মনের জানালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.
সমস্যা
আমি অতটা মেধাবী ছাত্র নই। এইচএসসি পাস করার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করে ব্যর্থ হই। আমি ছাত্র হিসেবে অতটা খারাপও নই। কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পাওয়ায় আমি হতাশ হয়ে পড়েছি। দেশে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় থাকলেও আমার বাবার আমাকে সেখানে পড়ানোর মতো সামর্থ্য নেই। দেশে কি আরও পাবলিক বিশ্ববিদ্যালয় তৈরি করে সব ছাত্রের জন্য জায়গা করে দেওয়া যায় না?
নাম প্রকাশে অনিচ্ছুক
মিরপুর, ঢাকা।
পরামর্শ
তুমি লিখেছ, ছাত্র হিসেবে তুমি ভালো। কাজেই ধরে নেওয়া যেতে পারে যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মতো যোগ্যতাও তোমার আছে। হয়তোবা ভর্তি পরীক্ষা কোনো কারণে ভালো হয়নি। তবে এখন তোমাকেই কিন্তু নিজের চিন্তাধারা পরিবর্তন করে এই হতাশা থেকে বেরিয়ে আসতে হবে। প্রস্তুতি নিতে হবে আগামী দিনের জন্য। নিজেকে বুঝিয়ে বলো, এখানেই জীবনের শেষ নয়। সামনে আরও অনেক চ্যালেঞ্জ আছে। তার মধ্যে অনেকগুলোই মোকাবিলা করার মতো ক্ষমতাও তোমার রয়েছে। এ ছাড়া অতীতে তোমার জীবনের সব ক্ষেত্রে যতগুলো সাফল্য আছে তার একটি দীর্ঘ তালিকা তৈরি করবে। ছোট-বড় সবগুলো সাফল্যের কাহিনি সংযোজন করতে পারো তোমার তালিকায়। রাতে শোবার আগে তালিকাটি ভালোভাবে পড়ে নিজেকে উৎসাহ দাও এবং নিজের ওপর আস্থা বাড়াও। পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য অপেক্ষা না করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে স্নাতক ডিগ্রি নাও আর নিজের দক্ষতা বাড়াও।