মনের জানালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন। স্থানস্বল্পতার কারণে সব চিঠির উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা দুঃখিত।—বি. স.সমস্যা: গত বছর মেডিকেলে ভর্তি পরীক্ষায় সুযোগ না পাওয়ায় এবার আবারও ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই সময়ে প্রচুর পড়া প্রয়োজন। কিন্তু সমস্যা হচ্ছে বড় বোন (স্নাতক দ্বিতীয় বর্ষ) ও ছোট বোন (দ্বাদশ) কোনো ত্রুটি ছাড়াই আমার প্রতি খুব ঈর্ষান্বিত। কেউ যেমন, মা আমার কোনো দিক দিয়ে সুনাম করলে ওরা বেশি ঈর্ষান্বিত হয়। বিশেষ করে আমি খাওয়ার সময় ওরা সব সময় বলে, ‘তুমি বেশি খাও।’ কিন্তু আমি একেবারেই মেপে খাই এবং ওরা যা খায় আমিও তা-ই খাই। কিন্তু তার পরও ওরা আমাকে মায়ের সামনে খাওয়া নিয়ে অনেক কটু কথা বলে। এ ব্যাপারে আমার মাকে বললে তিনি ওদের কিছুই বলেন না, বাবাকে ভীষণ ভয় পাই তাই কিছুই বলি না। আমার মা-বাবা বলেন, ভালো করে খাওয়াদাওয়া করো এবং ভালো করে পড়াশোনা করো। কিন্তু এই সংকটে পড়ে আমি ভীষণ যন্ত্রণা পাচ্ছি। আমার মা একটা পারিবারিক কাজে গ্রামের বাড়িতে গেছেন। এই সময়ে ওরা প্রতি বেলায় এমনকি নাশতার সময়ও আমাকে খাওয়া নিয়ে অনেক কটূক্তি করে। আমি নীরবে কাঁদি। ক্ষুধা লাগলেও অনেক সময় খাই না। খেলেও কম খাই। এগুলো আমার পড়ালেখায় ভীষণ ক্ষতি করছে। নাম প্রকাশে অনিচ্ছুকপরামর্শ: আমার মনে হচ্ছে দুই বোনই তোমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তুমি খুব একা হয়ে গেছ। মা কি তোমাকে বিশেষ দৃষ্টিতে দেখেন? মা কি কখনো তোমাকে উদাহরণ হিসেবে দেখিয়ে বোনদেরও তোমার মতো হতে বলেন? মনে হচ্ছে তোমার প্রতি মায়ের আলাদা স্নেহ বোনদের মধ্যে ঈর্ষার উদ্রেক করেছে। এ ছাড়া তুমি ছেলেসন্তান বলে তোমার প্রতি মায়ের স্বাভাবিকভাবে বিশেষ দুর্বলতাও থাকতে পারে। মা হয়তো ইচ্ছে করে বা সচেতনভাবে তোমাকে আলাদা মনোযোগ দিচ্ছেন না। তবে তাঁর শরীরের ভাষা বা অভিব্যক্তি দেখে হয়তো বোনেরা মনে করছে, তুমি এই পরিবারের একজন বিশেষ গুরুত্বপূর্ণ সদস্য। তাই তারা দুজন অবচেতনভাবেই দল গঠন করে তোমাকে হয়রানি করছে। আমি বিশ্বাস করছি, তুমি মোটেও বেশি খাচ্ছো না। ওরাও জানে যে তুমি পরিমিতি রক্ষা করে চলেছ। তুমি যে পরিমিত আহার করছ, এ কথাটি গলার স্বর স্বাভাবিক রেখে ভদ্রভাবে ওদের বলো। এটি বলো যে তোমার যা খেতে ইচ্ছে করবে, তা খাওয়ার অধিকার তুমি অবশ্যই রাখো। শুধু এ ক্ষেত্রেই নয়, তুমি অন্যান্য পরিস্থিতিতেও যদি বৈষম্যের শিকার হও তাহলে নীরবে সহ্য না করে খুব বিনয়ের সঙ্গে গলার স্বর যথাসম্ভব স্বাভাবিক রেখে নিজের কার্যকলাপ তুলে ধরবে। আমি নিশ্চিত যে তোমার বোনেরা তোমাকে মনে মনে ঠিকই ভালোবাসে। হয়তো বা তুমি মুষড়ে পড়ো বলে ওরা মজা পাচ্ছে, আর তাই বারবার একই আচরণ করছে। তুমি যদি ওদের কথা গুরুত্ব না দাও এবং নিজের অধিকারের কথা তুলে ধরো তাহলে এই কথাগুলো বলা একসময় বন্ধ করে দেবে।সমস্যা: আমি ছোটবেলা থেকেই ‘ভালো ছাত্রী, ভালো মেয়ে’ এ ধরনের প্রশংসা পেয়ে অভ্যস্ত। কিন্তু যত বড় হয়েছি, তত অধরা হয়ে যাচ্ছে এগুলো। উল্টো গালি আর নিন্দা হজম করতে হচ্ছে। প্রথম প্রথম কোনো কাজে কেউ গালি বা নিন্দা করলে প্রচণ্ড রেগে যেতাম; তার সঙ্গে খারাপ ব্যবহার করতাম। কিন্তু ধীরে ধীরে এটা মেনে নিয়েছি যে আমি কাজটা ভালো পারিনি বা ভুল করেছি বলেই আমাকে নিন্দা করেছে। এভাবেই নিন্দাগুলোকে হালকাভাবে নেওয়ার চেষ্টা করতাম, কিছুটা নিতেও পারি। কিন্তু এখন সমস্যা হয়েছে, কেউ নিন্দা করলে রেগে যাই না, কষ্ট পাই। আমার সমস্যা হচ্ছে, থিওরি জাতীয় জিনিস আমি ভালো বুঝি বা বলতে পারি কিন্তু সেই কাজটাই বাস্তবে করতে গেলে ভালো পারি না। মাঝেমধ্যে খুব সহজ কোনো কাজ এমনভাবে ভুল করে ফেলি যে কাজটা আমি আদৌ করতেই পারি না; পরিস্থিতিটা এ রকম দাঁড়িয়ে যায়। তখন খুব লজ্জায় পড়তে হয়, খুব কষ্ট পাই। আমার কাজের গতিও খুব ধীর। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু গতি বাড়ানো বা দক্ষতা বাড়ানো কোনোটাই পারিনি। কিন্তু আমি নিন্দাটাও মেনে নিতে পারছি না। নিজেকে খুব ছোট লাগে। কেয়াপরামর্শ: আমি বুঝতে পারলাম না, তোমাকে ঠিক কী কারণে লোকে নিন্দা করছে। এ ব্যাপারটি খুব পরিষ্কারভাবে লিখলে ভালো হতো। তুমি কী ধরনের ভুলগুলো করছ বা করে ফেলেছ তা কি বুঝতে পারছ না? যদি কিছু ভুল হয়ে যায়ও, তাহলে সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা কি করে দেখেছ? তুমি অন্যদের সব নেতিবাচক মন্তব্য নিজের ভেতরে নিয়ে ফেলছ কি না ভালো করে ভেবে দেখবে। যথেষ্ট সময় নিয়ে চিন্তা করে, তুমি তোমার গুণাবলি চিহ্নিত করবে। সেগুলো একটি নোটবুকে প্রতিদিন লিখবে। তোমার দুর্বল বৈশিষ্ট্যগুলোর একটি তালিকা একইভাবে তৈরি করতে পারো। যদি তোমার দুর্বল দিক নিয়ে কেউ মন্তব্য করে, তাহলে তাদের বলবে যে এ বিষয়টি নিয়ে তুমি যথেষ্ট সচেতন এবং সেদিকগুলো ঠিক করার জন্য তুমি চেষ্টা করছ। এ ছাড়া তারা যে সেই জায়গাগুলো চিহ্নিত করতে পেরেছে, সে জন্য তাদের ধন্যবাদও জানাবে। যদি তোমার ভালো দিকগুলো কেউ উল্লেখ না করে বা ভুলভাবে তোমাকে বিচার করে, তাহলে বিনয়ের সঙ্গে অবশ্যই বলবে তুমি তা বিশ্বাস করো না। হয়তো বা বর্তমানে তোমার আত্মবিশ্বাস কিছুটা কমে যাওয়ার ফলে বারবার ভুলগুলো হচ্ছে। তবে তোমাকে একটি সৎ ও পরিশ্রমী মানুষ হিসেবে অবশ্যই নিজেকে সম্মান করতে হবে। মানুষ যা-ই বলুক না কেন, প্রতিদিন নিজের নাম ধরে ডেকে মনে মনে বলবে, ‘আমি তোমাকে অনেক সম্মান করি।’ আমরা যা সচেতনভাবে চিন্তা করি, মস্তিষ্কও সেভাবে পরবর্তী সময় আমাদের ভাবতে শেখায়। কাজেই কোনো অবস্থাতেই নিজেকে একটুও ছোট করবে না। এতে করে তোমার নিজের প্রতি আস্থাও অনেক বেড়ে যাবে। অনেক শুভকামনা রইল।