মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন।—বি. স.সমস্যা: আমার বয়স ২১ বছর। সম্মান তৃতীয় বর্ষে পড়ছি। আমার মধ্যে আত্মবিশ্বাসের যথেষ্ট অভাব আছে, যার জন্য আমি কোনো কিছুই ভালোভাবে করতে পারি না। অযথাই অনেক বেশি চিন্তা করি। উল্টাপাল্টা চিন্তা মাথায় আসে। ক্লাসে শিক্ষকেরা পড়া বোঝানোর সময় হঠা ৎ করেই মনোযোগ হারিয়ে ফেলি। তখন বুঝতে পারি না যে শিক্ষক কী বোঝাচ্ছেন। আমি সব সময় পরীক্ষার হলে নার্ভাস বোধ করি, যার জন্য আমি পরীক্ষায় বেশি ভালো করতে পারি না। অথচ আমার পড়াগুলো ভালোভাবেই তৈরি থাকে। আমি এ পর্যন্ত খুব কম পরীক্ষাতেই আশানুরূপ ফল করতে পেরেছি। এ ছাড়া আমি চরমভাবে সিদ্ধান্তহীনতায় ভুগি। কখন কী করা উচিত বুঝতে পারি না। কোনো কিছু খারাপ হলে নিজেকে দোষী মনে হয়। আমি ভেতরে ভেতরে কেমন সেটা বাইরে প্রকাশ করতে পারি না। এ জন্য মনে হয় আমার মনমতো বন্ধুই নেই। আমি যত না লাজুক, বাইরে তার চেয়ে বেশি লাজুক ভাব প্রকাশ পায়। আমি কারও সঙ্গেই কথা ভালোভাবে চালিয়ে যেতে পারি না। এ জন্য কেউ আমার সঙ্গে কথা বলে মজা পায় না। কিন্তু আমি যথেষ্ট বন্ধুসুলভ। আমি অনেক চেষ্টা করেছি এই সমস্যাগুলো দূর করতে। কিন্তু ব্যর্থ হয়েছি। এখন আমি কী করব? নাম প্রকাশে অনিচ্ছুকপরামর্শ: তোমার চিঠির সবচেয়ে ইতিবাচক দিক, তুমি স্পষ্টভাবে, খুব গুছিয়ে তোমার অসুবিধাগুলো তুলে ধরেছ। মানসিক স্বাস্থ্যসেবার মাধ্যমে তারাই সবচেয়ে বেশি উপকৃত হয়, যাদের মধ্যে এ ধরনের সচেতনতা আছে। মনে হচ্ছে, তোমার মধ্যে দুশ্চিন্তা, বিষণ্নতা এবং সামাজিক ভীতি কাজ করছে। তবে এর কোনোটির জন্যই তুমি দায়ী নও। তা ছাড়া তুমি আন্তরিকভাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের যা করা উচিত, ঠিক সেভাবেই এ সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করছ। ক্লাসে শিক্ষকের পাঠদানে মনোযোগ হারানোর কারণ হচ্ছে, তুমি ইচ্ছার বিরুদ্ধে অন্য ভাবনা নিয়ে মগ্ন হয়ে যাচ্ছ। আমাদের দেশের শিশুরা বেশ নেতিবাচক একটি পরিবেশে বড় হয় বলে তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকে। তোমার মতো অনেকেরই জীবনে এ ধরনের অসুবিধাগুলো আছে, কিন্তু তারা সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য উদ্যোগী হচ্ছে না। তুমি যেহেতু সচেতন হয়ে চিঠি লিখে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছ, আমার অনুরোধ থাকবে, তুমি এর জন্য কিছুদিন সাইকোথেরাপি বা মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং সেবা নাও। দেখবে নিজের ওপর আস্থা তৈরি হবে। নিজের প্রতি ভালোবাসা, মমতা, শ্রদ্ধার একটি জায়গাও তৈরি হবে। চিঠির জন্য ধন্যবাদ।সমস্যা: আমি স্নাতক ফাইনাল পরীক্ষা শেষ করে একটি প্রতিষ্ঠানে হিসাব শাখায় চাকরি করি। আমার সমস্যা হলো, আমি যখন কোনো চেক লিখি, আমার হাত কাঁপতে থাকে। ফলে চেক বাতিল হয়ে যায়। আমার পাশে যদি কেউ থাকে তাহলে এ সমস্যা হয়। আর যদি আমি একা একা লিখি, তখন সমস্যা হয় না। ছাত্রজীবনে অনেক ক্ষেত্রে স্বাক্ষর করার সময় এমন হতো। দ্বিতীয় সমস্যা হলো, কোথাও গেলে আমার রুম ও ক্যাশবাক্সে তালা আছে কি না বারবার দেখতে হয়। লক করা থাকলেও আমার মনে হয় লক করিনি। নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলি। কোথাও গান গাইতে বললে গলা ধরে আসে, যদিও আমি ভালো গান জানি। এ অবস্থায় করণীয় কী?জাকারিয়া সুমন হাজীগঞ্জ, চাঁদপুরপরামর্শ: স্বাক্ষর করা বা চেক লেখার সময় তোমার হাত কাঁপার পেছনে কোনো নেগেটিভ কন্ডিশনিং বা অ্যাসোসিয়েশনের ব্যাপার থাকতে পারে। এর অর্থ হচ্ছে, জীবনের যেসব অভিজ্ঞতার সঙ্গে আমাদের খুব বেশি নেতিবাচক অনুভূতি জড়িয়ে থাকে, সেগুলো অবচেতন মনে গিয়ে স্থান নেয়। পরবর্তীকালে অতীতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো ঘটনা ঘটলে আবার সেই অনুভূতিটি একইভাবে ফিরে আসে। মজার ব্যাপার হচ্ছে, আমরা কিন্তু বুঝতে পারি না আমাদের কেন এ ধরনের ভয়, দুশ্চিন্তা বা বিষণ্নতা কাজ করছে। তুমি চেক লেখার সময় বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে আগে তৈরি করে নেবে। যদি মনে মনে ‘রিলাক্স’ শব্দটি বারবার উচ্চারণ করো, তাহলেও উপকার পাবে। তবে তোমার দ্বিতীয় সমস্যাটির জন্য সাইকোথেরাপির সাহায্য নেওয়া প্রয়োজন। যদি ঢাকায় এসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগে বা ঢাকা কমিউনিটি হাসপাতালে কিছুদিন সাইকোথেরাপি নাও, তাহলে খুব উপকৃত হবে। তোমার সামাজিক ভীতির ব্যাপারেও কাউন্সেলর বা সাইকোথেরাপিস্ট খুব ভালোভাবে সাহায্য করতে পারবেন। আশা করি, এই উদ্যোগটি নিয়ে তুমি জীবনে আরও সফল মানুষ হওয়ার প্রয়াস পাবে। শুভ কামনা রইল।