মনের জানালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন। স্থানস্বল্পতার কারণে সব চিঠির উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা দুঃখিত।—বি. স.সমস্যা: আমি পরিবারের একমাত্র সন্তান। একমাত্র সন্তান হওয়ার পরও আমার পরিবারের কাছ থেকে আদর-মমতা কখনো পাইনি। জন্মের পর থেকেই আমি শুধু কষ্টই পেয়েছি। বহু দিন ধরে আমি একটা সমস্যায় ভুগছি। আমি একটি মেয়েকে ভালোবাসি। মেয়েটিও আমায় অনেক ভালোবাসে। আমাদের সম্পর্ক এখন অনেক গভীরে আছে। গত দুমাস আগে আমি জানতে পারি, মেয়েটির দুবছর আগে একবার বিয়ে হয় এবং তিন মাস পরই তার তালাক হয়ে যায়। এরপরই তার জীবনে আরেকটি ছেলে আসে, তার সঙ্গে সম্পর্ক ছিল প্রায় এক বছর। আমার সঙ্গে সম্পর্ক হওয়ার পর সে ছেলেটিকে চিনতে অস্বীকার করে। আমি এ ঘটনাগুলো মেয়েটিকে জিজ্ঞেস করলে সে সব সত্য বলে স্বীকার করে এবং আমার কাছে ক্ষমা চায়। এই ঘটনাগুলো আমি আমার পরিবারকে বলি, কথাগুলো শোনার পর আমার পরিবার আমাকে বলে দিয়েছে, যদি আমি ওই মেয়েটিকে বিয়ে করি তারা আমাকে ত্যাজ্যপুত্র করবে। আমি মেয়েটিকে অনেক ভালোবাসি এবং আমার পরিবারকেও অনেক ভালোবাসি, এখন আমার কী করা উচিত?নাম প্রকাশে অনিচ্ছুকপরামর্শ: তুমি একমাত্র সন্তান হওয়ার পরও পরিবারের কাছ থেকে কেন স্নেহ-ভালোবাসা পেলে না তা উল্লেখ করোনি। তারা কি তোমার ওপর খুব বেশি বিধিনিষেধ আরোপ করেছেন, নাকি তাঁরা নিজেরাই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে তোমার প্রতি মনোযোগ দিতে যে মেয়েটির সঙ্গে তোমার এখন সম্পর্ক চলছে তার আরও দুটো সম্পর্কের ইতিহাস আছে। দুই বছর আগে মেয়েটি কি নিজের পছন্দে বিয়ে করেছিল? লিখলে ভালো হতো। বিয়েটা এত অল্পদিন স্থায়ী হওয়াটা দুঃখজনক। তবে পরবর্তী সম্পর্কটির ব্যাপারে মেয়েটির আচরণ খুব গ্রহণযোগ্য নয়। ওই ছেলেটিকে চিনতেই অস্বীকার করাটা, সম্পর্কটির প্রতি তার অশ্রদ্ধাবোধের পরিচায়ক। ছেলেটি তো বিনা অপরাধেই শাস্তি লাভ করল, তাই না? তার এই অসামঞ্জস্য আচরণ কি তোমাকে এই প্রশ্নের সম্মুখীন করে না যে, কোনো দিন অন্য একটি ছেলেকে ভালো লাগলে সে তোমাকে ত্যাগ করতে পারে? তুমি এখন অনেক আবেগের মধ্যে রয়েছো বলে হয়তো বা এ ধরনের বাস্তব চিন্তা করাটা তোমার পক্ষে সম্ভব হচ্ছে না। তবে যেহেতু তোমার পরিবার এতে সমর্থন দেবে না, তুমি মেয়েটিকে নিয়ে এখনই কোনো ভবিষ্যৎ পরিকল্পনা না করলে ভালো হয়। তুমি ধরে রাখতে পার ভবিষ্যতে মেয়েটির কাছ থেকে কষ্ট পাওয়ার সম্ভাবনা শতকরা ৫০ ভাগ। মেয়েটিকে তোমার পরিবারের অবস্থান সম্পর্কে জানাও। ওকে বলো, তোমাকে যদি পরিবার ত্যাগ করে বা সমর্থন না দেয় তাহলে তোমার পক্ষে জীবনে সুখী হওয়া কতটা সম্ভব। পরিবারের আশীর্বাদ আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন, কারণ দিনের পর দিন পরিবার থেকে বিচ্ছিন্ন থাকলে আমরা খুবই বিষণ্নতায় ভুগি এবং এই বিষণ্নতা বা অবসাদ আশপাশের সবাইকে ক্রমাগত গ্রাস করতে থাকে। কাজেই তোমাকে খুব ভালো করে ভেবে দেখতে হবে পরিবারকে সম্পূর্ণ বাদ দিয়ে শুধু মেয়েটিকে সাথী করে তুমি সারাজীবন সুখী থাকতে পারবে কি না। সমস্যা: আমি ঢাকার একটি কলেজে পড়ছি। আমার বয়স ২০। শৈশব, কৈশোর এবং বড় হয়ে আমি কখনো মঞ্চে, অধিক লোকের সামনে কবিতা আবৃত্তি, অভিনয় কিংবা ডিবেটিং করিনি। ফলে বেশি লোকের সামনে গিয়ে সাধারণ কথাবার্তা বলা বা কাউকে কিছু জিজ্ঞাসা করতে ভয় লাগে এবং নার্ভাস হয়ে পড়ি। কখনো কখনো শরীর বেয়ে ঘাম ঝরতে থাকে; যে কারণে লজ্জায় নিজেকে স্বাভাবিকভাবে উপস্থাপন করতে পারি না এবং নিজের মতামত জানাতে পারি না। আমি সব জায়গায়, নির্ভয়ে, প্রফুল্লচিত্তে গভীর আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে উপস্থাপন করতে চাই।উল্লেখ্য, আমি ভীষণ লাজুক ও আত্মকেন্দ্রিক। কথা বলতে মাঝেমধ্যে আটকে যাই (তোতলামি), তবে তা মারাত্মক নয়। কীভাবে মঞ্চভীতি ও জড়তা কাটিয়ে উঠতে পারব?নাম প্রকাশে অনিচ্ছুকঢাকাপরামর্শ: তোমার সমস্যাটির ব্যাপারে সচেতনতাটি তোমাকে অনেক সাহায্য করবে এই সমস্যাটি থেকে বেরিয়ে আসতে। সাধারণত বলা হয় সচেতনতা আমাদের এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যায়। তুমি সামাজিক ভীতি বা সোশাল ফোবিয়াতে ভুগছো। এটি একটি মানসিক সমস্যা এবং নিয়মিত চিকিৎসা গ্রহণ করলে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। এটি সাধারণত বয়ঃসন্ধিকালে দেখা যায়। গবেষকেরা বলেন, কাছের মানুষেরা যদি একটি শিশুকে নিরাপত্তা বোধ দিতে অসমর্থ হন তাহলে তার চার পাশের পরিবেশকে সে বিশ্বাস করতে পারে না। পরবর্তী সময়ে তার সামাজিক পরিমণ্ডলে যেকোনো মানুষের, বিশেষ করে অপরিচিতদের উপস্থিতিতে ভয় পায়। তোমাকে অবশ্যই আত্মকেন্দ্রিকতা থেকে বেরিয়ে বাইরে গিয়ে অচেনা মানুষের সঙ্গে পরিচিত হতে হবে। রিকশায় চড়লে চালকের সঙ্গে গল্প করবে, দোকানে গিয়ে কিছু না কিনলেও জিনিসপত্রের দাম জিজ্ঞেস করবে, দোকানির সঙ্গে আলাপ করবে, বাসে চড়লে পাশের মানুষের সঙ্গে পরিচিত হবে—তাদের সম্পর্কে জানবে এবং নিজেকেও তাদের সঙ্গে পরিচিত করবে। এ ছাড়া তুমি বেশ কিছুদিন কোনো ক্লিনিক্যাল বা কাউন্সেলিং মনোবিজ্ঞানীর কাছে গিয়ে সাইকোথেরাপির সহায়তা নেবে।