মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘ দিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয় পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন। স্থানস্বল্পতার কারণে সব চিঠির উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা দুঃখিত।—বি. স.সমস্যা: সবাই বলে, আমি খুব মেধাবী। ছোটবেলা থেকেই সব সময় ক্লাসে ফার্স্ব-সেকেন্ড হই। গোল্ডেন এ+ ছিল সুপ্রত্যাশিত। কিন্তু এ বছর মাধ্যমিক পরীক্ষায় আমি ফেল। কেউ বিশ্বাসই করতে পারেনি। নবম শ্রেণী থেকেই মনোযোগ হারাতে শুরু করি। প্রচুর গল্প-উপন্যাস পড়তাম (দেড় বছর ধরে কমিয়ে দিয়েছি)। তবে আমার কোনো মেয়েবন্ধু ছিল না। নিজের ভেতরে অন্য রকম এক জগৎ তৈরি করে ফেলেছি—কল্পনার জগৎ। দিবাস্বপ্নে মজে থাকি। সামনে এসএসসি পরীক্ষা। এখনো এ জগৎ থেকে নিজেকে মুক্ত করতে পারিনি। আমার স্বপ্ন অনেক বড়। নটর ডেম কলেজে পড়ার ইচ্ছা। আমার বিশ্বাস, যে কটা দিন হাতে আছে, তা কাজে লাগালে সফল হব। আমি নিজেকে প্রচুর অটো সাজেশন দিই। নিজেকে অনুপ্রাণিত করে কবিতাও লিখেছি, এমনকি একমাত্র মেয়েবন্ধু (ছয় মাস হলো পরিচয়) যাকে অনেক ভালোবাসি, তার সঙ্গেও যোগাযোগ প্রায় বন্ধ করে দিয়েছি যাতে মনোযোগ বিঘ্নিত না হয়; কিন্তু পারছি না। আচ্ছা, আমি যে সব বুঝেও পারি না, এটা কি নানা প্রত্যাশার চাপে কোনো মানসিক সমস্যা? কীভাবে মনোযোগী হব?বি.দ্র. বয়স ১৭ ঊর্ধ্ব। খারাপ বন্ধুদের সঙ্গে মিশি না, নেশা করি না। শ্রাবণকে কে গভ. ইনস্টিটিউশন, মুন্সিগঞ্জ। পরামর্শ: বয়ঃসন্ধিতে এসে কল্পনার জগতে বিচরণ করাটা খুব স্বাভাবিক। তবে তা যদি অতিরিক্ত হতে থাকে, তবে আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলো খুব ব্যাহত হয়। শুধু কি এ কারণেই তুমি নবম শ্রেণীতে এসে মনোযোগ হারিয়েছ? নাকি সে সময় তোমার জীবনে মানসিক চাপ তৈরি করার মতো কিছু ঘটেছিল? অনেক সময় চারপাশের পরিবেশেই আমাদের মনে দুঃখ বা ক্ষোভ তৈরি করার উপাদান থাকে। নিজের প্রত্যাশা পূরণের তাগিদ এবং প্রতিকূল পরিস্থিতি—সব মিলিয়ে আমরা অবচেতন মনের প্রভাবেই কল্পনার জগতে প্রবেশ করি। বয়ঃসন্ধিতে লেখাপড়ার পাশাপাশি সুস্থ বন্ধুত্ব, খেলাধুলা এবং কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারলে অনাকাঙ্ক্ষিত চিন্তা আমাদের মনকে বিপর্যস্ত করার সুযোগ পায় না। তুমি এখন দূরের ভবিষ্যতে কী হবে, তা না ভেবে প্রতিটি দিন কাজে লাগানোর জন্য নিজেকে উৎসাহিত করো। আমাদের স্বপ্ন থাকা ভালো, তবে সেই স্বপ্নগুলোর ভাবনা যদি বর্তমানের সময়গুলো কেড়ে নেয়, তাহলে এর জন্য অনেক মূল্য দিতে হয়। মেয়েবন্ধুদের সঙ্গে শুধু বন্ধু হিসেবে কথা বললে কোনো অসুবিধা নেই। এ বয়সে প্রেমের সম্পর্ক তৈরি হয়, তবে এতে লেখাপড়াও খুব বিঘ্নিত হয়। এখনকার সম্পর্কগুলোতে যুক্তির চেয়ে আবেগ বেশি থাকে। এ জন্য টানাপোড়েন চলতে থাকে এবং সম্পর্কও খুব দীর্ঘস্থায়ী হয় না। তুমি নিজেকে অনেকভাবে অনুপ্রাণিত করছ জেনে খুব ভালো লাগল। এ চর্চাগুলো অবশ্যই অনেক উপকার বয়ে আনবে তোমার জীবনে। তবে ভবিষ্যতের পরিকল্পনাগুলো তোমার ক্ষমতা ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে করতে পারলে ভালো হয়। তুমি লিখেছ নিজের ওপর তোমার যথেষ্ট আস্থা রয়েছে। এ বিশ্বাস সঙ্গে নিয়ে বর্তমানের ওপর গুরুত্ব আরোপ করে এগিয়ে যাও। নিশ্চয়ই তুমি জয়ী হবে। সমস্যা: আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দ্বিতীয় বর্ষে পড়ছি। আমার এক বান্ধবী খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। দশম শ্রেণী থেকে ওর সঙ্গে পরিচয়। প্রথম দেখার পর থেকে ওকে অনেক মিস করতাম। একপর্যায়ে ওকে অনেক ভালোবেসে ফেলি। কিন্তু ওকে যে আমি ভালোবাসি সেটা আজ পর্যন্ত বলতে পারিনি। সেও আমাকে ভালোবাসে কিন্তু সেটাও ওর নিজের মুখ থেকে আমার শোনার সুযোগ হয়নি। ছোটবেলা থেকে আমি ধর্মীয় রীতিনীতি মেনে চলতে অভ্যস্ত। এ জায়গাটাই আমাকে সবচেয়ে বড় বাধা দেয়। সামান্য রক্ষণশীল বা একগুঁয়ে মনোভাবের কারণে ওকে আমি আজও সেই বিশেষ প্রস্তাবটি দিতে পারিনি। আমার মনে হয় না যে সে আমার জন্য আর বেশিদিন অপেক্ষা করবে। ওর সঙ্গে আমার প্রায়ই ফোনে কথা হয়। এখন আমি সবচেয়ে বেশি যে সমস্যার সম্মুখীন হচ্ছি তা হচ্ছে—আমার লেখাপড়া, ঘুম, খাওয়া-দাওয়াসহ সবকিছুর মধ্যে ওকে নিয়ে চিন্তা, ওর ভাবনা আমাকে বিরক্ত করে তুলছে। কোনো কিছুতেই মন বসছে না। লেখাপড়ায় মনোযোগ আসে না, ঠিকমতো ঘুমাতে পারি না। সর্বদা ওকে নিয়ে ভাবি। আমার অন্য বন্ধুদের মতো জীবনটাকে উপভোগ করতে পারছি না। মনে হচ্ছে, কোথায় যেন একটা শূন্যতা অনুভব করছি। কিন্তু তাদের অনেকের মতো উচ্ছৃঙ্খল জীবন বিশেষ করে মেয়েদের সঙ্গে বেশি কথা বলা, আড্ডা দেওয়া, ঘোরাঘুরি এগুলোও আমি পছন্দ করি না। এখন কী করব?তনু ঢাকা বিশ্ববিদ্যালয়।পরামর্শ: এখন তো তোমরা দুজনেই প্রাপ্তবয়স্ক। বিষয়টি খোলাখুলিভাবে দুজনের মধ্যে আলোচনা হতে পারে। মেয়েটির নিজেকে নিয়ে কী ধরনের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে, ওর পরিবার ওকে বিয়ে দেওয়ার কথা ভাবছে কি না—এ বিষয়গুলো তো তোমার জানা প্রয়োজন। ধর্মীয় চর্চা অব্যাহত রেখেই মেয়েটির প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা দেখিয়ে তুমি খুব সুন্দরভাবেই নিজের মনের অস্থিরতা, দুশ্চিন্তা, ভালোলাগা সবকিছুই ওকে বলতে পার। তবে তোমাকে এর আগে নিজের মনকে প্রস্তুত করতে হবে। মেয়েটি যদি কোনো কারণে ইতিবাচক সাড়া না দেয়, তাহলেও যেন তুমি মানসিকভাবে খুব বেশি বিপর্যস্ত না হও সেভাবে তৈরি থেক। মনের ভাব প্রকাশ করতে না পারলে প্রচণ্ড মানসিক চাপ সৃষ্টি হয়। আমরা দৈনন্দিন কাজগুলো ঠিকমতো করতে পারি না। আর উচ্ছৃঙ্খল জীবন বলতে তুমি কী বোঝাতে চেয়েছ জানি না। তবে প্রতিটি মানুষের জীবনে ভালো বন্ধুর খুব প্রয়োজন রয়েছে। দিনের কিছুটা সময় বন্ধুদের সঙ্গে আনন্দময় অভিজ্ঞতা আমাদের দুশ্চিন্তা, বিষণ্নতা অনেকাংশে কমিয়ে দেয়। এর ফলে আমাদের কর্মক্ষমতাও বেড়ে যায়। আমি আশা করব, সারাক্ষণ একটি চিন্তার মধ্যে নিজেকে ব্যস্ত না রেখে তুমি অন্যান্য কার্যক্রমেও সম্পৃক্ত হবে। নিজের শরীর ও মন ভালো রেখে জীবনের লক্ষ্য নির্ধারণ করে পদক্ষেপগুলো নেবে। শুভ কামনা রইল।