মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন। স্থানস্বল্পতার কারণে সব চিঠির উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা দুঃখিত।—বি. স.সমস্যা: আমার দুই চাচাতো ছোট ভাই প্রায়ই আমাকে অপমানসূচক কথা বলে। হয়তো বা আমার আচার-আচরণে কিছুটা ভুল পায় ওরা, কিন্তু ওদের অপমানসূচক কথাবার্তা আমার সহ্য হয় না। আবার, আত্মবিশ্বাসের ঘাটতির জন্য আমি প্রতিবাদও করতে পারি না। কারণ, আমি নিজেই বুঝতে পারি না, আমি ভুল করছি নাকি ওরাই ভুল করছে। প্রকৃতপক্ষে আমার কী করা উচিত?মো. সাহিদকালুখালী, রাজবাড়ীপরামর্শ: তোমার চেয়ে বয়সে ছোট চাচাতো ভাইয়েরা তোমাকে কী ধরনের অপমানজনক কথা বলেছে সেগুলো উল্লেখ করলে ভালো হতো। তোমার বয়স এখন কত তাও লেখোনি। শৈশবকাল থেকেই কি ওদের মধ্যে তোমাকে ছোট করার একটা প্রবণতা তুমি লক্ষ করেছ? ওদের এই আচরণের পর তুমি কীভাবে সব সময় প্রতিক্রিয়া ব্যক্ত করো তা জানা খুব প্রয়োজন ছিল। তোমাকে তোমার পরিবারের অন্য সদস্যরা শৈশবকাল থেকে কতটা গুরুত্ব দিয়েছেন, কোনো ভালো কাজের জন্য প্রশংসা করেছেন কি না বা চেষ্টা করলে আরও ভালো কৃতিত্ব দেখাতে পারবে—এ কথা বলতেন কি না সেগুলো জানতে পারলে তোমার মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি কেন হয়েছে তা বোঝা যেত। মনে হচ্ছে তুমি তোমার সবল ও শক্তিশালী দিকগুলোর চেয়ে দুর্বল দিকগুলো নিয়েই বেশি ভাবো। হতে পারে যে শৈশবে তোমার নেতিবাচক দিকগুলোর প্রতি বেশি ইঙ্গিত করা হয়েছে বলে আত্মবিশ্বাসের জায়গাটি নড়বড়ে হয়ে গেছে। আমাদের সবার মধ্যেই ভালো-মন্দ বৈশিষ্ট্য রয়েছে এবং সবচেয়ে ভালো হয়, যদি সেগুলো আমরা চিহ্নিত করতে পারি। এরপর ইতিবাচক বৈশিষ্ট্যগুলো আমরা আরও ভালো করার চেষ্টা করব, আর সেই সঙ্গে নেতিবাচক দিকগুলোর উন্নয়নে সব সময় সচেষ্ট থাকব। তুমি প্রতিদিন তোমার নিজের কাছে নিজের ব্যক্তিত্বের যে দিকগুলো খুব ভালো বলে মনে হয় সেগুলো একটি-দুটি করে নোটবুকে লিখবে এবং তোমার জীবনের ছোট-বড় সফল গল্পগুলো লিখবে। তোমার মধ্যে কিছু দুর্বলতা যদি থাকেও সেটি নিয়ে নিজেকে একটুও অসম্মান করবে না, কেমন? কারণ এগুলোর জন্য তুমি সম্পূর্ণ দায়ী নও। তবে এখন যেহেতু তুমি বড় হয়েছ, নিজেকে সব দিক দিয়েই তৈরি করতে থাকো। লেখাপড়ার পাশাপাশি অন্য সুস্থ চর্চাগুলো করতে শুরু করো। যেমন, অনেকের সঙ্গে পরিচিত হওয়া, ভালো বই পড়া, ভালো চলচ্চিত্র ও নাটক দেখা, আবৃত্তি, বিতর্ক, সামাজিক কাজ ইত্যাদি কার্যক্রমের সঙ্গে জড়িত হতে পারলে তোমার আত্মবিশ্বাস বাড়বে এবং সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষ সম্পর্কে জ্ঞানও হবে। আমি অনুরোধ করব চাচাতো ভাইদের মন্তব্যগুলো নিজের ভেতরে না নিতে। যদি তার মধ্যে কিছু সত্যতা থাকেও তাহলে সেগুলোসহই নিজেকে শ্রদ্ধা করে এবং যথেষ্ট ভালোবেসে জীবনের পথে চলবে। তোমার ভেতরে হীনম্মন্যতা কমে গেলে বাইরে থেকে কেউ অসম্মান করলেও সেটি তোমাকে এত কঠিনভাবে আঘাত করতে পারবে না। তুমি তখন আত্মবিশ্বাসের সঙ্গে ওদের ওপর রাগ না দেখিয়েও সুন্দরভাবে বলতে পারবে, যে কথাগুলো ওরা বলছে সেগুলো সব সত্যি নয়। চিঠির জন্য ধন্যবাদ।সমস্যা: আমি একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে সম্মান দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি। উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে পড়ার সময় আমার এক কাজিনকে পছন্দ করতাম এবং তার ফলে যা হয় আর কী...। কিন্তু আমি যখন জানতে পারলাম, সে অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে, তখন আমি অনেক কষ্টে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করি এবং একসময় স্বাভাবিক হয়ে যাই। কিন্তু গত এক-দেড় মাস আগে সেই কাজিনের সঙ্গে ফোনে কিছু কথা হয়, তারই প্রয়োজনে। সমস্যা হচ্ছে, সে কয়েক দিন আগে বাড়িতে জানিয়েছে আমি তাকে ফোনে বিরক্ত করি, যখন-তখন অন্য নম্বর থেকে ফোন করি, এসএমএস দিই। এ কথা সম্পূর্ণ মিথ্যা। কথাটা আমাদের সব আত্মীয়স্বজনের মধ্যে জানাজানি হয়েছে। ফলে আমি মানসিকভাবে হীনম্মন্যতায় ভুগছি। কোনো কাজে মনোযোগ দিতে পারছি না। সামনে পরীক্ষা, পড়াশোনায় মনোযোগী হতে পারছি না। আবার লজ্জায় বাড়িও যেতে পারছি না। সমাধান দিলে কৃতজ্ঞ হব।শফিউল হাসানচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়পরামর্শ: আমি বুঝতে পারছি আত্মীয়স্বজনের কাছে তোমাকে যথেষ্ট হেনস্তা হতে হয়েছে। তবে তোমার চিঠি পড়ে পরিস্কারভাবে বুঝতে পারলাম না তুমি, ‘যা হয় আরকি’ বলতে কি বুঝিয়েছো। তুমি কি তোমার কাজিনকে পছন্দের কথা জানিয়েছিলে? তোমাদের সম্পর্ক কি বেশ কিছুদিন চলেছে? এই তথ্যগুলো পেলে বোঝা যেত ওর সঙ্গে তোমার একটি পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধাবোধ আদৌ গড়ে উঠেছিল কি না। আমার কেন যেন মনে হচ্ছে, মেয়েটি অন্য একজনের সঙ্গে সম্পর্ক করছে বলে তুমি হয়তো কিছু একটা করেছিলে যা মেয়েটিকে তোমার প্রতি খেপিয়ে তুলেছিল। পরে তুমি যখন আবার মেয়েটির প্রয়োজনে ওর সঙ্গে কথা বলেছ, তখন হয়তো সে আগের জমে থাকা কোনো ক্ষোভের কারণে তোমার সম্পর্কে এ ধরনের কথাগুলো বলেছে। আমাদের প্রত্যেকের সব আচরণের পেছনে কোনো না কোনো কারণ থাকে। অনেক সময় এগুলো অবচেতন মনের স্তরে থাকে বলে আমরা বুঝতে পারি না ঠিক কী কারণে আমরা বিশেষ কিছু আচরণ করে ফেললাম। তুমি ভালো করে চিন্তা করে দেখো, তোমার কোনো আচরণ ওর মধ্যে প্রচণ্ড রাগ তৈরি করেছে কি না। যদি সে রকম কিছু খুঁজে না পাও, তাহলে এ নিয়ে বেশি ভেবে নিজেকে আর কষ্ট দিয়ো না। সম্ভব হলে কোনো কাছের বিশ্বস্ত বন্ধু এবং পরিবারের খুব কাছের কারও সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে মনটাকে হালকা করতে চেষ্টা করো। তুমি এমন কিছু করোনি যে তোমাকে লজ্জায় বাড়িতে বসে থাকতে হবে। নিজেকে সম্মান করে চলতে পারলে অন্যদের সঙ্গে তোমার আচরণও খুব সুন্দর হবে। তুমি নিজের কাছে প্রতিজ্ঞা করবে, জীবনের লক্ষ্য অর্জনে বাধা সৃষ্টি করে এমন কিছু তুমি করবে না, কেমন? অনেক শুভকামনা রইল।