মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন। স্থানস্বল্পতার কারণে সব চিঠির উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা দুঃখিত। —বি. স.সমস্যা আমার বয়স ২২ বছর। আমি সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী। আমার মনে সব সময় একটা কষ্ট কাজ করে, কেউ আমাকে ভালোবাসে না। পৃথিবীতে আমার কোনো আপন মানুষ নেই। আর আমি সবচেয়ে বেশি কষ্ট পাই, আমার বাবা-মায়ের আচরণে। তাঁরা সব সময় আমাকে বকাবকি করেন। সামান্য কারণে আমাকে দোষারোপ করেন। আমিও তাঁদের কথায় অকারণে বিরক্ত হই অনেক সময়। আমার সব সময় মনে হয়, আমি তাঁদের বোঝা। মাঝেমধ্যে তাঁদের আচরণে আমার আত্মহত্যা করতে ইচ্ছা করে।নাম প্রকাশে অনিচ্ছুকপরামর্শ: এত অল্প বয়সে তুমি এতটা কষ্টের মধ্যে রয়েছ—এটি সত্যিই দুঃখজনক। তোমাকে কেউ ভালোবাসে না—এ কথাটি সম্ভবত সত্যি নয়। তুমি যে ধরনের আচরণ খুব আপন মানুষের কাছে প্রত্যাশা করো, সেটি পাচ্ছ না বলে অনেক বিষণ্ন বোধ করছ। কিন্তু ভেবে দেখেছ, কী কারণে মা-বাবার মতো কাছের মানুষের সঙ্গে তোমার দূরত্ব তৈরি হয়েছে? তুমি কি তাঁদের আচরণে খুব বেশি বিরক্ত হয়ে এমন কিছু বলেছ, যা তাঁদের কাছেও অপ্রত্যাশিত এবং দুঃখজনক? বয়ঃসন্ধিতে কি তাঁদের সঙ্গে তোমার খুব বেশি মতের অমিল হয়েছে? দেখা যায়, এই বয়সের সন্তানেরা আবেগের বশবর্তী হয়ে অনেক সময় অতিরিক্ত রাগ করে ফেলে। বাবা-মাও এটিকে বিশেষ বয়সের প্রভাব হিসেবে না দেখে সন্তানদের ভুল বুঝতে থাকেন। তুমি যেহেতু এখন বয়ঃসন্ধিকাল পেরিয়ে প্রাপ্ত বয়সে এসেছ, চেষ্টা করো এত দিন যেভাবে তাঁদের আচরণের প্রতি প্রতিক্রিয়া দেখিয়েছ, তার চেয়ে ভিন্ন কিছু করতে। তাঁদের কাছ থেকে পাওয়া কষ্টগুলো মনের মধ্যে চেপে না রেখে যদি ঠান্ডা মাথায় তোমার কষ্টগুলো প্রকাশ করতে পারতে, তাহলে ভালো হতো।তবে এর জন্য তোমার মনকে আগেই প্রস্তুত করা প্রয়োজন। কোনো একটি অপ্রীতিকর ঘটনা ঘটলে তুমি চট করে রাগ করবে না। বেশি বিষণ্ন না হয়ে নিজেকে কিছুটা সংযত রেখে পরে মনকে রিলাক্স করে ভালোভাবে পুরো বিষয়টি আবার ভাববে। মনে করবে, তোমাকে উদ্দেশ করে নেতিবাচক যে কথাগুলো বলা হয়েছে, তা তাঁদের নিজস্ব হতাশার কারণেও অনেকটা ঘটছে। তারপর, কিছুটা সময় নিয়ে নিজেকে আশ্বস্ত করে তারপর তুমি মা-বাবাকে বলবে, তাঁদের আচরণ তোমাকে কীভাবে পীড়া দিচ্ছে। কথাগুলো বলার সময় কিছুটা কান্না পেলে বা বিরক্তি থাকলে সেটিকে স্বাভাবিকভাবেই নিয়ো। সেই সঙ্গে তাঁদের বলো, তুমি এখনো তাঁদের কতটা ভালোবাস বা শ্রদ্ধা করো, কেমন? আত্মহত্যার চিন্তা মাথা থেকে একদম সরিয়ে নিজেকে অনেক শ্রদ্ধা করবে এবং তোমার জীবনের অনেক মূল্য রয়েছে, সেই বিশ্বাসটি খুব দৃঢ়ভাবে মনে রাখবে। প্রতিদিন কয়েকবার করে নিজের ভেতরের সত্তাটিকে বলবে, ‘তুমি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটি মানুষ এবং ভালোবাসা পাওয়ার মতো সব যোগ্যতাই তোমার রয়েছে।’