মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন।—বি. স.সমস্যা: আমি স্নাতক প্রথম বর্ষে পড়ছি। আমার কিছু অস্বাভাবিক আচরণ আমাকে ভীষণ কষ্ট দেয়। আমি ধারাবাহিকভাবে বুঝে-শুনে কাজ করি না, অপ্রাসঙ্গিক কথা বলি। খেয়ালের বশে কাজ করি এবং যখন কাজ করি, তখন মনে হয় সব করে ফেলি। ফলে কোনো কাজই আমি সুন্দর ও সঠিকভাবে করতে পারি না। আমি মনের কথাগুলো, উপলব্ধিগুলো ঠিকমতো প্রকাশ করতে পারি না। বলতে চাই একটা, বলে ফেলি আরেকটা। যেকোনো কাজ করতে ভয় লাগে, নার্ভাস হয়ে যাই। প্রচণ্ড দ্বিধা-দ্বন্দ্ব কাজ করে। ফলে নিজের মতো কাজ করা ও নিজের মতামত প্রকাশ করা হয় না। করব করব করে কোনো কাজই আর করা হয় না। মানুষকে খুব বেশি ভয় পাই। কাউকে মনের কথা প্রকাশ করতে ভয় হয়। সবার সঙ্গে মিশতে ইচ্ছে করে, সাহায্য করতে ইচ্ছে করে, উপহার দিতে ইচ্ছে করে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে ইচ্ছা করে; কিন্তু ভুল হচ্ছে, ভালো হচ্ছে না—এই ধারণা আমাকে দমিয়ে রাখে। কেন যেন মনে হয়, আমার সঙ্গে যে মিশবে এবং আমাকে বন্ধু ভাববে, সে অপমানিত হবে এবং লজ্জা পাবে। তাই নিজেকে লুকিয়ে রাখতে চেষ্টা করি, গুটিয়ে রাখতে চেষ্টা করি। লুকিয়ে কাজ করতে ভালো লাগে। যতই বিরক্ত হই, প্রকাশ করতে ভয় হয়। মনের এত সব জটিলতা থেকে মুক্তি চাই। মুক্ত বিশ্বাস ও প্রশান্তি চাই। কী করব আমি?তানিয়াচট্টগ্রাম পরামর্শ: তোমার আত্ম-অনুসন্ধানের মাধ্যমে বেরিয়ে আসা উপলব্ধিগুলো পড়ে মনে হচ্ছে, তুমি নিজেকে প্রতিনিয়ত অতিরিক্ত অবমূল্যায়ন করছো। নিজের ভেতরের জগৎটা দেখা এবং দুর্বল জায়গাগুলো নিয়ে সচেতন হয়ে সেগুলোর উন্নয়ন ঘটানোর অবশ্যই প্রয়োজন রয়েছে। তবে সেই সঙ্গে নিজের সবল ও ইতিবাচক দিকগুলো চিহ্নিত করে সেগুলোর যথাযথ মূল্যায়নের প্রয়োজনও রয়েছে। সেটিও একই সঙ্গে না করলে আমাদের আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাবোধের খুব অভাব ঘটে এবং আমাদের চারপাশের মানুষকে নিজের তুলনায় অনেক বেশি সবল ও সক্ষম মনে হয়। এতে বিষণ্নতা ও হতাশার ভেতর দিয়ে জীবন কাটতে থাকে। মনে হচ্ছে, শৈশব ও কৈশোরে তোমার ভালো গুণাবলির জন্য প্রশংসা করা হয়নি এবং যখন কিছু অর্জন করেছ, সেটিকে স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যতে আরও ভালো করার জন্য উৎসাহিত করা হয়নি। এ কারণেই হয়তো তুমি নিজের মতামত প্রকাশে বা কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে নিশ্চিত হতে পারছো না। তবে ইতিবাচক বিষয়টি হচ্ছে, তুমি তোমার সমস্যাগুলো সুন্দরভাবে শুধু চিহ্নিতই করেছ তা নয়, চিঠির মাধ্যমে খুব গুছিয়ে উপস্থাপনও করেছ। এখন যেহেতু তুমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ এবং নিজের মানসিক অবস্থার ব্যাপারে অত্যন্ত সচেতন, মানসিক স্বাস্থ্য কাউন্সেলিংয়ের সেবা নিলে কিন্তু খুব ভালো হয়। সেই সঙ্গে প্রতিদিন একটি ছোট নোটবুকে দুটি করে নিজের ভালো গুণ লিখতে থাকো। তোমার জীবনে যে ছোট-বড় সফলতার গল্প রয়েছে, সেগুলোও নোটবইয়ের অন্য পাতায় লিখবে। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজেকে নিজের নাম ধরে সম্বোধন করে বলবে, ‘আমি তোমাকে ভালোবাসি এবং অত্যন্ত শ্রদ্ধা করি।’ চিঠির জন্য অনেক ধন্যবাদ।