মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন।স্থান স্বল্পতার কারণে সবগুলো চিঠির উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা দুঃখিত। —বি. স.সমস্যাআমি দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি। আমার বিশ্ববিদ্যালয়ের ফল মোটামুটি ভালো এবং যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি এখানেও ভালোই সম্মানের সঙ্গে শিক্ষকতা করছি। আমি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যমে পড়েছি এবং এখানেও ইংরেজি মাধ্যমে পড়াই। কিন্তু আমার সমস্যা হচ্ছে, ইংরেজি ও বাংলা উভয় ক্ষেত্রেই (বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে) লেখার সময় অনেক বানান ভুল হয়। আমি বানান যে জানি না, তা নয়। দেখা যায় আমি অবচেতন মনেই বানান ভুল লিখছি অথবা একটা সহজ বানান, যেটা আমি হয়তো এক শ বার সঠিকভাবে লিখেছি কিন্তু এক শ একতম বারে লেখার সময় দ্বিধায় পড়ে যাচ্ছি—ওই শব্দের বানান সম্বন্ধে। এ কারণে বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় আমাকে অনেক সময় বিব্রতকর অবস্থার সম্মুখীন হতে হয়েছে। আমাকে কেউ কিছু লিখতে বললে আমি এড়িয়ে যেতে চাই। এটা কি আমার মানসিক কোনো সমস্যা?নাম প্রকাশে অনিচ্ছুকপরামর্শ: তুমি যে সমস্যাটি নিয়ে অত্যন্ত সচেতন, সেটি সত্যিই ইতিবাচক। তবে বানান-বিভ্রাটের মধ্যে থেকেও তুমি এমবিএ শেষ করে আবার শিক্ষকতার পেশায় নিয়োজিত রয়েছ, শুনে মনে হচ্ছে, তুমি আন্তরিকভাবে উদ্যোগ নিলে অবশ্যই বিষয়টি থেকে বেরিয়ে আসতে পারবে। তোমার চিঠি পড়ে মনে হচ্ছে না যে তুমি ‘লার্নিং ডিসঅ্যাবিলিটি’ বা ‘ডিসল্যাক্সিয়া’য় ভুগছ। তবে তোমার প্রত্যক্ষণ ও দৃষ্টিশক্তির সমন্বয়ে কিছুটা অভাব ঘটে বলে মনে হয়। শিশু-বয়স থেকেই তোমাকে এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে কি না, জানতে পারলে ভালো হতো। সাধারণত মেয়েদের তুলনায় ছেলেরা ভাষাগত দক্ষতা অর্জনে কিছুটা পিছিয়ে থাকে। তুমি বাক্যের প্রতিটি অক্ষরের উচ্চারণ সঠিকভাবে করে সেটি অডিও রেকর্ড করে পরবর্তী সময়ে কয়েকবার শুনতে পারো। এতে করে অক্ষর ও ধ্বনির মধ্যকার সম্পর্কটি তোমার শ্রবণেন্দ্রিয়তে পরিষ্কার হবে। যাদের উচ্চারণ খুব শুদ্ধ হয়, তেমন মানুষের কথা রেকর্ড করেও তুমি পরবর্তী সময়ে শুনতে পারো। এ ছাড়া ইংরেজি ভাষায় আরও দক্ষতা বাড়ানোর জন্য তুমি ইংরেজি সাবটাইটেলসহ যে ছবিগুলো রয়েছে, সেগুলো দেখতে পারো। ইংরেজি ছবি দেখা, গান ও কবিতা আবৃত্তি, সংবাদ শোনার মাধ্যমেও তুমি তোমার শব্দভান্ডার সমৃদ্ধ করতে পারো। তবে তুমি যদি এ ব্যাপারে সাফল্য অর্জন করতে না পারায় দীর্ঘদিন ধরে হতাশা বয়ে বেড়াচ্ছ বলে মনে করো তাহলে আত্মবিশ্বাস অর্জনের জন্য কাউন্সেলিং বা সাইকোথেরাপির সাহায্য নাও। একবার আত্মবিশ্বাস তৈরি হয়ে গেলে তুমি বিষয়টিকে আর বড় কোনো চ্যালেঞ্জ হিসেবেও দেখবে না। আমার মনে হচ্ছে না, ওষুধ দিয়ে তোমার চিকিৎসা করার প্রয়োজন রয়েছে। সাইকোথেরাপিই তোমাকে সহায়তা করবে। শুভকামনা রইল।সমস্যা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়ছি। আমার মাথায় অনেক চুল ছিল। চুলের স্টাইলও ছিল খুব সুন্দর। কিন্তু ১৪ বছর যাবৎ চুল পড়ছে। ইদানীং মাথা বেশ ফাঁকা হয়ে গেছে। চুলের জন্য অনেক কিছু করেছি। কিন্তু লাভ হয়নি। অবশেষে আকুপ্রেসারের চিকিৎসা নিচ্ছি। এতে মোটামুটি সফল। আশা করি, আগামী পাঁচ মাসে চুল নতুন করে গজাবে।কিছুদিন আগে এক বোনের মাধ্যমে ইডেনের এক মেয়ের সঙ্গে পরিচয় হয়। তাকে আমার বেশ পছন্দ। সে আমাকে সব দিক দিয়েই পছন্দ করে। তবে চুল পড়াকে সে মেনে নিতে পারছে না। এটা তার জন্য বড় সমস্যা। আমি তাকে বুঝিয়েছি—আজকাল চুল পড়ার চিকিৎসা আছে। লেজারের মাধ্যমে চুলের চিকিৎসা হয় অথবা অপারেশন করে চুলের প্রতিস্থাপন সম্ভব। সে বিশ্বাস করে না। বলে, তাহলে বড়লোকদের মাথায় টাক কেন? আমি তাকে বোঝাতে পারছি না যে এ চিকিৎসা বাংলাদেশেও সম্ভব। টাকার সমস্যায় প্রতিস্থাপন করাতে পারছি না। ম্যাডাম, চুল পাতলা হলে কি ভালোবাসা হালকা হয়?আলমগীরঢাকা বিশ্ববিদ্যালয়।পরামর্শ: চুল পড়ার বিষয়টি অবশ্যই একটা সাধারণ সমস্যা। এটা নিয়ে আমরা যদি সারাক্ষণ দুশ্চিন্তাগ্রস্ত থাকি বা অবশেসনে ভুগি, তাহলে জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত ঘটে। অনেক সময় আমাদের সমস্যাগুলো সমাধানের বিভিন্ন ধরনের মতামত বা উপায় শোনার পর তাতে আমরা প্রভাবিত হই। বিচিত্র ‘এক্সপেরিমেন্ট’ করতে গিয়ে হিতে বিপরীতও হয়। অবশ্য তুমি যে শেষ পর্যন্ত আকুপ্রেসারের সহায়তা নিয়ে আশাবাদী হয়েছ, সেটি স্বস্তিদায়ক। তোমার প্রেমের সম্পর্কে চুল পড়ে যাওয়ার ব্যাপারটি বাধা সৃষ্টি করছে জেনে আমার মনে হচ্ছে, মেয়েটি সম্পর্কটির ব্যাপারে সত্যিই আন্তরিক কি না। কারণ, একটি সম্পর্কের প্রাথমিক পর্যায়ে বাইরের অবয়ব কিছুটা ভূমিকা রাখলেও পরবর্তী সময়ে আমাদের পরস্পরের ব্যক্তিত্বই সেখানে মুখ্য হওয়া উচিত। দুজনেই দুজনের ব্যক্তিত্বের সৌন্দর্যের প্রতি আকর্ষিত হতে পারলে সেই সম্পর্কটি অনেক বেশি দৃঢ় হয়। তখন পরস্পরের দুর্বল দিকগুলোর প্রতি আমরা অনেক কম গুরুত্ব দিই। তুমি মেয়েটিকে জিজ্ঞেস করো, তোমার মাথায় যদি কোনো সময় একটিও চুল না থাকে, তাহলেও সে তোমার সঙ্গে থাকবে কি না বা তোমার বাইরের অবয়বটিকে সে শর্তহীনভাবে মেনে নেবে কি না। তুমিও চিন্তা করে দেখতে পারো, মেয়েটির চেহারায় কোনো নেতিবাচক পরিবর্তন এলে তুমি সেটিকে কীভাবে গ্রহণ করবে। তুমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছ, আমার সুপারিশ হবে, তুমি টিএসসিতে গিয়ে সাইকোথেরাপি বা কাউন্সেলিংয়ের সাহায্য নাও।