মনের জানালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন। স্থানস্বল্পতার কারণে সব চিঠির উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা দুঃখিত।—বি. স.সমস্যা: ২০ বছর বিবাহিত জীবন আমার। স্বামীর সবকিছুই মেনে চলতে হয়। একটু বিরোধিতা করলে অশ্লীল ভাষায় বকা দেয়। সে কম্পিউটারে, মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে। সেসব ছবি অনেক বাজে। ফেসবুকে বাজে মেসেজ লেনদেন করে। কিছু জিজ্ঞাসা করলে মিথ্যা কথা বলে। আমাকে সব সময় শাসায় যে তার সবকিছু মেনে নিয়ে থাকতে পারলে ভালো, নইলে বিপদ। সে চুপিচুপি ফেসবুকের বন্ধুদের সঙ্গে দেখা করে। আমি তো স্ত্রী। বুঝি, সে কী করে এল। তাও তার চরিত্র নিয়ে কথা বলি না। সেও বলে ভালো হয়ে যাবে কিন্তু তা তো হয় না। শুধু এ ব্যাপারেই না, আমাকে অর্থের দিক থেকেও পিষে মারছে। উচ্চশিক্ষিত এই মানুষটাকে আমি পাগলের মতো ভালোবাসি। অথচ সে অন্য নারীদের নিয়ে ব্যস্ত। আমার অসুখ-বিসুখ, খাওয়া-পরা নিয়ে তার কোনো মাথাব্যথা নেই।নাম প্রকাশে অনিচ্ছুকপরামর্শ: তোমার বর্তমান বয়স কত, তুমি কত দূর লেখাপড়া করেছ, তোমাদের কোনো সন্তান আছে কি না, এসব তথ্য চিঠিতে উল্লেখ করলে ভালো হতো। তোমার স্বামীর চরিত্র ২০ বছরের বিবাহিত জীবনের প্রথম থেকেই এ ধরনের ছিল কি না, তা-ও বুঝতে পারলাম না। যদি সব সময় তার চরিত্র একই রকম হয়ে থাকে, তাহলে সেটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তোমার বর্ণনা থেকে বোঝা যাচ্ছে, তোমার প্রতি স্বামীর শ্রদ্ধাবোধ নেই এবং সে তোমার আদর-যত্নও করে না। তোমার অর্থনৈতিক স্বাধীনতাও নেই বলে মনে হচ্ছে। এতটা নেতিবাচক পরিবেশে বসবাস করাটা অত্যন্ত পীড়াদায়ক ও অপমানজনক। এর পরও বলছ, তাকে তুমি পাগলের মতো ভালোবাসো। তুমি কি ভালো করে ভেবে দেখবে, এটা কি সত্যিই ভালোবাসা নাকি তোমার অসহায়ত্বের কারণে এক ধরনের নির্ভরশীলতা? তুমি কি তোমার স্বামীকে একজন মানুষ হিসেবে একটুও শ্রদ্ধা করতে পারছ? ভালোবাসার সঙ্গে কিন্তু শ্রদ্ধাবোধ এবং বিশ্বাস অবশ্যই থাকতে হবে। তোমার অভিভাবকেরা বা ভাইবোনেরা তোমাকে কোনো মানসিক বা আর্থিক সহায়তা দেন কি না জানি না। আমার অনুরোধ থাকবে, যদি এতটা অসম্মানের পরও স্বামীর কাছেই থাকতে হয়, তাহলে তার কার্যকলাপের ব্যাপারে বেশি আগ্রহ না দেখিয়ে নিজের প্রতি যত্নশীল হও। সম্ভব হলে ছোটখাটো কোনো কাজ করে সামান্য হলেও উপার্জনের চেষ্টা করো। এ ছাড়া কোনো দক্ষতা অর্জনের জন্য নিজের পরিবারের কারও কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে কোনো কোর্সে অংশ নাও। তুমি স্বাধীনভাবে কিছু করতে পারলে নিজেকে অনেক বেশি শ্রদ্ধা করতে পারবে। আত্মসম্মানবোধ ও আত্মবিশ্বাস তৈরি করতে পারলে তোমার কাছে জীবনটা অনেক বেশি অর্থবহ মনে হবে। তখন মন এত ভালো থাকবে যে শরীরটাকেও সব সময় সুস্থ রাখতে ইচ্ছে করবে। আশা করি তুমি এখন থেকে সারাক্ষণ শুধু একটি মানুষের মনোযোগ না পাওয়ার জন্য দুঃখ না করে এই অসহায় অবস্থা থেকে বেরিয়ে এসে মাথা উঁচু করে পথ চলবে। তোমাকে দেখে অন্য অবহেলিত মেয়েরাও উৎসাহিত হতে পারে এমন কিছু কাজ করার জন্য প্রত্যয়ী হও। সমস্যা: আমার বয়স ৩০ বছর। ২০০০ সালে মৃগী রোগ ধরা পড়ায় এখন পর্যন্ত ওষুধ চালিয়ে যাচ্ছি। যেই চিকিৎসকের ওষুধ আমি চালিয়ে যাচ্ছি, তিনি একজন প্রবীণ এবং এফসিপিএস ডিগ্রিধারী। এখন আমার সমস্যা হলো আমি কোনো কিছুই বেশিক্ষণ মনে রাখতে পারি না। এই চিকিৎসকের প্রতি আমার ঘৃণা এসে যাওয়ার কারণে আমি অন্য চিকিৎসার প্রতি আকৃষ্ট হয়ে আমি সেই ওষুধ খাই। ওষুধটা ছিল হারবাল-জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কিন্তু এই ওষুধ খাওয়ার পর আবার রিঅ্যাকশন হয় এবং রোগটা আরও ঘন হয়ে যায়। আবার একজন হোমিওপ্যাথি চিকিৎসককে দেখানোর পর তিনি ইইজি করার পরামর্শ দেন, যেটা আমি এখনো করিনি। এই রোগ হওয়ার ফলে আমার কাজেরও খুব ব্যাঘাত ঘটছে। এই রোগটা আমার বোনেরও রয়েছে। এখন আমার প্রশ্ন হলো, এই রোগটা বংশগত কি না? বিদেশে এর কোনো উন্নত চিকিৎসা আছে?রিন্টু পরামর্শ: শুধু রোগের নাম উল্লেখ না করে তুমি যদি উপসর্গগুলোও লিখতে, তাহলে আমার বুঝতে সুবিধা হতো। প্রথমেই তুমি কোনো স্নায়ুরোগ বিশেষজ্ঞের কাছে গেলে খুব ভালো হতো। তিনি মস্তিষ্কের ইইজি দেখলে বুঝতে পারতেন তোমার এপিলেপসি হয়েছে কি না। যদি সেটি স্বাভাবিক থাকে তাহলে বুঝতে হবে এই উপসর্গগুলো শারীরিক কোনো কারণে নয়, মানসিক কারণে ঘটছে। তখন বুঝতে হবে কনভার্সন ডিসঅর্ডারের কারণে এটি ঘটছে। এই ডিসঅর্ডারের উপসর্গগুলো এমন যে মনে হয় স্নায়ুতন্ত্রে বা মস্তিষ্কের কোনো অংশের ক্ষতি হওয়ার ফলে শরীরের কম্পন, অবশ হয়ে যাওয়া, অজ্ঞান হওয়া ইত্যাদি ঘটছে। কিন্তু এর পেছনে আমাদের মানসিক কারণগুলোই মূলত কাজ করে। এই অসুস্থতায় যারা ভোগে, তারা কোনো চাপমূলক পরিস্থিতিতে অবচেতনভাবেই নিজেকে পারিপার্শ্বিক পরিবেশ থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলে। আর এটি অবচেতন মনের প্রভাবে ঘটে বলে ব্যক্তির কোনো নিয়ন্ত্রণ এর ওপর থাকে না। বলা হয় যে এই অসুস্থতায় ভুগতে থাকা মানুষেরা নিজের অজান্তেই অন্যের মনোযোগ আকর্ষণের জন্যও বারবার এ ধরনের উপসর্গের শিকার হচ্ছে। মনঃসমীক্ষক সিগমন্ড ফ্রয়েডের মতে, আমরা শৈশবে নিজেদের পীড়াদায়ক স্মৃতিগুলো খুব বেশি অবদমন করতে থাকলে এই অসুস্থতা দেখা দিতে পারে। তুমি জানতে চেয়েছ এটি বংশগত কি না। এ ব্যাপারে এখন তুমি না ভেবে তুমি আর তোমার বোন দুজনেই একজন ভালো নিউরোলজিস্টের শরণাপন্ন হও। তিনি রোগ নির্ণয় করে বলে দেবেন তোমাদের কী ধরনের চিকিৎসার অধীনে থাকতে হবে। যদি মানসিক কারণে হয়ে থাকে তাহলে তোমাদের অবশ্যই ওষুধ খেলেও বেশ কিছুদিন পর্যন্ত সাইকোথেরাপির সাহায্য নিতে হবে।