মনের জানালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন।স্থানস্বল্পতার কারণে সব চিঠির উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা দুঃখিত। —বি. স.সমস্যা: আমি দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী। অষ্টম শ্রেণী পর্যন্ত আমি অনেক বার হয়রানির শিকার হয়েছি। যারা এটা করে তারা হচ্ছে আমার ভাই এবং দুলাভাই। কিন্তু আমার পরিবারের কেউ-ই আমার কথা বিশ্বাস করে না। এখনো তারা সুযোগ পেলেই আমাকে হয়রানি করতে চেষ্টা করে। আমি উপযুক্ত প্রমাণ দেখাতে না পারায় সবাই উল্টো আমাকে মিথ্যাবাদী বলে অপবাদ দেয়। আমি যখন একা থাকি, তখন কথাগুলো মনে পড়লে কাঁদি এবং আত্মহত্যা করতে ইচ্ছা জাগে। আমার কোনো বান্ধবী নেই। এখন আমি রাতে ঠিকমতো ঘুমাতেও পারি না। নাম প্রকাশে অনিচ্ছুকপরামর্শ: যাঁরা খুব শ্রদ্ধাভাজন এবং বিশ্বাসযোগ্য হতে পারতেন তাঁদের এ ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ তোমার মনের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে। অপরাধীরা বাড়ির অন্য সবার কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে, এটিও সহ্য করা খুব কঠিন। তবে আমি বুঝতে পারছি না তুমি বড় হওয়ার পর কীভাবে বিষয়টির প্রতিবাদ জানিয়েছ। তারা কি তোমাকে কোনো ভয় দেখিয়েছে? তা ছাড়া গত দুই বছরে যদি এটি না ঘটে থাকে তাহলে তুমি সেটা কীভাবে বন্ধ করতে পারলে, তা-ও জানতে পারলে ভালো হতো। যাহোক, বর্তমানে তুমি কষ্ট পাচ্ছ কারণ, তুমি খুব একাকিত্বে এবং বিষণ্নতায় ভুগছ। রাতে কি তুমি কোনো দুঃস্বপ্ন দেখ? তোমাকে মনেপ্রাণে বিশ্বাস করতে হবে যে যারা এ ধরনের বাজে কাজ করছে, তারাই এর জন্য সম্পূর্ণ দায়ী। এটি তাদের সমস্যা, তোমার নয়। তুমি নিজেকে বারবার বলবে, এতে তোমার সম্মান একটুও ক্ষুণ্ন হয়নি। তুমি নিজেকে যথেষ্ট ভালোবাসতে এবং শ্রদ্ধা করতে পারো। কারণ, এ রকম পরিবারের ভেতরে একটা প্রতিকূল পরিবেশেও তুমি লেখাপড়া চালিয়ে যাচ্ছ। শুধু তা-ই নয়, অনেক সাহস ও শক্তি সঞ্চয় করে তুমি চিঠি লিখে কষ্টের কথাগুলো প্রকাশ করেছ। চেষ্টা করো নিজের মনের জোর বাড়াতে। যেন তুমি এ বাধা অতিক্রম করতে পার। একটু চেষ্টা করো দু-একজন ভালো বন্ধু তৈরি করতে। তুমি যে বয়সে রয়েছ, এ সময় তোমার বন্ধু থাকা খুব প্রয়োজন। কখনো ঢাকায় আসার সুযোগ হলে অবশ্যই সাইকোথেরাপি বা কাউন্সেলিংয়ের সহায়তা নেবে, কেমন?সমস্যা: আমি রাতে ঘুমের মধ্যে আজেবাজে বকি এবং হাত-পা ছোড়াছুড়ি করি। আমার আশপাশে কেউ থাকতে পারে না আমার চিল্লাচিল্লির জন্য। কোনো আত্মীয়বাড়ি যেতে পারি না লজ্জায়। এখন আমি পড়ালেখার জন্য ঢাকায় এক মেসে উঠেছি। আমার বন্ধুরা কেউ আমার হাত-পা ছোড়াছুড়ি এবং চেঁচামেচির জন্য আমার পাশে কিংবা আমার রুমের মধ্যে থাকতে পারে না। এ সমস্যা ছোটবেলা থেকেই। আমার পরিবার এ সমস্যা সমাধানের জন্য অনেক লোকের কাছে গিয়েছে, কিন্তু কোনো সমাধান হয়নি। তবে আমি কোনো মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাইনি। যতদূর মনে হয়, আমি স্বপ্নে যা দেখি তাই ঘুমের ঘোরে জোরে বলতে থাকি। আমি যখন এই আচরণ করি, তখন নিজে কিছুই জানি না বা টের পাই না। আশপাশের লোক পরে আমাকে বলে। নাম প্রকাশে অনিচ্ছুকপরামর্শ: তুমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী সমস্যার কথা তুলে ধরেছ। অনেকেই তোমার মতো ঘুমের ভেতরে কথা বলে, কিন্তু তুমি চির্যাকার করে সেটা বলছ এবং সেই সঙ্গে আচরণের মাধ্যমেও সেটি প্রকাশ হচ্ছে। তবে এ থেকে বেরিয়ে আসতে তুমি কোনো আধুনিক চিকির্যাসা গ্রহণ করনি। যদি আগেই এর বিজ্ঞানসম্মত পদ্ধতিতে তোমাকে চিকির্যাসা দেওয়া হতো, তাহলে হয়তো এখন এতটা বাড়ত না। হয়তো বা তোমার অবচেতন মনে কিছু অপূর্ণ আকাঙ্ক্ষা জমে গেছে এবং কারও ওপর কোনো রাগ বা ক্ষোভও জমে থাকতে পারে, যা তোমার সচেতন মনে নেই। আমি অনুরোধ করব, তুমি আর দেরি না করে প্রথমে কোনো ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে গিয়ে সাইকোথেরাপির সাহায্য নাও। তাঁরা তোমার অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলো বিস্তারিত শুনলে বুঝতে পারবেন, কীভাবে তোমাকে সাহায্য করা যায়। আগে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলি এবং তোমার কাছের মানুষগুলোর সঙ্গে সম্পর্কের ধরনগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে তোমার মধ্যে নতুন উপলব্ধি এবং অন্তর্দৃষ্টি তৈরি হবে বলে আশা করা যায়।