মনের জানালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন।স্থানস্বল্পতার কারণে সব চিঠির উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা দুঃখিত। —বি. স.সমস্যা: আমি ভার্সিটিতে দুবার পরীক্ষা দেওয়ার পরও সুযোগ পাইনি। তারপর ভালো কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। এখন একটি কলেজে ভর্তি হয়েছি। শিক্ষাপ্রতিষ্ঠানটির নাম বলতে পারি না বা বললে নিজেকে অন্যের চেয়ে খুব ছোট মনে হয়। এখন এক বছর পাঠবিরতি, ভার্সিটি ও কলেজের বিষয় নিয়ে খুব চিন্তা করি এবং অস্থিরতায় আছি। আমার মস্তিষ্ক আর তেমন কাজ করে না। এতে আমার মানসিক কোনো সমস্যা সৃষ্টি হবে, নাকি হয়েছে?মো. মনির হোসাইন চট্টগ্রাম।পরামর্শ: আমাদের ব্যক্তিত্বের একটি কাঠামো তৈরি হয়ে যায় প্রথম সাত-আট বছর বয়সে। কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার প্রভাব কারও ব্যক্তিত্বে কোনো আমূল পরিবর্তন আনার কথা নয়। যদি শৈশবের শিক্ষাব্যবস্থায় লেখাপড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের জীবনদক্ষতা ও মানবিক গুণাবলির বিকাশলাভের ব্যবস্থা থাকে এবং শিক্ষার্থীরা সত্যিকার অর্থে শিক্ষিত হয়েছে কি না, তা নিশ্চিত করা হয়; তাহলে পরবর্তী পর্যায়গুলোর শিক্ষাগ্রহণ নিয়ে খুব বেশি দুশ্চিন্তার অবকাশ থাকে না। এটি আমাদের সমাজের একটি ভুল ধারণা যে শুধু কতিপয় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়ন করলে প্রকৃত জ্ঞানার্জন সম্ভব। আমার অনুরোধ থাকবে, তুমি যে প্রতিষ্ঠানেই পড় না কেন, চেষ্টা করো যেন তোমার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সবার জন্য অনুসরণীয় হয় এবং ভবিষ্যতে তুমি উচ্চতর ডিগ্রি লাভ করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পার। আমার জানামতে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করে অনেকেই জীবনে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তোমার সুন্দর ব্যক্তিত্ব, সৃজনশীলতা, স্বকিয়তা ও প্রকৃত জ্ঞান খুব প্রয়োজন হবে যখন তুমি আরও বড় পরিসরে প্রবেশ করবে। কাজেই অন্যরা কী বলছে, তা না ভেবে নিজেকে এখন থেকে পাঁচ বছর পর কোথায় দেখতে চাও সেই স্বপ্নগুলো লালন কর। তুমি অবশ্যই সুস্থ আছ, তবে বেশি দুশ্চিন্তা করলে মানসিক অস্থিরতা বাড়বে। যখন নেতিবাচক চিন্তাগুলো তোমাকে ঘিরে ধরবে, তখন তুমি নিজেকে অন্য কোনো চিন্তায় বা কাজে ব্যস্ত করে রেখ। সুস্থ কিছু বিনোদন ও সাংস্কৃতিক চর্চাও আমাদের ভালো মানুষ হতে সাহায্য করে। শুভ কামনা রইল।সমস্যা: আমি স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষে পড়ছি। ছোটবেলা থেকে আমি খুব আবেগি। আবেগকে কখনো নিয়ন্ত্রণ করতে পারি না। কারও দুঃখ-কষ্ট দেখলে খুব খারাপ লাগে। আমার কষ্টটা আরও বেড়ে যায়, যদি আমি ওই সব দুঃখী মানুষকে সাহায্য করতে না পারি। আমাদের পরিবারের আর্থিক অবস্থা তেমন ভালো নয়। তাই সব সময় সবাইকে সাহায্য করা সম্ভব হয় না। আর নিজের প্রতি আমার একটা অবিশ্বাস কাজ করে। পড়ালেখা দিয়ে আমি কখনো জীবনে প্রতিষ্ঠিত হতে পারব না। সবাই কেমন যেন আমার প্রতি খারাপ দৃষ্টিতে দেখে, কোনো কাজ করলে তা ঠিকমতো হয়নি—এ রকম সব এলোমেলো চিন্তা সব সময় আমার মধ্যে কাজ করে। মাঝেমধ্যে নিজের প্রতি এমন হতাশ হয়ে পড়ি যে জীবনটাই তুচ্ছ মনে হয়। পরিবারের একটা আর্থিক দায়বদ্ধতা আছে আমার ওপর। ফলে আমার হতাশা আমার পরিবারের ওপরও প্রভাব ফেলে। সুমন নাথ লোহাগাড়া, চট্টগ্রাম। পরামর্শ: তোমার মধ্যে যে সহমর্মিতা রয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। তবে কাউকে সহায়তা করতে হলে আগে নিজের মানসিক ও শারীরিক স্বাস্থ্য ভালো রাখা খুব জরুরি। দুঃখী মানুষ বলতে তুমি কাদের বোঝাতে চেয়েছ জানি না, তবে যদি কাউকে আর্থিক সাহায্য করতে চাও তাহলে নিজের সচ্ছলতা আগে নিশ্চিত করতে হবে। তোমার নিজের প্রতি আস্থার অভাব রয়েছে শুনে মনে হচ্ছে তুমি আশপাশের পরিবেশ থেকে উৎসাহব্যঞ্জক কথাবার্তা এবং স্বীকৃতি কম পেয়েছ। পরিবারের সদস্যরা এবং বিদ্যালয়ের শিক্ষকেরা যদি শিশুদের ইতিবাচক দিকগুলোর প্রতি বেশি দৃষ্টি দেন এবং সেগুলোর আরও বিকাশলাভে সহায়তা করেন তাহলে বড় হওয়ার পর তারা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়। তোমার জীবনটা মোটেও তুচ্ছ নয় এবং তোমার মধ্যেও অনেক গুণাবলি আছে সেটি দৃঢ়ভাবে বিশ্বাস কর। প্রতিদিন একটি নোটবুকে নিজের ইতিবাচক দিকগুলো সম্পর্কে লিখবে এবং বোধশক্তি হওয়ার পর থেকে তোমার যেসব ছোট-বড় সাফল্য আছে সেগুলো লিখবে। নিজের সম্পর্কে নেতিবাচক চিন্তাগুলো তোমার মধ্যে বিষণ্নতা ও হতাশা দুটোই তৈরি করছে। ঢাকায় এসে যদি তুমি কখনো কাউন্সেলিং বা সাইকোথেরাপির সাহায্য নিতে পার তাহলে খুব ভালো হয়।