মনের জানালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.
সমস্যা
কলেজে পড়ার সময় হঠাৎ করে একটি মেয়ের সঙ্গে পরিচয় হয়। আর সেই পরিচয়ের সুবাদে আমাদের প্রেমও হয়। আমরা দুজন দুজনকে প্রচণ্ডভাবে ভালোবাসি। এখন আমাদের অভিভাবকেরা ঠিক করেছেন আমার পড়াশোনা শেষ হলেই মেয়েটির সঙ্গে আমার বিয়ে দেবেন। কিন্তু প্রথম যখন মেয়েটির সঙ্গে আমার পরিচয় হয় তখন জানতাম না যে সে প্রচণ্ড জেদি। আমাদের সংসারটা খুব ছোট এবং মোটামুটি সুখী। তার এই জেদের কারণে আমার ভীষণ ভয় হয়, যদি সে আমাদের পরিবারে কোনো রকম অশান্তি সৃষ্টি করে? এ অবস্থায় আমার অভিভাবকদেরও এ বিষয়ে কিছু জানাতে পারছি না। কারণ, তারা শুনলে ভীষণ কষ্ট পাবে। চিন্তায় ঘুম হচ্ছে না।
এনামুল হক, বগুড়া।
পরামর্শ
তোমার দূরদর্শিতা এবং মানসিক পরিপক্বতা প্রশংসনীয়। মনে হচ্ছে, তোমার অভিভাবকেরা তোমাকে খুব ভালোবাসেন এবং তোমার সুখে থাকাটা সব সময় নিশ্চিত করতে চান। তাঁরা তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন বলেই তুমিও তাঁদের মনে আঘাত লাগে এমন কিছুই ঘটতে দিতে চাও না। মেয়েটিকেও তুমি খুব ভালোবাস তাই তার জেদের সঙ্গে তুমি এত দিন খাপ খাইয়ে এসেছ। তবে, তোমার পরিবারের সদস্যদের হয়তো তার কিছু আচরণ মেনে নিতে অসুবিধাও হতে পারে। তাই মনে হচ্ছে, তোমার ভাবনাটি একেবারে অমূলক নয়। মেয়েটিকে তুমি বলতে পারো যে তার চিন্তাধারায় কিছু পরিবর্তন আনাটা খুব জরুরি। কারণ, আমরা যেভাবে চিন্তা করি, তার দ্বারাই রাগ, দুঃখ, হতাশা ইত্যাদি আবেগ তৈরি হয়। মেয়েটি হয়তো নিজের এই অতিরিক্ত রাগের জন্য অন্যদের দায়ী করতে পারে। তুমি ওকে বোঝাও যে, প্রত্যেকের আবেগের দায়িত্ব তার নিজেরই নেওয়া উচিত। আর তাই নিজেকেই চেষ্টা করে নেতিবাচক আবেগের তীব্রতা কমিয়ে রাখতে হয়। এ ছাড়াও ওকে তুমি তোমার পরিবারের সবার সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে চেষ্টা করো। কাকে কীভাবে খুশি করা সম্ভব, সেটিও পরিষ্কারভাবে বলার চেষ্টা করো। তোমার অভিভাবকদের কাছে মেয়েটির ইতিবাচক বৈশিষ্ট্যগুলো তুলে ধরার সঙ্গে ওর নেতিবাচক দিকগুলোর কথাও বলে দিও। এতে করে তারা আগে থেকেই কিছুটা মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। তুমি তোমার অভিভাবকদের বলো, তাঁরা যেন প্রথম থেকেই ওকে অনেক ভালোবাসা দিয়ে তাঁদের বাড়িতে সাদরে গ্রহণ করে নেন। যদি মেয়েটি তাঁদের স্নেহের স্পর্শ অনুভব করতে পারে, তাহলে পরবর্তী সময়ে সেও চেষ্টা করবে অন্যদের মনে আঘাত লাগে এমন কোনো আচরণ থেকে নিজেকে বিরত রাখতে। তোমাদের দুজনের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।