মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয় পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন।স্থানস্বল্পতার কারণে সব চিঠির উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা দুঃখিত।—বি. স.সমস্যা: আমি স্নাতক প্রথম বর্ষের ছাত্র। ছোটবেলা থেকেই খুব একা থাকতে হতো আমাকে। কারণ, আমার কোনো ভালো বন্ধু ছিল না। স্কুল ও কলেজ পর্যায়ে যে কজনের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল, তারা সবাই তাদের প্রয়োজন মেটানোর পর আর আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি। একটা পর্যায়ে আমি মেয়েদের প্রতি খুবই দুর্বলতা অনুভব করি। এমনকি বন্ধুত্ব ও প্রেমের প্রস্তাব দিই তাদের। কিন্তু তারা সবাই আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং আমাকে প্রচণ্ড অপমান করে। এতে আমার পড়াশোনায় খারাপ প্রভাব পড়ে। মাঝেমধ্যে মনে হয়, আমাকে দিয়ে আর কোনো কিছু সম্ভব নয়।প্রতিনিয়ত একটা ভালো মনের মেয়ে খুঁজি, যে আমাকে ভীষণ ভালোবাসবে, যে আমার মনের দুঃখগুলো বুঝবে। অনেক দিন থেকেই পড়াশোনায় তেমনভাবে মনোযোগ দিতে পারছি না। মাঝেমধ্যে আত্মহত্যা করতে ইচ্ছা হয়। কিন্তু পরিবারের কথা ভেবে তা আর সম্ভব হয় না। মনটা তখন খুব খারাপ লাগে, যখন দেখি সবারই ভালো বন্ধু বা প্রেমিকা আছে। তবে কেন এসব আমার জীবনে আসে না!আরিফ হাসানপরামর্শ: তুমি খুব একাকিত্বে ভুগছ বুঝতে পারছি। বন্ধুরা কেন তোমার সঙ্গে পরবর্তী সময়ে আর যোগাযোগ রাখছে না, তা কি তুমি ভালো করে ভেবে দেখেছ? তোমার কিছু আচরণ, যা তুমি খুব সচেতনভাবে করছ না, সেগুলো তাদের মনে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারে কি না, তা বোঝার চেষ্টা করো। অনেক সময় আমাদের চোখ-মুখের এবং শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের অভিব্যক্তি কারও কারও কাছে গ্রহণযোগ্য হয় না। আমরা এ জন্য নিজেকে দোষারোপ করব না, তবে সচেতনভাবে নিজের মধ্যে কিছু ইতিবাচক পরিবর্তন ঘটাতে পারি। মেয়েদের প্রতি দুর্বলতা বলতে তুমি ঠিক কী বোঝাতে চেয়েছ, জানি না। তবে ছেলেরা যদি খুব সম্মান দেখিয়ে ও স্বচ্ছন্দে মেয়েদের সঙ্গে কথা বলে, তাহলে মেয়েরাও তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করতে স্বস্তি বোধ করে। মেয়েদের যদি তোমার মতোই একজন মানুষ হিসেবে বিবেচনা করে প্রথমেই কোনো প্রস্তাব না দিয়ে শুধু তাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে কথাবার্তা বলো, তাহলে ভালো হয়। পুষ্টিকর খাওয়াদাওয়া, শরীরচর্চা, সুস্থ বিনোদন, সময়ানুবর্তিতা, কাজকর্মে ব্যস্ত থাকা ইত্যাদি আমাদের জীবনে থাকলে শরীর আর মন দুটোই ভালো থাকে। নিজেকে আর এতটা অসহায় ভাববে না। তুমি প্রতিনিয়ত একটা মেয়েবন্ধু না খুঁজে আগে নিজের মন ও শরীরের যত্ন নাও। তুমি যদি বিষণ্নতায় ভোগো আর শরীরও ভালো না থাকে, তাহলে বন্ধুত্ব টিকিয়ে রাখা সম্ভব হবে না। এই পৃথিবীতে এমন কোনো মানুষ পাবে না, যে তোমার সব দুঃখ বুঝবে। প্রতিটি মানুষের নিজের জীবনেই এত চ্যালেঞ্জ থাকে যে তারা অন্যের মন সব সময় বুঝতে পারে না। কাজেই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে নিজেই নিজের খুব ভালো বন্ধু হওয়া, অর্থাৎ ভেতরের সত্তাটিকে খুব ভালোবাসা ও সম্মান দেওয়া। নিজের অসহায় ও কষ্ট পাওয়া সত্তাটিকে নিজের নামটি ধরে ডেকে বলবে, তোমার কাছে সে কতটা মূল্যবান ও গ্রহণযোগ্য এবং তাকে তুমি সত্যিই আন্তরিকভাবে ভালোবাসো। নিজেকে ভালোবাসতে পারলে তুমি দেখবে যে অন্যদের সাফল্যকে তুমি অভিনন্দন জানাতে পারছ। যাদের ভালো বন্ধু আছে, তাদের দেখে হীনম্মন্যতায় না ভুগে তুমি তাদের বলবে যে তাদের ভালো গুণাবলি তুমিও অর্জন করতে চাও, তাদের তুমি শ্রদ্ধা করো। সমস্যা: আমার বয়স ২২ বছর। আমি দীর্ঘদিন ধরে একটি মানসিক ভয় বা জড়তায় ভুগছি। সমস্যাটি হচ্ছে, চেনা-অচেনা যেকোনো ব্যক্তির সামনে যদি আমি কোনো কাজ করতে শুরু করি, তখন কেন যেন আমি বেশ নার্ভাস হয়ে যাই এবং আমার হাত কাঁপতে শুরু করে, বুক ধড়ফড় করে। এ কারণে আমি কারও সামনে কোনো কাজ করতে সাহস পাই না। এই অজানা ভয় বা জড়তা থেকে মুক্তির জন্য কিছু পরামর্শ দিলে উপকৃত হব। দীপ, ঢাকা।পরামর্শ: মনে হচ্ছে, তুমি সামাজিক ভয় বা দুশ্চিন্তার সমস্যায় ভুগছ। আমাদের অনেকের মধ্যে বিভিন্ন ধরনের অহেতুক ভয় বা ফোবিয়া রয়েছে, যা চিকিৎসা না করালে একসময় রোগে পরিণত হয়। তুমি যে এ বিষয়ে সচেতন হয়ে চিঠির মাধ্যমে এর প্রতিকার জানতে চেয়েছ, সেটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। অনেক সময় পরিবারের সদস্যদের এসব মানসিক অসুবিধার কথা জানালেও তাঁরা একে খুব গুরুত্বের সঙ্গে দেখেন না বলে পরবর্তী সময়ে এই সমস্যাগুলোর জন্য আমাদের দৈনন্দিন জীবনে কাজের খুব ক্ষতি হয়। আমরা লক্ষ্য অর্জনে সক্ষম হই না। মনের স্বাস্থ্য ভালো রাখা অত্যন্ত জরুরি এবং শরীরের স্বাস্থ্যের তুলনায় সেটি একটুও কম গুরুত্বপূর্ণ নয়। তবে তোমার অসুবিধাটি অন্যান্য মানসিক অসুবিধার তুলনায় কম গুরুতর এবং চিকিৎসা নেওয়ার মাধ্যমে সম্পূর্ণ নিরাময় করাও সম্ভব। আমি অনুরোধ করব, তুমি আর বিলম্ব না করে কোনো ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে গিয়ে সাইকোথেরাপির সাহায্য নাও। আমি যে ঠিকানাগুলো আগে দিয়েছি, সেগুলোতে তুমি যেতে পারো। হয়তো তোমাকে কিছুদিন ওষুধ সেবন করতে হবে কোনো মনোরোগ চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে। চিঠির জন্য অনেক ধন্যবাদ।