মনের জানালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন। স্থানস্বল্পতার কারণে সব চিঠির উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা দুঃখিত। —বি. স.সমস্যাআমার বয়স ২৩। কিন্তু বছর তিনেক আগ থেকে আমার মেধা বা জ্ঞানশক্তি হ্রাস পাচ্ছে। কিছুই মনে রাখতে পারি না। লেখাপড়ায় এর প্রভাব ব্যাপকভাবে পড়ায় বাণিজ্য বিভাগ থেকে মানবিকে চলে যাই। এখন ডিগ্রিতে পড়ছি। ইদানীং মানুষের সঙ্গে কথা বলতে গেলেও তেমন বুদ্ধি খাটিয়ে বলতে পারি না। বিশেষ করে, এখন মেয়েদের সঙ্গে কথা বলতে ভীষণ ভয় হয়। ক্লাসে মেয়েবন্ধুদের সঙ্গেও এখন কথা বলতে পারি না। ভালো একটা বিষয়কে নিয়ে দীর্ঘক্ষণ ভাবলেও কোনো ফল পাই না। কিন্তু বিশ্বাস করুন, আমার এই সমস্যা আগে একদমই ছিল না। তিন-সাড়ে তিন বছর আগেও আমি খুব চঞ্চল ও মেধাবী ছিলাম। আমার মাথায়ও কোনো সমস্যা নেই। কিন্তু সবকিছু ভুলে যাই। ঘুমও প্রয়োজনের তুলনায় বেশি হয়। শরীরটাও সব সময় একটু ক্লান্ত ক্লান্ত মনে হয়।নাম প্রকাশে অনিচ্ছুকপরামর্শ: তোমার মাথায় অবশ্যই কোনো সমস্যা নেই। মনে হচ্ছে, তুমি সোশ্যাল অ্যাংজাইটি বা সামাজিক দুশ্চিন্তায় ভুগছ। তবে তোমার মেধা কমে গেছে—এ কথাটি একেবারেই ঠিক নয়। হয়তো বা তোমার পক্ষে মানসিক চাপগুলো সামলানো সম্ভব হচ্ছে না, তাই স্মৃতিশক্তির ওপর এর প্রভাব পড়ছে। মেয়েদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে অনেক ছেলেরই সমস্যা হয়। এর কারণ হচ্ছে, আমাদের বিদ্যালয়গুলোতে সহপাঠের ব্যবস্থা নেই। আমাদের দেশের অভিভাবক বা শিক্ষকেরা সচেতনভাবে উদ্যোগ নিয়ে শিশু-কিশোর বয়সের ছেলেমেয়েদের সুস্থ বন্ধুত্ব তৈরিতে সহায়তা করেন না। কোনো মেয়েকে তুমি যদি তোমার মতোই একটি মানুষ হিসেবে বিবেচনা করে তার প্রতি শ্রদ্ধা রেখে কথা বলো, তাহলে সংকোচ বা লজ্জার ব্যাপারটি কম ঘটবে। একটি বিষয় নিয়ে খুব বেশি সময় ধরে ভাবছ বলে তোমার মানসিক প্রাণশক্তি কমে যাচ্ছে, আর সে কারণে ক্লান্তি ও অবসাদ দুটোই তৈরি হচ্ছে। যারা সামাজিক পরিমণ্ডলে ভাবের আদান-প্রদান কম করে, তারা বেশি ভেবে ভেবে নিজের অজান্তেই মনের ওপর চাপ সৃষ্টি করে ফেলে। মানসিক ক্লান্তির ছাপ তোমার শরীরের ওপরও পড়ছে। তবে তোমার প্রশংসা করছি এই কারণে যে, তুমি মৌখিকভাবে প্রকাশ কম করতে পারলেও লেখার মাধ্যমে সমস্যাগুলো খুব সুন্দর করে তুলে ধরেছ। তুমি একদম নিশ্চিত থাকতে পারো, তোমার মেধাশক্তি একেবারে ঠিক আছে, একটুও কমে যায়নি। তবে সামাজিক ভীতি বা দুশ্চিন্তা থেকে রেহাই পাওয়ার জন্য তুমি যদি কাউন্সেলিং বা সাইকোথেরাপির সাহায্য নাও, তাহলে খুব উপকৃত হবে। এর মাধ্যমে সামাজিক দক্ষতা অর্জনের উপায়গুলো জানা সম্ভব হয়। এই মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের জায়গাগুলোর নাম আমি আগে অনেকবার উল্লেখ করেছি।