষা। আমি পড়তে চাই। পড়তে বসলেই মাথায় আজেবাজে চিন্তা আসে। আমার মা-বাবা-ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নেই। বাইরের কেউ দেখলে ভাবে, আমরা সুখী পরিবার। কিন্তু আমি জানি, এটা সত্যি নয়। আমার মা আমার ভাইকে বেশি ভালোবাসে। সে আমার সামনে ভাইয়ের প্রশংসা করে, যা তার অজান্তেই আমাকে কষ্ট দেয়। আমি লুকিয়ে কান্নাকাটি করি। সবাই আমাকে দেখে বলে, আমার স্নায়ু নষ্ট, আমি অনুভূতিহীন। কিন্তু আমি আমার পরিবারের এমন কিছু গোপন কথা জেনেছি, যা আমাকে এ রকম করে দিয়েছে। কারও সঙ্গে কথা ভাগাভাগি করতে পারি না। দুঃখ আর রাগে আমি নিজেকে আহত করি।সিলভি (ছদ্মনাম)পাবনা পরামর্শ: তুমি খুব সংবেদনশীল ও অন্তর্মুখী একটি মেয়ে। তোমার সামনে ভাইয়ের প্রশংসা করলে মন খারাপ হওয়ারই কথা। আমাকে অনেকেই বলেছে, কারও সঙ্গে তাদের তুলনা করা হলে বা অন্যদের বেশি ভালো বলা হলে তারা খুব হীনম্মন্যতায় ভোগে। তবে আমাদের অভিভাবকদের এ বিষয়টি জানা নেই বলে তাঁরা মনে করেন, এটি করলে বোধহয় তাঁদের সন্তানেরা নিজেকে আরও শুধরে নেওয়ার চেষ্টা করবে। পরিবারের যে গোপন কথাগুলো তুমি জেনেছ এবং তা থেকে তোমার কষ্ট হচ্ছে, নিজেকে প্রস্তুত করে সেটি একসময় অন্তত তোমার মায়ের কাছে প্রকাশ করো। পরিবারের মানুষদের যত দূরেরই মনে হোক না কেন, আমাদের বিপদের সময় কিন্তু একমাত্র তাঁরাই সাহায্যের হাত বাড়িয়ে দেন—এ কথাটি মনে রেখো। তুমি নিজের মধ্যে আবেগ চেপে রাখো বলে অন্যেরা ভাবছে তুমি অনুভূতিহীন। আসলে তুমি ঠিক এর উল্টো। কাজেই মাঝে মাঝে নিজের রাগ, কষ্ট, হতাশা যদি প্রকাশ করো, তাহলে তোমারই উপকার হবে। তুমি যদি আবেগগুলো কিছুটা নিয়ন্ত্রণে রেখে নিজের মনকে তুলে ধরো, তাহলে তোমাকে বুঝতে তাঁদের সুবিধা হবে। তুমি লিখেছ, তোমার পক্ষে কাউন্সেলিংয়ের সাহায্য নেওয়া সম্ভব নয়। আমি তোমাকে অনুরোধ করব, ক্রিয়া নামের সংস্থায় (ফোন: ৮১১৫৮৮৭, ০১১৯০৮৭৭৭৭২) ফোন করে মেন্টাল হেলথ কো-অর্ডিনেটরের সঙ্গে কথা বলতে। তিনি হয়তো টেলিফোনে তোমাকে কিছুটা সাহায্য করতে চেষ্টা করবেন।