মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন। স্থানস্বল্পতার কারণে সব চিঠির উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা দুঃখিত। —বি. স.সমস্যাআমার সবচেয়ে বড় সমস্যা, আমি পড়ায় মন বসাতে পারি না। এর প্রধান কারণ, সন্দেহ। আমার সব সময় মনে হতে থাকে আমার কাপড়ে, শরীরে নাপাক বস্তু লেগেছে। টয়লেটে গিয়ে ফিরে এলে, রাস্তা দিয়ে হাঁটলে, কোনো কিছু ধরলে এমন মনে হয়। নামাজ পড়তে গেলে মনে হয় আজ আমার নামাজ হবে না। পড়তে বসলে এই চিন্তা আরও বাড়ে। পড়ার টেবিলে আর ভালো করে পড়া হয় না। এ সমস্যা প্রায় আড়াই বছর ধরে হচ্ছে।নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুকপরামর্শ: এই অসুবিধার বাংলা নাম হচ্ছে শুচিবায়ু রোগ এবং ইংরেজিতে একে বলা হয় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তুমি আড়াই বছর ধরে এতটা কষ্ট পাচ্ছ, অথচ কোনো চিকিৎসকের শরণাপন্ন হওনি, এটি অত্যন্ত দুঃখজনক। তোমার পরিবারের সদস্যরা কি খেয়াল করেননি যে তুমি যা আচরণ করছ, তা খুব স্বাভাবিক নয়? এ ধরনের অসুস্থতায় মানসিক দুশ্চিন্তা ও বিষণ্নতা চলতে থাকার কারণে নিজেকে খুব অসহায় মনে হয়। বিষণ্নতার ফলে মেজাজও ঠিক রাখা কষ্টকর হয়। চিন্তাগুলোকে একেবারেই নিয়ন্ত্রণে রাখা যায় না বলে এই নেতিবাচক আবেগগুলোর সৃষ্টি হয়। তবে তুমি এর জন্য নিজেকে একটুও দায়ী কোরো না। সাধারণত জীবনের কোনো মোড়ে এসে মানসিক চাপের সঙ্গে খাপ খাওয়াতে না পারলে এ ধরনের সমস্যা শুরু হয় এবং অনেকের বয়ঃসন্ধিতে এটি ঘটতে দেখা যায়। তোমার এই অসুখটি মারাত্মক কিছু নয়। নিয়মিত চিকিৎসা গ্রহণ করলে এটি সম্পূর্ণ নিরাময় হয়ে যায়। তবে চিকিৎসা নিতে দেরি করলে এটি বেড়ে যাওয়ার খুব আশঙ্কা থাকে এবং নিরাময় হতেও সময় বেশি লাগে। তুমি আর একটুও বিলম্ব না করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাইকিয়াট্রি বিভাগে বা ঢাকা কমিউনিটি হাসপাতালে ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে সাইকোথেরাপি বা কাউন্সেলিংয়ের সাহায্য নাও। তোমাকে হয়তো একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছেও যেতে হবে বিষণ্নতা ও দুশ্চিন্তা থেকে রেহাই পাওয়ার জন্য। ওষুধ ও সাইকোথেরাপি পাশাপাশি চললে তুমি খুব উপকৃত হবে। এইচএসসি পরীক্ষার পর তোমার সামনে আরও অনেক চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো মোকাবিলা করার জন্য মানসিক সুস্থতা খুব প্রয়োজন। এ ব্যাপারে তুমি দেরিতে হলেও সচেতন হয়েছ বলে অনেক ধন্যবাদ। সমস্যাআমার বয়স ১২। ষষ্ঠ শ্রেণীতে পড়ি। দুই বছর আগে আমার বাবা এবং এক বছর আগে আমার মা মারা গেছেন। মায়ের মৃত্যুর কিছুদিন আগে আমার নানি মারা গেছেন। বর্তমানে আমি ফুফুর বাসায় আমার ছোট ভাইটিসহ আছি। ও ক্লাস টুতে পড়ে। প্রচণ্ড দুষ্টু। যে কারণে ফুফুদের বাসায়ও হয়তো আমাদের আর থাকা হবে না। আমরা দুজনই হোস্টেলে চলে যাব। অর্থাৎ দুজন দুই প্রান্তে। যা হোক, আমার সমস্যা হলো, আমার বাবা-মা ও নানির মৃত্যুর আগের দিন আমি স্বপ্নে দেখেছিলাম, তাঁরা মারা যাবেন। সত্যি সত্যি তাঁরা মারা গেছেন। বর্তমানে আমি নিজেকে নিয়েও সেই স্বপ্ন দেখি। আমিও কি মারা যাব? তাহলে আমার ভাইটার কী হবে? ওর তো আর কেউ থাকবে না। প্লিজ, আমাকে একটা সমাধান দিন। আমি আমার ভাইয়ের জন্য বাঁচতে চাই। আমার চিঠিটা অনেক বড় হলো, এর জন্য আমার করার কিছু ছিল না। কারণ, কথা বলার আমার তো কেউ নেই। আমি বাঁচতে চাই। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। শ্রাবণীউত্তরা, ঢাকা।পরামর্শ: তোমার চিঠিটি পড়ে আমি ভাবছিলাম, কোনো কোনো সময় ভাগ্যের কাছে আমরা কতটা অসহায়! তোমার মা-বাবা এবং নানি কি অসুস্থ ছিলেন, নাকি হঠাৎ তাঁদের মৃত্যু হয়েছে, তা তুমি জানাওনি। বর্তমানে তুমি তোমার দেখা স্বপ্ন নিয়ে খুব ভাবনায় পড়ে গেছ। অনেক সময় কাছের মানুষদের হারানোর ভয় আমাদের যখন খুব পেয়ে বসে, তখন আমরা স্বপ্নেও সে ধরনের ঘটনাগুলো দেখি। এর অর্থ কিন্তু এই নয় যে আমরা যা যা দেখি, তার সবই ঘটছে। তুমি চিন্তা করে দেখো তো, তোমার সব স্বপ্ন সত্যি হয়েছে কি না? দেখবে, খুব কম ক্ষেত্রেই তুমি যা যা দেখেছ, তা বাস্তবেও হয়েছে। তুমি অবশ্যই প্রথমে নিজের জন্য এবং সেই সঙ্গে ভাইটিকে দেখে রাখার জন্য দীর্ঘদিন বেঁচে থাকবে। মনে শক্তি ও সাহস রেখো, যাতে করে তোমার জীবনের এই কঠিন সময়টুকু পার করে আগামী দিনগুলো সফল করে তুলতে পারো। তুমি নিজেকে বারবার বলবে যে আমাদের ভবিষ্যতে কী ঘটবে, তা আমরা কেউ জানি না। কাজেই মনের এই ভীতিকে প্রশ্রয় দেওয়ার প্রয়োজন নেই। তুমি এত অল্প বয়সেই ভাইটির সম্পূর্ণ দায়িত্ব নিতে পারবে না। আশা করি তোমাদের আত্মীয়স্বজন এ ব্যাপারে সাহায্য করবেন। ভাই বোন যেখানেই থাকো না কেন, সব সময় ওর সঙ্গে যোগাযোগ রাখবে। ভাইটিকে উৎসাহ দেবে এবং ভালো আচরণ করলে অবশ্যই ওর প্রশংসা করবে, কেমন? সব সময় নিজের শরীরের যত্ন নেবে এবং আশপাশের মানুষের সঙ্গে সুন্দর আচরণ করবে। তাঁরা যখন তোমার সঙ্গেও ভালো আচরণ করবেন, তখন তোমার মনও ভালো থাকবে।