মনের জানালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন। স্থানস্বল্পতার কারণে সব চিঠির উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা দুঃখিত। —বি. স. সমস্যা: আমাদের পাশের বাড়ির তিনজন লোক কয়েক দিনের ব্যবধানে মারা যায়। আমার ঘরে আমি একা ঘুমাতাম। তৃতীয় লোকটি মারা যায় অ্যাক্সিডেন্ট করে এবং তার মৃত্যুর খবর পাই ভোরের দিকে। খবর পাওয়ার পর আমার মাথা ঘুরতে থাকে, মাথা জ্বালাপোড়া করতে থাকে। এরপর থেকে সব সময় মন অস্থির থাকত। মনে হতো, এই বুঝি মরে গেলাম। রাতে ভয়ে ঘর থেকে একা বের হতে পারতাম না। ঘটনার তিন মাস পর আমার চাকরি হয় বরিশালে। বরিশালেও রাতে একা থাকতে খুবই ভয় করত। ওই সময় আমি বরিশালে স্নায়বিক মানসিক রোগের চিকিৎসকের পরামর্শ নিই। চার বছর চিকিৎসায় তেমন কোনো উপকার না পেয়ে ঢাকায় মনোরোগের ডাক্তার দেখাই। ওনার কাছে প্রায় দুই বছর চিকিৎসা নিচ্ছি। প্রথম দিকে ভালো বোধ করেছিলাম। এখন আবার সবকিছুতেই কেমন যেন ভয় ভয় লাগে। বর্তমানে শক্তিহীনতায় ভুগছি, দাঁড়িয়ে থাকতে পারি না, এমনকি বসে থাকতেও কষ্ট হয়। বিয়ে করেছি তিন বছর এবং একটি ছেলেসন্তান আছে। এখনো কোনো মৃত মানুষ দেখলে, পত্রিকায় শোক সংবাদ পড়লে কিংবা মাইকে কারও মৃত্যুসংবাদ শুনলে মাথা ঘোরে, বমি বমি লাগে, দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়। মনের জানালা বিভাগটি পড়ে বিএসএমএমইউতে একজন সাইকোলজিস্টের পরামর্শ নিই। চারটি সেশন নিয়েছি, তেমন কিছুই বুঝলাম না। খুবই কষ্টে আছি।অরকিট, বরিশাল।পরামর্শ: মানসিক অসুস্থতা নিরাময় একটু সময়সাপেক্ষ ব্যাপার। তোমাকে মৃত্যুভয় সব সময় আচ্ছন্ন করে রাখছে বলে কোনো শান্তি পাচ্ছ না। এটা নিয়ে অবসেশন তৈরি হচ্ছে বলে দুশ্চিন্তা থেকে মুক্তি ঘটছে না। বিএসএমএমইউতে তোমাকে কোনো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সাইকোথেরাপি দিয়েছেন কি না বুঝতে পারলাম না। তাঁদের কারও কাছ থেকে বেশ কয়েকটি সেশন নেওয়ার প্রয়োজন ছিল। কমপক্ষে ২০টি সেশন নিলে তুমি হয়তো উপকৃত হতে পারতে। যদি সম্ভব হয়, তাহলে আবার গিয়ে নিশ্চিত করতে চেষ্টা করো যে তোমাকে যেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সাইকোথেরাপি দেন, কেমন? তোমার বর্তমান উপসর্গগুলো নিয়ে তাঁর সঙ্গে বিস্তারিত আলোচনা কর। তিনি হয়তো তোমার ওষুধগুলো আবার রিভিউ করানোর জন্য বলতে পারেন। সমস্যা: আমি দ্বাদশ শ্রেণীতে পড়ি। আমার বড় বোন বাবা-মায়ের অমতে বিয়ে করায় তাঁরা অনেক আঘাত পান এবং এর প্রভাব পড়ে আমার ওপর। প্রথমত, এর ফলে আমাকেই তাঁরা পরিবারের একমাত্র আশা-আকাঙ্ক্ষার প্রতীক মনে করেন এবং দ্বিতীয়ত, তাঁরা আমাকে অনেক সন্দেহ করেন। এতে আমার মধ্যে জেদ চেপে যায় এবং আমি হয়তো বা ভুলবশত অথবা নিজের অজান্তেই তাঁদের সন্দেহ করার মতো কিছু অন্যায় করে ফেলি। আমার মনে হতো, কিছু না করেই তাঁরা আমাকে যখন সন্দেহ করছেন, তখন আমি কিছু করব না কেন? ফলে আমি বেশ কয়েকবার ধরা পড়ে যাই এবং বর্তমানে আমাকে আমার পরিবার একবিন্দুও বিশ্বাস করে না। তাঁরা মনে করেন, আমি যেকোনো সময় প্রেম করে পালিয়ে বিয়ে করব। অথচ আমি কখনোই এমনটা ভাবি না। প্রচণ্ড সন্দেহের কারণে তাঁরা আমাকে মুঠোফোনও ব্যবহার করতে দেন না, যার কারণে আমি বন্ধুদের কাছে অপমানিত হই। আমি জানি, তাঁরা সবাই আমাকে ভালোবাসেন; কিন্তু কেউ আমার মনকে বোঝেন না বা বুঝতে চান না। আমাকে পুরোপুরি বোঝেন এমন একজনই আছেন আর তিনি হলেন আমার মামণি (গর্ভধারিণী মা নয়, তবে আমি তাঁকে আমার মায়ের মতোই ভালোবাসি, মামণিও আমাকে তাঁর মেয়ের মতো ভালোবাসেন)। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো, আমার পরিবার আমাকে মামণির সঙ্গে যোগাযোগ করতে দেয় না। দুই পরিবারের ভুল-বোঝাবুঝির কারণে মামণির সঙ্গে আমার পরিবারের অনেক বড় সমস্যা হয়ে যায়। আর এতে সবচেয়ে বেশি কষ্টে আছি আমি। আমি গোপনেও মামণির সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু পারিনি। মামণির সঙ্গে যোগাযোগ রাখলে আমার পরিবার আমাকে বাসা থেকে বের করে দিতে চায়। নন্দিতা, ঢাকা।পরামর্শ: খুব গুছিয়ে লেখা তোমার সুন্দর চিঠির জন্য ধন্যবাদ। একটা বিষয়ে তুমি নিশ্চিত থাকতে পারো যে তোমাকে নিয়ে তাঁদের সন্দেহ শুধু তোমার আচরণের জন্য হচ্ছে না। এটি তাঁদের মনের নিরাপত্তাহীনতার কারণেই বেশি হচ্ছে। তাঁরা একেবারেই বুঝতে পারছেন না যে সন্তানদের বিশ্বাস করলেই বরং তাঁরা সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করার জন্য বেশি তৎপর থাকে। তোমাকে যে সবাই তাঁদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে দেখছেন এটিও তোমার মানসিক চাপের কারণে হচ্ছে। তুমি তাঁদের প্রতি শ্রদ্ধা রেখে রাগ না করে সুন্দরভাবে বলতে চেষ্টা করো যে তোমার কাছে অতিরিক্ত প্রত্যাশা যেন তাঁরা না করেন, তুমি অবশ্যই সামর্থ্য অনুযায়ী তোমার অর্জনগুলো নিশ্চিত করবে। তবে তোমার কাছে আমার অনুরোধ, জেদ করে এমন কিছু করো না, যা পরে তোমার নিজের প্রতি শ্রদ্ধা ধরে রাখতে বাধার সৃষ্টি করবে। যে যা-ই বলুক না কেন, তুমি যেন সব সময় নিজেকে সম্মান করতে পারো এবং সততা বজায় রাখতে পারো সেই লক্ষ্যে নিজেকে তৈরি করতে থাকো। নিজের বিবেকের কাছে কখনো পরাজিত হবে না, কেমন? তোমার মামণিকে বলবে, তিনি যেন দূর থেকে তোমার জন্য শুভকামনা করেন। এখন তো পরিবারের বিরুদ্ধে গিয়ে তাঁর কাছে যাওয়া সম্ভব হচ্ছে না। তুমি যখন নিজের পায়ে দাঁড়াবে, তখন তাঁকে তাঁর প্রাপ্য সেবাটুকু দিও। তত দিনে তোমার পরিবারের সদস্যরাও হয়তো তাঁদের ভুল বুঝতে পারবেন।