মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন।—বি. স.সমস্যা: আমার বয়স ২৩ বছর। আমি মা-বাবার পাঁচ সন্তানের মধ্যে একমাত্র পুত্রসন্তান। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কলেজে অনার্স তৃতীয় বর্ষে পড়াশোনা করছি। আমার বাবা খুব ধর্মভীরু হওয়া সত্ত্বেও তাঁর প্রচণ্ড রাগ। কিছু কিছু সময় অসামাজিকও বটে! এ কারণে আমাকে তিনি কারও সঙ্গে মিশতে দিতে চাইতেন না। এমনকি কোনো খেলাধুলাও করতে দিতেন না। ফলে ছোটবেলা থেকে লোকজনের প্রতি আমার একটা ভীতির সৃষ্টি হয়। কারও সঙ্গে খোলামেলা কথা বলতে ও মিশতে পারতাম না। এমনকি বন্ধু-বান্ধবদের মধ্যেও বিব্রত হতাম এবং নিজেকে ছোট মনে করতাম। গ্রামের স্কুল থেকে এসএসসি পাসের পর শহরে এসে কলেজে ভর্তি হয়ে এ সমস্যা ভালো করে বুঝতে পারি। ২০০৬ সালে সর্বপ্রথম মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাই এবং প্রায় চার বছর বিভিন্ন অ্যান্টিডিপ্রেশন ওষুধ খাই। তাতে তেমন কাজ না হলে ২০১০ সালের মাঝামাঝি ঢাকায় এসে ‘এনআইএমএইচ’ থেকে ওষুধ ও সাইকোথেরাপি নিতে শুরু করি। প্রথম দিকে কিছুটা উন্নতি হলেও বর্তমানে সামান্য কারণে খুব ভেঙে পড়ি, হতাশা ও বিষণ্নতায় ভুগি। সবার সঙ্গে মিশছি, কথা বলছি, গুছিয়ে কাজ করছি, স্টুডেন্টকে ভালোমতো পড়াচ্ছি—হঠাৎ কী মনে এল, আর আমার সবকিছু ওলট-পালট হয়ে যায়। তখন নিজের আবেগ ও আচরণের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। যে কারও সঙ্গে কথা বলতে বিব্রত বোধ করি, ছাত্রদের ওপর প্রচণ্ড রেগে যাই। ফলে তারাও দুর্ব্যবহার করে এবং প্রচণ্ড মানসিক অশান্তিতে থাকি। মাঝেমধ্যে বোকার মতো কথা বলি ও আচরণ করি। উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি হওয়ায় এ ব্যাপারে বিব্রত হই। বন্ধুরা ছুটিতে বাড়ি এলে তাদের এড়িয়ে চলি। যে কারণে মন খারাপ হয়। থেরাপিস্ট সংকটের কারণে ইনডিভিজুয়ালি কারও সঙ্গে বসতে পারছি না। আর গ্রুপ থেরাপি আমার ভালো লাগে না। তা ছাড়া পরিবারে আমার সমস্যা বোঝার মতোও কেউ নেই। বড়ির আর্থিক-অবস্থা খারাপ হওয়ায় তাদের জন্য কিছু করতে পারছি না বলে জীবনের প্রতি বিতৃষ্ণা হয়। দীর্ঘদিন ধরে মনের জানালায় আপনার দেওয়া পরামর্শগুলো পড়ি। তাই আমার ব্যাপারটাও আপনার কাছে তুলে ধরলাম। শেষ করার আগে আরেকটা কথা, নতুন একটি টিউশনির প্রস্তাব পেয়েছি। কিন্তু শুরু করতে ভয় পাচ্ছি। বন্ধুদের উন্নতিতে নিজেকে ছোট মনে হয়, আর নিজের অর্জনকে ছোট ও ক্ষীণ মনে হয়।নাম প্রকাশে অনিচ্ছুকঢাকা। পরামর্শ: তোমার সমস্যাগুলো যেহেতু বহুদিন ধরেই চলছে এবং তুমি চিকিৎসা নিয়েও উপসর্গগুলো থেকে মুক্তি পাওনি, মনে হচ্ছে, তোমাকে বেশ কিছুদিন ইনডিভিজুয়্যাল থেরাপি নিতে হবে। তুমি এত কষ্টের মধ্যে থেকেও সম্পূর্ণ নিজের উদ্যোগে যে এত দিন চিকিৎসা নিয়েছ এবং লেখাপড়ায়ও অনেকটা অগ্রগতি লাভ করেছ সেটা খুবই প্রশংসার দাবি রাখে। তুমি ঠিকই লিখেছ যে গ্রুপ থেরাপির মাধ্যমে সব ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। তোমার বাবার কথা শুনে মনে হচ্ছে, তিনিও হয়তো বেশ মানসিক সমস্যার ভেতরে ছিলেন এবং মানুষের প্রতি তাঁর অনেক অবিশ্বাস ছিল। তিনি হয়তো কোনো চিকিৎসা নেননি এবং সে কারণেই তাঁর নেতিবাচক আচরণগুলোর প্রভাব তোমার ওপরও পড়েছে। আসলে আমাদের দেশে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা এবং এর যথাযথ চিকিৎসারও খুব অভাব রয়েছে। তোমার বাবা যখন কষ্ট পেয়েছেন, তখন তাঁর অভিভাবকেরাও সেটি বুঝতে পারেননি এবং তাঁর কোনো চিকিৎসাও হয়নি। তুমি বাবার ওপর কোনো ক্ষোভ রেখো না। নিজের ভালো ভালো গুণের জন্য সব সময় নিজের ইতিবাচক মূল্যায়ন করো। যখন কারও সঙ্গে দুর্ব্যবহার করে ফেলবে, তখন নিজেকে বলো, ‘আমি ইচ্ছা করে এটা করিনি, মনের ওপর নিয়ন্ত্রণের অভাবে এটি করেছি।’ এ ছাড়া তুমি যদি কিছুদিন নিয়মিত কোনো ক্লিনিক্যাল সাইকোথেরাপিস্টের কাছ থেকে কাউন্সেলিং বা থেরাপির সাহায্য নাও, তাহলে অনেকটাই ভালো থাকতে পারবে। দোয়া রইল।