মনের জানালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন। স্থানস্বল্পতার কারণে সব চিঠির উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা দুঃখিত।—বি. স.সমস্যা: আমি সম্মান দ্বিতীয় বর্ষে পড়ি। প্রচণ্ড শাসনে বড় হয়েছি। একটা কিছু হলেই বাবা-মা ভীষণ মারধর করতেন। ১২-১৩ বছর পর্যন্ত চলে সেই শাসন। তারপর বড় হয়ে যাচ্ছি এই কারণে হয়তো বা শাসনের মাত্রা কিছুটা কমে। কিন্তু শুরু হয় ভাইদের নির্যাতন। সেটা না দেখলে কেউ বিশ্বাস করবে না। যেকোনো উছিলায়, যেকোনো কারণে তারা আমাকে শারীরিকভাবে নির্যাতন করে। আর চলে অকথ্য ভাষায় গালাগাল। তবে আমি নীরবে সব সহ্য করিনি। যখন ওরা আমাকে মারে, তখন আমিও প্রতিবাদী হয়ে উঠি। কিন্তু শারীরিকভাবে পেরে উঠি না। ফলে ওরা আরও হিংস্র হয়ে ওঠে। আমি এসব সহ্য করতে পারছি না। কী করব আমি?নাম-ঠিকানা পাওয়া যায়নি পরামর্শ: আমাদের দেশের অনেক অভিভাবকই যে কতটা ভুলভাবে তাঁদের সন্তানদের বড় করছেন, তা তাঁরা একেবারেই বুঝতে পারেন না। তাঁদের একটি বড় অংশ দৃঢ়ভাবে বিশ্বাস করেন, সন্তানদের শাস্তি দিলেই তারা সঠিক পথে চলবে। তাঁদের ধারণা নেই যে শারীরিক ও মানসিক শাস্তি একটি শিশুর মনোসামাজিক বিকাশ কী প্রচণ্ডভাবে বাধাগ্রস্ত করে। তাঁরা তাঁদের সন্তানদের নিজেদের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে দেখেন এবং মনে করেন যে সন্তানের প্রতি নিষ্ঠুর আচরণ করার অধিকার তাঁদের রয়েছে। তবে তাঁদের পুরোপুরি দোষারোপ করা যায় না। কারণ, শাস্তির পরিবর্তে অন্য কী ধরনের কৌশল অবলম্বন করে তাঁদের সন্তানদের নেতিবাচক আচরণগুলো নিয়ন্ত্রণ করবেন, তা তাঁরা জানেন না। উন্নত বিশ্বে অভিভাবকেরা তাই সন্তানের জন্মের আগে এবং পরে ইতিবাচক প্যারেন্টিং বা লালন-পালন সম্পর্কিত কর্মশালায় অংশ নেন। এর পরও অনেক অভিভাবকই সেসব দেশে শিশুদের গায়ে হাত তোলেন। সন্তানেরা তখন পুলিশকে ফোন করে অভিযোগ করতে পারে। সে ক্ষেত্রে অভিভাবকদের শাস্তি পেতে হয়। তুমি ভাইবোনদের মধ্যে সবার ছোট কি না, তা উল্লেখ করোনি। তোমার অন্য ভাইবোনেরাও কি শৈশবে মা-বাবার দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছে? এ কারণেই কি তারাও পরবর্তী সময়ে নির্যাতনকারী হিসেবে পরিণত হয়েছে? তুমিও খুব ছোটবেলা থেকে নির্যাতিত হয়েছ বলে হয়তো তোমার মধ্যে জেদ বেশি হয়েছে। যখন কেউ তোমাকে কোনো কথা অমান্য করার জন্য অমানুষিকভাবে নির্যাতন করছে, তখন তুমিও হয়তো বেপরোয়া এবং প্রতিবাদী হয়ে উঠছ। তুমি এখন একজন প্রাপ্তবয়স্ক নারী, অথচ তোমার ভাইবোনেরা তোমার শরীরের সীমারেখাকে মোটেও শ্রদ্ধা করছে না। যেহেতু এটি একটি নিয়মে দাঁড়িয়ে গেছে, হয়তো খুব শিগগির এর পরিবর্তন হবে না। তুমি খুব ভালোভাবে ভেবে দেখার চেষ্টা করো তোমার কোন আচরণগুলো তাদের মধ্যে এ ধরনের নিষ্ঠুরতা তৈরি করছে। তুমি চেষ্টা করো সেই আচরণগুলো যথাসম্ভব কমিয়ে ফেলতে। জেদ করে কোনো নেতিবাচক আচরণ করবে না। যখন ভাইবোন সবাই মানসিকভাবে ভালো আছে বলে মনে হবে, তখন সম্ভব হলে তোমার মনের ভাবগুলো একটুও রাগ বা অভিমান না করে প্রকাশ করবে। তাদের বলবে, এই আচরণগুলো তোমার আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদাবোধে আঘাত করছে এবং তুমি খুব কষ্ট পাচ্ছ। তোমার যে আচরণগুলো তাদের মধ্যে আক্রমণাত্মক হওয়ার প্রবণতা সৃষ্টি করছে, সেগুলো থেকে চেষ্টা করো নিজেকে বিরত রাখতে। তুমি মনে কোরো না এতে তোমার আত্মসম্মান ক্ষুণ্ন হচ্ছে। নির্যাতনের শিকার হয়েছ বলে তোমার মর্যাদা বা গুরুত্ব কমে গেছে, এমন মনে কোরো না। নিজেকে সব সময় বোঝাবে, তুমি এই প্রতিকূল পরিবেশে থেকেও নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করবে এবং তোমার সন্তানদের তুমি একই সঙ্গে আদর-স্নেহ এবং ইতিবাচক শৃঙ্খলা দিয়ে বড় করবে, কেমন? অনেক ভালোবাসা রইল।সমস্যা: আমি আগে সব সময় হাসিখুশি থাকতাম। এখন শুধু কষ্টে থাকি। আমরা চার ভাই, এক বোন। বোন আমাদের ছোট। আমরা সবাই ওকে ভালোবাসতাম। কিন্তু আমি সবার চেয়ে আমার বোনকে ভালোবাসি। বোনের সঙ্গে আমার বন্ধুর মতো সম্পর্ক। কিন্তু আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে। ও অন্যের ঘরে চলে যাবে, আমার ভাবতেও কষ্ট হয়। ওকে ছাড়া আমি বাড়িতে কেমন করে থাকব?রাজু আহমদমৌলভীবাজার, শাহবন্দরপরামর্শ: ছোট বোনটির বিয়ে হয়ে যাচ্ছে, এতে তোমার মন খারাপ হওয়াটা খুব স্বাভাবিক। আমাদের সামাজিক ব্যবস্থা অনুযায়ী মেয়েরাই বাড়ি ছেড়ে চলে যায়। এতে মেয়েটির পরিবার খুব কষ্ট পায়। তোমরা দুই ভাইবোন যেহেতু মনের দিক থেকে খুব কাছাকাছি ছিলে, অন্য সবার তুলনায় তোমার কষ্টটা অনেক বেশি হচ্ছে। তোমার কি বাইরে কোনো বন্ধুবান্ধব নেই? পরিবারের বাইরেও আমাদের বন্ধু তৈরি করা খুব জরুরি। হয়তো তুমি ওর সঙ্গে সব কথা শেয়ার করে খুব ভালো অনুভব করতে, সে কারণে বাইরে ভালো বন্ধু তৈরি করার তাগিদ অনুভব করোনি। তবে আমাদের জীবনের বাস্তবতা যেহেতু সব সময় একই রকম নয়, সে কারণে পরিবর্তিত পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার মানসিক ক্ষমতা তৈরি করা অত্যন্ত প্রয়োজন। তোমার বোনও যদি তোমার ওপর আবেগের দিক থেকে খুব নির্ভরশীল থাকে, তাহলে ওরও কিন্তু অন্য একটি পরিবেশে গিয়ে ভালো থাকা খুব কষ্টকর হবে। যেহেতু ওকে নিজের পরিবার ছেড়ে সম্পূর্ণ ভিন্ন একটি পরিবেশে যেতে হবে, এখন তোমারই দায়িত্ব হচ্ছে মনকে শক্তিশালী করে ওকেও মানসিক শক্তি জোগানো। নিজেকে এটাও বলবে, সময়ের সঙ্গে আমরা সদিচ্ছা থাকলে সবকিছুর সঙ্গেই মানিয়ে চলতে পারি। যখন টেনশন তোমাকে খুব দুর্বল করে দিতে চাইবে, তখন অন্য কিছু নিয়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করবে। এ ছাড়া কিছু সুস্থ বিনোদনের সঙ্গেও নিজেকে যুক্ত রাখবে। তোমার আবেগের ওপর তোমার যথেষ্ট নিয়ন্ত্রণ আছে—এই কথাও আস্তে আস্তে নিজেকে বিশ্বাস করাও, কেমন? অনেক শুভকামনা রইল।