মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন। স্থানস্বল্পতার কারণে সব চিঠির উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা দুঃখিত। —বি. স.সমস্যা: আমার বয়স ২৩ বছর। অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। জন্ম সচ্ছল পরিবারে। আমার সব খরচ পরিবার থেকে চালানো হয়। তার বিনিময়ে আমি খাঁচায় বন্দী জীবনযাপন করছি। মা-বাবা সবসময় আমার ওপর তাঁদের ইচ্ছা চাপিয়ে দেন। যদি কখনো কোনো কারণে অমত করি, তবে অনেক বকা শুনতে হয়, আমি হয়ে যাই বেয়াদপ। যদি কোনো দিন নিজের ইচ্ছা কখনো প্রকাশ করি, তবে আমি হয়ে যাই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী। মাঝেমধ্যে আমার বাবার ইচ্ছার একটু অমত করলে তিনি বলেন, যত দিন আমার আয়ে চলবি, তত দিন আমার ইচ্ছায় চলতে হবে। কিন্তু আমি আমার জীবনকে নিজের মতো সাজাতে চাই। এ বন্দী জীবন থেকে কী করে মুক্ত হব?নাম প্রকাশে অনিচ্ছুকসমাধান: চিঠি পড়ে মনে হচ্ছে বাবা-মায়ের সঙ্গে তোমার সম্পর্কের একধরনের টানাপোড়েন চলছে। তোমাকে কীভাবে বন্দী করে রাখা হচ্ছে, কোন বিষয়গুলো চাপিয়ে দেওয়া হচ্ছে, তা একটু জানালে ভালো হতো। তুমি যে ইচ্ছেগুলো বাস্তবায়ন করতে চাও তা তাঁদের কী কারণে মনঃপূত হচ্ছে না তাও ঠিক বুঝতে পারিনি। তোমার কোনো পরীক্ষার ফলাফল কি তাঁদের কিছুটা হতাশার মধ্যে ফেলে দিয়েছে বলে মনে হয়? তোমাকে কি তাঁরা বেশি করে পড়ালেখা করতে বলেন বলে তুমি বিরক্ত বোধ করছ? তুমি কীভাবে তোমার আবেদনগুলো উপস্থাপন করছ এবং তাঁরা কিছু করতে বললে তোমার সেটাতে অমত থাকলে তুমি কীভাবে আপত্তি জানাচ্ছ, সেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, তুমি যদি কিছুটা আক্রমণাত্মক মনোভাব দেখাও, সেটি তাঁদেরও উত্তেজিত করে তোলার আশঙ্কা তৈরি করে। আমাদের সমাজে অনেকে আছেন, যাঁরা নিজেদের অধিকার নিয়ে সচেতন নন এবং তাঁরা সবার সব আবদার মুখ বুজে সহ্য করেন, কিন্তু মনের ভেতর রাগ ও কষ্ট পুষে রাখেন। যাঁরা শুধু নিজের অধিকার রক্ষায় সচেষ্ট, তাঁরা খুব সহজেই রেগে যান, অন্যের সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং তাঁদের অনেকেই পছন্দ করেন না। কিন্তু আমরা যদি নিজের এবং অন্য সবার অধিকার মাথায় রেখে চলতে পারি, তাহলে সবচেয়ে ভালো হয়। এ ধরনের মানুষেরা তাঁদের চাহিদাগুলো অত্যন্ত দৃঢ়তার সঙ্গে অন্যের প্রতি সম্মান দেখিয়ে উপস্থাপন করেন। কেউ জোর করে কিছু চাপিয়ে দিলেও দৃঢ়তার সঙ্গে বলেন, ‘তোমার অনুরোধ রাখতে পারলে আমি খুশি হতাম। কারণ, তোমাকে আমি সম্মান করি। তবে আমি দুঃখিত যে তোমার কথাটি রাখা আমার পক্ষে সম্ভব নয়।’ এই কথাগুলো বলার সময় যদি গলার আওয়াজটি খুব শান্ত রাখা যায় তাহলে অন্যদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা বেশ সহজ হয় এবং অন্যেরাও তখন তাঁদের সম্মান দেখাতে শুরু করেন। প্রত্যেক মা-বাবাই কিন্তু সন্তানের ভালো হবে মনে করে বিভিন্ন আচরণ করেন, কিন্তু তাঁরা বুঝতে পারেন না যে অনেক সময় তাঁদের আচরণ ভুল হয় এবং সন্তানেরা এতে কষ্ট পায়। সে কারণেই তাঁরা পৃথিবীর সবচেয়ে বড় মঙ্গলাকাঙ্ক্ষী হওয়া সত্ত্বেও সন্তানের সঙ্গে প্রায়ই তাঁদের দূরত্ব সৃষ্টি হয়। তুমি চেষ্টা করো মনটাকে স্থির করে আগে লেখাপড়াটা শেষ করতে। নিজে যখন কিছু উপার্জন করতে সক্ষম হবে তখন তোমার অন্য ইচ্ছেগুলো পূরণের জন্য চেষ্টা কোরো। তবে এমন কিছু নিশ্চয়ই করবে না, যার জন্য তোমার বিবেক তোমাকে পরে কষ্টের ভেতর ফেলে দেয়, কেমন? আশা করি তুমি তাঁদের প্রতি সম্মান রেখেই রাগ না করে মাঝেমধ্যে তোমার কথাগুলো কিছুটা দৃঢ়তার সঙ্গে প্রকাশ করতে শুরু করবে।সমস্যা: আমি অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র। আমি বেশ মিশুক প্রকৃতির। আমার সমস্যা হলো আমি যাকে বা যাদের খুব বেশি পছন্দ করি, তারা যদি অন্য কারোর সঙ্গে কথা বলে বা যদি তাদের পাশে কেউ বসে তাহলে আমার খুব রাগ হয়। এটা তো স্বাভাবিক ব্যাপার, তবুও আমি মানতে পারি না। তাই আমার খুব কষ্ট হয়, আমার মন ভীষণ রকম খারাপ হয়ে যায়, যা কয়েক দিন স্থায়ী হয়। এ সময় আমার পড়ায় মন বসে না, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না। এমনকি খেতে পর্যন্ত মন চায় না। এটা আমার ছোটবেলার একটা সমস্যা। আগে ভাবতাম, বড় হলে ঠিক হবে কিন্তু এখন তা আরও বেড়েছে। এখন আমার কী করা উচিত?নাম প্রকাশে অনিচ্ছুকবগুড়াসমাধান: এ ব্যাপারটি নিয়ে তুমি এতটা সচেতন এবং এটিকে যে ঠিক করা দরকার বলে মনে করছ তা সত্যিই প্রশংসার দাবিদার। তোমার মস্তিষ্কের যুক্তির জায়গাটি আবেগের জায়গাটির সঙ্গে সমন্বয় সাধন করে চলতে পারছে না। যুক্তির জায়গাটি বলছে, এটি হতেই পারে যে তোমার পছন্দের মানুষগুলোকে অন্যরাও পছন্দ করতে পারে এবং তাদেরও অধিকার রয়েছে অন্যদের সঙ্গে আন্তরিকভাবে মেশার। কিন্তু একই সঙ্গে আবেগীয়ভাবে তুমি প্রচণ্ড নিরাপত্তাহীনতা, অবহেলা ও দুশ্চিন্তা বোধ করছ। এ কারণে প্রথমে এক ধরনের রাগ এবং পরবর্তী সময়ে বিষণ্নতায় চলে যাচ্ছো। বিষণ্ন বোধ করার কারণেই এই উপসর্গগুলো হচ্ছে। মনে হচ্ছে, তুমি খুব বেশি সংবেদনশীল একটি মানুষ এবং ছেলেবেলা থেকেই কাছের মানুষের মনোযোগ, স্নেহ, ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষাটি খুব প্রবলভাবে তোমার ভেতর কাজ করেছে। প্রতিটি পরিবারই যদি শিশুর শরীরের বিকাশের সঙ্গে মনের বিকাশের জায়গাগুলো জেনে তাঁদের সন্তানদের বড় করতেন, তাহলে আমরা মনের দিক থেকে অনেক শক্তিশালী এবং আত্মবিশ্বাসী হতে পারতাম। তুমি সব সময় চেষ্টা করবে যুক্তিপূর্ণ মনের সঙ্গে আবেগের মনটির একটি সংযোগ ঘটাতে। নিজের সঙ্গে নিজেই কথা বলে আবেগের জায়গাটিকে সাহস জোগাবে এই বলে যে কেউ তোমাকে ছেড়ে যাচ্ছে না এবং কেউ কখনো অবহেলা দেখালেও তুমি নিজেকে শ্রদ্ধা করবে এবং ভালোবাসবে। তোমার রাগ ও বিষণ্নতা আরও বেড়ে গেলে, তোমাকে প্রশিক্ষণপ্রাপ্ত কোনো মনোবিজ্ঞানীর কাছে কাউন্সেলিং বা সাইকোথেরাপির সাহায্য নিতে হবে।