মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন। স্থানস্বল্পতার কারণে সব চিঠির উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা দুঃখিত।—বি. স.সমস্যা: আমার বয়স ২৩ বছর। পদার্থবিজ্ঞান বিষয়ে দ্বিতীয় বর্ষে পড়ছি। নিজেকে খুবই ছোট, বোকা মনে হয়। কোনো কাজের দায়িত্ব নিতে ভয় পাই। মনে হয় কাজটি আমি করলে ভুল হবে। আবার অন্যের সঙ্গে কথা বলার পর মনে হয়, তাকে এ কথা বলা ঠিক হয়নি। আমার সাহস খুবই কম। মনে হয় অন্যরা আমাকে ছোট করে দেখছে। আমার ব্যবহারে তারা অসন্তুষ্ট—এসব বিষয় একা একা ভাবি। এতে আমার পড়াশোনার সমস্যা হয়।হাসান (ছদ্মনাম)পরামর্শ: ্রমনে হচ্ছে, ছোটবেলা থেকে তুমি নিজের কাজের জন্য খুব বেশি প্রশংসা পাওনি। তোমার ব্যর্থতাগুলোই বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে। হয়তো বা যারা সফল হয়েছে, তাদের সঙ্গে তোমাকে খুব বেশি তুলনা করা হয়েছে। ছেলেবেলায় বা কৈশোরে এ ধরনের অভিজ্ঞতা থাকলে সাধারণত আমাদের আত্মমর্যাদাবোধ এবং আত্মবিশ্বাস কমে যায়। তোমার সিদ্ধান্তহীনতা কিছুটা বিষণ্নতার কারণেও ঘটতে পারে। প্রতিদিন তুমি একটা নোটবুকে তোমার ভালো গুণগুলো লিখবে। ছোটবেলা থেকে এ পর্যন্ত যতগুলো ছোট-বড় অর্জন সম্ভব হয়েছে, তা-ও বিস্তারিত লিখবে। আয়নায় নিজেকে দেখে বা চোখ বন্ধ করে নিজের প্রতিকৃতি সামনে এনে নিজেকে আন্তরিকভাবে বলবে, ‘তুমি ঠিক যেমন আছ, ঠিক তেমনভাবেই আমি তোমাকে অনেক শ্রদ্ধা করি।’ এই চর্চাগুলো প্রতিদিন বিশেষ একটি সময়ে কোনো নিরিবিলি জায়গায় বসে করলে তুমি অবশ্যই উপকৃত হবে। তবে সেই সঙ্গে তুমি যদি কয়েক দিন নিয়মিত কাউন্সেলিং বা সাইকোথেরাপির সাহায্য নাও, তাহলে খুব ভালো হয়। যারা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় কোনো কলেজে পড়ছে, তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং সেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া আমি আগে যেসব জায়গার কথা উল্লেখ করেছি, সেখানে গিয়ে তুমি এই সেবা গ্রহণ করতে পার। ভালো থেকো।সমস্যা: আমি দশম শ্রেণীতে পড়ছি। একটি ছেলের সঙ্গে আমার তিন বছর যাবৎ সম্পর্ক। প্রথম দিকে আমাদের সম্পর্ক ভালোই চলছিল। কিন্তু মাঝখানে তার সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়। এ কারণে তার সঙ্গে যোগাযোগ বন্ধ থাকে। আমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর আমরা আবার যোগাযোগ করি এবং আমাদের সম্পর্ক আগের মতো চলতে থাকে। এই সম্পর্ক চলাকালে আমি বুঝতে পারি, ছেলেটা অনেক বখাটে, বাজে প্রকৃতির ও বাজে মনোভাবের। তার চরিত্রও অনেক খারাপ। আমার সঙ্গে সম্পর্ক করার ভিন্ন উদ্দেশ্য ছিল। সে পড়াশোনায় তেমন ভালো নয়। আমার সঙ্গে সম্পর্ক করার আগে তার সঙ্গে আরেকটি মেয়ের সম্পর্ক ছিল। সে মেয়েদের প্রতি খুব দুর্বল। আমি যখন তার সঙ্গে মুঠোফোনে কথা বলতাম, তখন সে আমার কথাগুলো রেকর্ড করত। কিন্তু আমি তা জানতাম না। পরে আমার সন্দেহ হলে, তাকে আমি এ ব্যাপারে বললে সে স্বীকার করে। সে যে আমার কথাগুলো রেকর্ড করেছে, তা দিয়ে কি ভবিষ্যতে আমার কোনো ক্ষতি করতে পারবে? ছেলেটিকে আমার কাছে সুবিধার মনে হয় না। মনে হয়, সে সব সময় আমার ক্ষতি করতে চায়। আমি ছেলেটিকে প্রচণ্ড ভালোবাসি। না পারছি তাকে ভুলে যেতে, না পারছি তার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে। সে মুখে বলে আমাকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু কাজে তার প্রমাণ নেই। তাকে দেখে বোঝা যায় না, সে এ রকম প্রকৃতির ছেলে। আমি আগে বুঝিনি। এখন বুঝতে পারছি। আমি পড়াশোনায় অনেক ভালো। আমি পঞ্চম ও অষ্টম শ্রেণীতে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছি। খুব মানসিক চাপে আছি।নাম প্রকাশে অনিচ্ছুকপরামর্শ: তুমি খুব ছোট বয়স থেকেই প্রেমের সম্পর্কে জড়িয়ে গেছ। তবে প্রশংসনীয় বিষয় হচ্ছে, তুমি পড়াশোনা অবহেলা করনি, কারণ অষ্টম শ্রেণীতেও তুমি বৃত্তি পেয়েছ। তোমার কি মনে হয় না যে এ ধরনের একটি অবিশ্বাসের সম্পর্কে না জড়ালে তোমার লেখাপড়া আরও ভালো হতো? কারণ, ছেলেটির সঙ্গে মনোমালিন্যের সময় তোমার মন তো বিক্ষিপ্ত থাকার কথা। ছেলেটির বয়স কত তা লেখনি। তবে যা-ই হোক না কেন, সে খুব ভালো পথে চলছে বলে মনে হয় না। কাউকে না জানিয়ে ফোনের কথাবার্তা রেকর্ড করা অত্যন্ত অনৈতিক এবং অপরাধও বটে। ছেলেটি কী উদ্দেশ্যে এটি করেছে, সেটা জানতে পারলে ভালো হতো। বুঝতে পারছি, তুমি ওকে ভালেবাসলেও এখন আর সম্পর্ক রাখতে চাও না। এবং ছেলেটিকে তুমি বিশ্বাস করতে পারছ না। একটি সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস বা আস্থা খুব বেশি গুরুত্বপূর্ণ। তুমি কি পরিবারের কোনো বিশ্বস্ত এবং অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে কথাটি জানাবে? কারণ, তুমি এখনো প্রাপ্তবয়স্ক হওনি। বয়সে বড় কেউ এ ব্যাপারে তোমার সুরক্ষার দায়িত্ব গ্রহণ করলে ভালো হয়। তাঁদের কারও নির্দেশনা এবং সুপরামর্শ এখন খুব প্রয়োজন। আশা করি এই ঘটনা থেকে তুমি ভালো একটি শিক্ষা গ্রহণ করবে এবং ভবিষ্যতে কাউকে ভালোভাবে না জেনে তার সঙ্গে বিশেষ সম্পর্কে জড়িয়ে যাবে না।