মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন। স্থানস্বল্পতার কারণে সব চিঠির উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা দুঃখিত। —বি. স.সমস্যাআমি বিশ্ববিদ্যালয়ে পড়ি। বয়স ২২ বছর। আমি প্রচণ্ড রকমের স্বল্পভাষী। সে জন্য খুব বেশি মানুষের সঙ্গে আমার সখ্য গড়ে ওঠে না। এটা আমার বন্ধুদের ক্ষেত্রেও হয়। অনেকে আমাকে বলে, এটা নাকি আমার ভবিষ্যৎ জীবনে খারাপ প্রভাব ফেলবে। সে জন্য তারা আমাকে বেশি বেশি কথা বলার উপদেশ দেয়।নাম প্রকাশে অনিচ্ছুকপরামর্শমনোবিজ্ঞানীরা তাঁদের গবেষণার মাধ্যমে মানুষের ব্যক্তিত্বের ধরনগুলোকে বিভিন্নভাবে ভাগ করেছেন। একজন গবেষকের মতে, মানুষের ব্যক্তিত্ব তিন ধরনের হতে পারে, আর এগুলো হচ্ছে: অন্তর্মুখী, বহির্মুখী এবং এই দুটোর সমন্বয়। ৬৮ শতাংশ মানুষ তৃতীয় ধরনটির ভেতরে পড়ে এবং এদের বৈশিষ্ট্য হচ্ছে, এরা অতিরিক্ত কথা বলে না বা একেবারে নিজের একটি জগৎ তৈরি করে সেখানে স্বস্তির জায়গাটি খুঁজতে চেষ্টা করে না। যারা বহির্মুখী, তারা নিজেকে খুব প্রকাশ করে, সামাজিক পরিবেশে খুব আনন্দিত থাকে এবং অনেক সময় অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে একটি দলীয় আলোচনায় যথেষ্ট না ভেবেই কিছু একটা মন্তব্য করে বসে। আর যারা অন্তর্মুখী, তারা স্বল্পভাষী হয়, সামাজিক পরিবেশে উপস্থিত থাকলেও চট করে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যের সঙ্গে ভাববিনিময়ে খুব একটা উৎসাহ বোধ করে না। তবে তারা কিন্তু লাজুক নয়, আসলে তারা নিজের জগতে থাকতেই বেশি পছন্দ করে। তারা যখন কথা বলে, তখন অল্প কথার মধ্যেও বিষয়বস্তু ভালোভাবে তুলে ধরতে সক্ষম হয়। তোমার চিঠি পড়ে মনে হচ্ছে, তোমার মধ্যে অন্তর্মুখী ব্যক্তিত্বের বৈশিষ্ট্য রয়েছে। তবে আমি বলব, তুমি ইন্টারনেটের সাহায্য নিয়ে এক্সট্রাভার্ট এবং ইনট্রোভার্টদের সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করে নিজের ব্যক্তিত্বের ধরনটি সম্পর্কে আরও নিশ্চিত হও। তোমার বন্ধুরা যে বলছে ভবিষ্যতে এর জন্য খারাপ প্রভাব পড়বে, এই কথায় বিচলিত না হয়ে তুমি নিজেই বুঝতে চেষ্টা করো, এই বৈশিষ্ট্য তোমার জীবনে কোনো অসুবিধা সৃষ্টি করছে কি না, বা ভবিষ্যতে করতে পারে কি না। অর্থাৎ, তুমি যে কথাগুলো যেখানে বলা প্রয়োজন, সেগুলো বলা থেকে নিজেকে বিরত রাখছ কি না, যার ফলে তুমি তোমার অধিকার থেকে বঞ্চিত হচ্ছ বা তোমার আকাঙ্ক্ষাগুলো অপূর্ণ থাকছে। সেটি যদি হয়, তাহলে হয়তো তোমাকে আরও সচেতন হয়ে সামাজিক দক্ষতা বাড়াতে হবে নিজের ভবিষ্যৎ আরও বেশি অর্থপূর্ণ করার জন্য। কারও মধ্যে যদি তুমি ভালো গুণাবলি দেখতে পাও, তাহলে তাকে আন্তরিকভাবে প্রশংসা করে এবং নিঃসংকোচে নিজের চাহিদাগুলো প্রকাশ করার মাধ্যমে তুমি এ ব্যাপারে উদ্যোগগুলো নিতে শুরু করতে পারো। তুমি অবশ্যই বিশ্বাস করবে যে স্বল্পভাষী হওয়া কোনো সমস্যা নয়, তবে জীবনে চলতে গেলে অনেকের সাহায্য প্রয়োজন এবং অন্যদের সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখার জন্য যেটুকু কথা বলতেই হয়, তা তুমি অবশ্যই বলবে। সেই প্রতিজ্ঞাটি নিজের কাছে করলে এতে বরং বেশ উপকৃতই হবে। চিঠির জন্য অনেক ধন্যবাদ।সমস্যাআমি ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষে পড়ি। দুই বছরের বেশি সময় ধরে একটি মেয়ের সঙ্গে আমার সম্পর্ক। আমার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কারও আপত্তি নেই। মেয়েটির পরিবারের তার মা (বাবা নেই) আমাদের সম্পর্ক মেনে নেবেন না কোনো দিন, এটা স্পষ্ট এবং এইচএসসি পরীক্ষার পরপরই ওর বিয়ে দেবেন, তিনি এ রকম শুনিয়েছেন। ওর মা প্রভাবশালী এবং রাজনৈতিক ক্ষমতার অধিকারী। আমাদের প্রেমের কিছু প্রমাণ তাঁর কাছে আছে। উল্লেখ্য, আমরা দুজন পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি এমন যে এ ছাড়া অন্য কোনো পথ আমাদের খোলা নেই। আমরা চাইছি না, এ বয়সে এমন কাজ করতে, কিন্তু এ ছাড়া আমরা কী করতে পারি?আলোময়মনসিংহপরামর্শ তোমরা দুজনই এখন অনেক ছোট এবং হয়তো প্রাপ্তবয়স্কও হওনি। এখনো কিন্তু বিয়ে করে ঘর বাঁধার স্বপ্ন দেখার সময় হয়নি। তোমাদের দুজনকে আগে লেখাপড়া শেষ করে আত্মনির্ভরশীল হতে হবে। মেয়েটিকে বলো, সে যেন সর্বাত্মক চেষ্টা করে ওর বিয়েটা ঠেকিয়ে রাখে। ও যদি দৃঢ়প্রতিজ্ঞ হয়, তাহলে নিশ্চয়ই একটি রাস্তা খুঁজে বের করবে পরিবারকে নিরস্ত করার ক্ষেত্রে। ওর মা যার কথা একটু শোনেন, তাকে দিয়ে মাকে বলাতে হবে যে মেয়েটি এই মুহূর্তে লেখাপড়াকেই বেশি গুরুত্ব দিচ্ছে এবং একদিন তার মা তাকে নিয়ে অবশ্যই গর্ব বোধ করবেন। মায়ের অপমান হয়, এমন কোনো কাজ সে কোনো দিনও কোনো অবস্থায় করবে না, যদি তাকে বিয়ের জন্য জোর না করা হয়। এই বয়সে পালিয়ে গেলে তোমাদের দুজনের ভবিষ্যৎই অনিশ্চিত হয়ে পড়বে এবং পরবর্তী সময়ে বড়দের আশীর্বাদ এবং সব ধরনের সহায়তা থেকেও তোমরা বঞ্চিত হবে। কাজেই এখন নিজেকে শান্ত রেখে দুজন দুজনের জন্য অপেক্ষা করার প্রতিজ্ঞা নিয়ে লেখাপড়ায় মনঃসংযোগ করো। একটা কথা মনে রেখো, মা-বাবার আশীর্বাদ এবং সহযোগিতা ছাড়া সারাটা জীবন কাটানো খুব কঠিন। অনেক শুভ কামনা রইল।