মনের জানালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন। স্থানস্বল্পতার কারণে সব চিঠির উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা দুঃখিত। —বি. স.সমস্যা: আমি দশম শ্রেণীর ছাত্র এবং চাকরিপ্রত্যাশী। সামনে আমার পরীক্ষা, কিন্তু আমি পরীক্ষার প্রস্তুতি নিয়ে সমস্যায় আছি। আমি প্রতিদিন বাসায় ফিরি নয়টায় এবং ১০টায় পড়তে বসি। কিন্তু পড়তে বসার পর আমার মাথায় বিভিন্ন ধরনের চিন্তাভাবনা আসে। ফলে আমার পড়ালেখা আর হয় না। নবম শ্রেণীতে আমি যখন পরীক্ষা দিই, তখন অঙ্ক পরীক্ষা আমার খুব খারাপ হয়। অঙ্ক নিয়ে আমার সমস্যা অনেক। কোনো ধরনের অঙ্ক আমি বুঝতে পারি না, ফলে অঙ্কে আমি সব সময় খারাপ করি। আর ইংরেজি নিয়ে সমস্যা আরও বেশি। ইংরেজির বাংলা উচ্চারণ করতে পারি না। ফলে ইংরেজিতে কোনো প্রশ্নের উত্তর দিতে সমস্যা হয়। অন্যান্য বিষয়ও আমি পড়া শেষ করি বা শেখা হয় কিন্তু এক দিন পরে আর মনে পড়ে না। তা ছাড়া আমার হাতের লেখা ততটা সুন্দর নয়। আমার লেখার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, তার জন্য আমি ক্ষমা চাই। মো. মাইনুল ইসলামরেলওয়ে পাবলিক উন্মুক্ত স্কুল, চট্টগ্রাম। পরামর্শ: তুমি এ বয়সেই চাকরির প্রত্যাশা কেন করছো, তা বুঝতে পারলাম না। এত দেরিতে বাড়িতে কেন ফিরছো, তা-ও বুঝতে পারলাম না। পড়তে বসার পরও তুমি কল্পনার জগতে বিচরণ করো বলে পড়া ঠিকমতো আত্মস্থ করতে পারছো না। বয়ঃসন্ধিতে কল্পনার জগতে বাস করা খুব স্বাভাবিক। কিন্তু অতিরিক্ত কল্পনা করলে দৈনন্দিন কাজকর্ম ক্ষতিগ্রস্ত হয়। কাজেই যেভাবেই হোক নিজের মনকে ভালোভাবে বোঝাও। পড়ায় মনোযোগ ফিরিয়ে আনার চেষ্টা করো। তোমার অঙ্ক আর ইংরেজি নিয়ে সমস্যা হচ্ছে লিখেছ, আর এই দুটো বিষয়ে শুধু তোমার নয়, অনেক শিক্ষার্থীই অসুবিধায় ভুগছে। এ জন্য তোমার নিজেকে দোষারোপ করা ঠিক হবে না। প্রত্যেক শিশুই আলাদা। তাদের মেধা ও সৃজনশীলতার জায়গাগুলোও এক রকম নয়। এ কথা মাথায় না রেখে অভিভাবক ও শিক্ষকেরা প্রায়ই তাদের কাছ থেকে শুধু নিজেদের মতো করে ভালোটাই প্রত্যাশা করেন। এতে শিশুরা আরও বেশি মানসিক চাপ অনুভব করে। লেখাপড়ার প্রতি তাদের ভীতি তৈরি হয়। তুমি চেষ্টা করো অঙ্কগুলো বারবার করে অনুশীলন করতে। ইংরেজি উচ্চারণ শেখার জন্য রেডিও আর টেলিভিশনের সংবাদ শোনা এবং ইংরেজি অনুষ্ঠানগুলো দেখার চর্চা করবে। তবে তোমার মধ্যে যে যথেষ্ট উদ্যোগ রয়েছে এবং ভালো কিছু করার ইচ্ছে রয়েছে, তার প্রমাণ হচ্ছে তোমার এই চিঠি। তোমার চিঠির ভাষা যথেষ্ট প্রাঞ্জল এবং যথেষ্ট সুন্দর করে সবকিছু উল্লেখ করেছ তুমি। পড়ার সময় নিজের মনকে একটু নিয়ন্ত্রণ করতে পারলেই তুমি জীবনে সফল হতে পারবে। সমস্যা: আমি ভর্তি পরীক্ষার জন্য মেসে উঠি। কয়েক মাসের মধ্যে মেস থেকে মোবাইল ফোন খোয়া যায়। আমি জানি সেটি কে চুরি করেছে। মেসের সবাই জিজ্ঞেস করায় আমি তার নাম বলে দিই। কিন্তু তার রুম তল্লাশি করা হয় না। কিছুক্ষণ পর আমরা তিনজন মিলে তার রুম তল্লাশি করে মোবাইল ফোনটি আমি পাই। আমি পাওয়ায় তারা আমাকে সন্দেহ করে। কিন্তু সবার সিদ্ধান্তে তাকে মেস থেকে চলে যেতে বলা হয়। সে নিজেই মেস থেকে চলে যায়। এরপর, ওই মেসে একইভাবে চারটি মোবাইল ফোন হারায়, দুটি পাওয়া যায়, দুটি পাওয়া যায় না। কিন্তু সব মোবাইল ফোন চুরির ব্যাপারে আমাকে সন্দেহ করা হয়। আমাকে সবাই ‘মুখে ভালোবাসলেও অন্তরে ভালোবাসে না’। সন্দেহ এখন আমার ওপর। কিন্তু মোবাইল ফোন চুরি আমি করিনি। কখনো কখনো তাদের কথা থেকে মনে হয় সন্দেহটা এখনো আছে। আমি চাই সন্দেহটা দূর করতে। কিন্তু পারছি না। আমি এখন কী করব, মেস ছেড়ে চলে যাব? নাকি আমি ওই মেসে থাকব? এ বিষয়টি নিয়ে রাতে মাঝেমধ্যে কাঁদি। নাম প্রকাশে অনিচ্ছুকপরামর্শ: আমি বুঝতে পারছি তোমাকে মিথ্যে সন্দেহ করায় তুমি কতটা কষ্ট পাচ্ছ। আমাদের কেউ ভুল বুঝলে বা অবিশ্বাস করলে খুব অসহায় লাগে এবং আমরা তীব্র বিষণ্নতায় ভুগতে থাকি। কিন্তু তুমি কী করে এতটা নিশ্চিত হলে যে মোবাইল ফোনটি সেই ছেলেই চুরি করেছে? সেই ছেলেটি কি আগেও এ ধরনের কাজ করেছে, নাকি তুমি কোনো প্রমাণ পেয়েছিলে? আর একটি রহস্যময় ব্যাপার হচ্ছে, তুমি এতটা নিশ্চিত হয়ে বলার পরও তার ঘর কেন তল্লাশি হলো না। ছেলেটি চলে যাওয়ার পরও কি আরও চারটি মোবাইল ফোন চুরি হয়েছে? আমার মনে হয়, হয়তো বা তাদের সবার সঙ্গে যথেষ্ট বিশ্বাসের সম্পর্ক গড়ে ওঠার আগেই তুমি এমন কিছু কাজ করেছ, যেগুলো অন্যদের মনে সন্দেহের উদ্রেক করেছে। তুমি যখন মোটামুটি নিশ্চিত ছিলে, সে ক্ষেত্রে তুমি পরামর্শ দিতে পারতে যেন মেস কর্তৃপক্ষ এসে ওই মুহূর্তেই প্রত্যেকের ঘর তল্লাশি করে। নিজে গিয়ে মোবাইল ফোনটি খোঁজার ব্যাপারে সক্রিয় না হলে বোধ হয় ভালো হতো। এ ছাড়া তোমার কাছে কোনো প্রমাণ থাকলে তুমি মেস কর্তৃপক্ষকে আলাদা করে বিষয়টি জানিয়েও দিতে পারতে। তুমি প্রশ্ন করেছ, মেস ছেড়ে চলে যাবে কি না। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে তোমাকে ভাবতে হবে, এখানে থাকলে তোমার কী কী অসুবিধা হবে এবং এখানে কী কী সুবিধা রয়েছে। যদি অসুবিধাই বেশি দেখো, তাহলে ছেড়ে যাওয়ার পক্ষে সিদ্ধান্ত নিতে পারো। তবে তুমি যে ভাবছো, তোমাকে কেউ মন থেকে ভালোবাসে না, সেই ব্যাপারে তোমাকে ভালো করে ভেবে বের করতে হবে—কী করে অন্যদের প্রতি আরও সহমর্মিতা ও সহানুভূতি বাড়ানো যায়। অন্যদের দুঃখের সঙ্গী হতে পারলে এবং তাদের দিকে সাহায্যের হাতটি বাড়িয়ে দিতে পারলে তোমাকে কিছু মানুষ অবশ্যই আরও ভালোবাসবে।