মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন।স্থানস্বল্পতার কারণে সব চিঠির উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা দুঃখিত।—বি. স.সমস্যা: আমি কলেজে পড়ি। ইদানীং সব সময় যেটা অনুভব করি, সেটা হলো আমার রুপালি জগতে আবির্ভূত হওয়ার স্বপ্ন। আমি খুব মানসম্মতভাবে সিনেমার গল্প বানাতে পারি। যখন দশম শ্রেণীতে পড়ি, তখনো এমনটা ভাবিনি কিন্তু এখন আমার ভবিষ্যৎ পরিকল্পনা চিত্রনাট্য লেখা ও সিনেমা বানানোর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। অভিনয়ের জন্য হয়তো বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু আমার টাকা নেই। আমি এখন কীভাবে এই চিত্রনাট্যগুলো সঠিকভাবে কাজে লাগাব? এখন আমার লেখাপড়াও ঠিকমতো চলছে না। আমার কোনো মাধ্যমও নেই যে আমি তার কাছে যাব। আমি এক তারকার বাড়িতে গিয়েছিলাম, বাড়ির নিরাপত্তা প্রহরী মেরে তাড়িয়ে দিয়েছে। তানভীরকুমিল্লাপরামর্শ: তোমার মধ্যে যে সৃজনশীল মন রয়েছে, সেটিকে শ্রদ্ধা জানাচ্ছি। এত অল্প বয়সে তুমি চিত্রনাট্য লিখতে শুরু করেছ। তুমি ঠিকমতো নিজেকে তৈরি করতে পারলে একসময় নিশ্চয়ই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। তবে আমার আন্তরিক অনুরোধ থাকবে, এই মুহূর্তে তুমি উচ্চমাধ্যমিক পরীক্ষার পড়াগুলোর প্রতি কষ্ট করে হলেও মনোনিবেশ করো। উচ্চমাধ্যমিকের বিষয়বস্তুগুলো খুব অল্প সময়ের মধ্যে শেষ করতে হয় বলে এ সময় অন্য কিছুর প্রতি বেশি মনোযোগী হলে পরে অনেক ক্ষতির শিকার হতে হয়। পড়ালেখা করার সঙ্গে সঙ্গে তুমি তোমার সুন্দর স্বপ্নগুলো লালন করতে থাকো। তবে পরবর্তী সময়ে তোমাকে ঠিক করতে হবে তুমি আসলে পরিচালক, গল্পের লেখক নাকি অভিনয়শিল্পী? কি হতে চাও? প্রতিটিতেই কিন্তু আলাদাভাবে প্রশিক্ষণ নেওয়ার ব্যবস্থা রয়েছে। তুমি গ্র্যাজুয়েশন শেষ করে তারপর সিদ্ধান্তটি নিলে সেটি অনেক বেশি বাস্তবমুখী হবে। এইচএসসি পরীক্ষার পর তুমি এ বিষয়ে বইপত্র পড়ে নিজেকে আরও শিক্ষিত করে তুলতে পারো। রুচিশীল ও মানসম্মত নাটক-চলচ্চিত্র একটি জনগোষ্ঠীর মনকে শিক্ষিত করে তুলতে পারে। তুমি যদি নিজে কিছু উপার্জন করে এবং আরও কিছু অর্থ জোগাড় করে ভালো প্রশিক্ষণ নাও, তাহলে খুব ভালো হয়। এ ছাড়া সম্ভব হলে যাঁরা মিডিয়ায় কাজ করেন এবং ভালো মানের নাটক তৈরি করেন, সে ধরনের কিছু মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে পারো। অধ্যবসায় নিয়ে প্রচেষ্টা নিলে তুমি নিশ্চয়ই সফল হবে। তোমার প্রতি সেই তারকার বাড়ির দারোয়ানের আচরণ সত্যিই খুব দুঃখজনক। নিজেকে এই ক্ষেত্রে সুযোগ্য করে তুলতে পারলে আশা করি এই অপমানজনক, তিক্ত অভিজ্ঞতাটি তুমি ভুলে যাবে। সমস্যা: আমি মাঝেমধ্যে কিছু সমস্যায় আক্রান্ত হই। তখন মনে হয়, আমার মধ্যে অন্য কেউ বাস করছে। একটা ঘোরের মধ্যে কাটে সময়গুলো। কী করি। কী বলি, তা বুঝতে পারি না। পরে স্বাভাবিক হলে ভীষণ লজ্জায় পড়ে যাই। চিঠিটি লেখার একটু আগে আমি কাছের বন্ধুদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। এ জন্য তাঁরা খুব ভুল বুঝছে, তাও আমি জানি। কিন্তু এখন আমার কিছু মনেই হচ্ছে না। পরে এই ঘটনার জন্য আমি ভীষণ কষ্ট পেয়ে বসে বসে কাঁদব, তা-ও জানি। এসবের পেছনে বড় কোনো কারণ কখনোই থাকে না। তবে পারিপার্শ্বিক পরিবেশ থেকে যখন আমার কোনো কিছু খুব খারাপ লাগে, তখন এই সমস্যাগুলো বেশি হয়। এমন সমস্যা, যা আমি সমাধান করতে পারব না, এরূপ ভেবে খুব খারাপ লাগে আর তার প্রতিক্রিয়া এভাবে পড়ে। কিন্তু কাউকে ঠিক বোঝাতে পারি না বলে নিজে চুপ করে থাকি। এ জন্য বিষয়গুলো জটিল আকার ধারণ করে। আমি এখন ঘোরের মধ্যে থেকে আপনাকে চিঠিটি লিখছি। জানি, আপনাকে লেখার জন্যও পরে লজ্জিত হব। রুমারাজশাহী বিশ্ববিদ্যালয়। পরামর্শ: আমাদের ভেতর একটি সত্তা নয়, বেশ কয়েকটি সত্তার বসবাস রয়েছে। তারা আমাদের দিয়ে বিভিন্ন আচরণ করাতে থাকে। অবচেতনভাবেই আমরা এই ভেতরের সত্তাগুলো দ্বারা প্রভাবিত হতে থাকি। তুমি তো আসলে কাছের বন্ধুদের নিশ্চয়ই কষ্ট দিতে চাও না, তাই না? তোমার অজান্তেই এই আচরণগুলো ঘটে যাচ্ছে এবং পরবর্তী সময়ে তুমি প্রচণ্ড অপরাধবোধে ভুগতে থাকো। মনে হচ্ছে, তোমার মানসিক অবস্থার ওঠানামা খুব বেশি হয়। এ জন্য নিজেকে বা আর কাউকে দায়ী করো না। যখন আমরা কিছুটা বিষণ্ন অবস্থার শিকার হই, তখন অনেকের সঙ্গেই দুর্ব্যবহার করে ফেলি। তবে নিজেদের চিন্তাভাবনার জায়গাটি পরিবর্তন করতে পারলে আমাদের আবেগের মাত্রা কমে যায়। নেতিবাচক আবেগগুলো কমানোর সক্ষমতা অর্জন করলে কেউ আমাদের কষ্ট দিয়ে কিছু বললেও আমরা রাগ বা কষ্টকে নিয়ন্ত্রণ করে রাখতে পারি। এতে পরে এটা নিয়ে অপরাধবোধ বা দুশ্চিন্তার বোঝাও বহন করতে হয় না। কাউনসেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে আমরা নানা ধরনের জীবনদক্ষতা যেমন সিদ্ধান্ত গ্রহণ, নিজের সমস্যা সমাধান, সংযোগ স্থাপনের দক্ষতা, আত্মবিশ্বাস অর্জন, সহমর্মিতা ইত্যাদি শেখার সুযোগ পাই। এতে পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে অনেক সুবিধা হয়। তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে প্রশিক্ষণপ্রাপ্ত কোনো মনোবিজ্ঞানীর কাছে সেশন নিতে পারো, তাহলে খুব ভালো হয়। সেটি সম্ভব না হলে ঢাকায় এসে আমি যেসব সংস্থার কথা আগের চিঠির উত্তরে উল্লেখ করেছি, তার যেকোনো একটিতে গিয়ে সহায়তা নিলে অবশ্যই অনেক উপকৃত হবে।