মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন। স্থান স্বল্পতার কারণে সব চিঠির উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা দুঃখিত।—বি. স.সমস্যা: অল্প কিছুদিনের পরিচয়ে এক বছর আগে বিয়ে করি। বিয়ের পরে জানতে পারি তার আরেকটা ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। সে কিন্তু আমাকে ভালোবাসে, আমিও তাকে খুব ভালোবাসি। সে আমাকে ভালোবাসে কিন্তু তার আগের সম্পর্কের ছেলেটার সঙ্গে এখনো যোগাযোগ রাখে। সে তার সম্পর্কের কথা বিস্তারিত বলে না। কিন্তু আমি অন্য সূত্রে জেনেছি যে তার ওই সম্পর্ক চার বছর ছিল। তারা একসঙ্গে নির্জনে অনেক সময় পার করেছে। আমি তাকে আগে অনেক ভালোবাসতাম। ওই সম্পর্কের কথা জানার পর তাকে আমি আগের মতো ভালোবাসি না। বিয়ের আগে আমার কোনো মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। আমার আশা ছিল, একটা ভালো, ভদ্র মেয়েকে বিয়ে করে সারা জীবন সুখে কাটাব। কিন্তু তা এখন সম্ভব হচ্ছে না। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। নতুন আরেকটা বিয়ে করলে কি আমি সুখে থাকতে পারব?আবুল হোসেনপরামর্শ: স্ত্রীর আগের প্রেমের বিষয়টি তোমাকে মানসিকভাবে খুব বিপর্যস্ত করে তুলেছে, তা বুঝতে পারছি। তবে তোমার স্ত্রী আগে অন্য একটি সম্পর্কের ভেতরে থাকলেও এখন কিন্তু তোমাকে ঠিকই ভালোবাসে। বিয়ের আগে তো অনেকেরই সম্পর্ক থাকতে পারে। তারপর নতুন কারও সঙ্গে বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হলে আগের সম্পর্কটি নিয়ে আলোচনা করা বা মন খারাপ করার তো কোনো কারণ নেই। তবে হ্যাঁ, তোমার স্ত্রীকে অবশ্যই বর্তমান সম্পর্ককে শ্রদ্ধা দেখিয়ে আগেরটি সম্পূর্ণ ছিন্ন করতে হবে। এ বিষয়ে তুমি ওর সঙ্গে খোলামেলা আলোচনা করলে ভালো হয়। তোমরা দুজন সামাজিক, ধর্মীয় ও আইনগতভাবে একটি সম্পূর্ণ নতুন সম্পর্ক তৈরি করেছ। এটি একটি চারাগাছ রোপণ করার মতোই ব্যাপার। এখন দুজন মিলে এই সদ্য লাগানো চারাটিকে যত বেশি যত্ন করবে, ততই সেটি সতেজ হবে। তুমি স্ত্রীর আগের সম্পর্কের বিষয়টি গুরুত্ব না দিয়ে তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও বিশ্বাস রাখো। আর স্ত্রীর দিক থেকে অবশ্যই যা করণীয়, তা হচ্ছে পুরোনো সম্পর্ককে সম্পূর্ণ বন্ধ করে দিয়ে বিয়ের সম্পর্কটিকে সুন্দর করার প্রতি পুরোপুরি মনোযোগ দেওয়া এবং সেই সঙ্গে তোমার আস্থা অর্জন করা। যদি বিয়ের বন্ধন টিকিয়ে রাখার মতো আন্তরিকতা দুজনের মধ্যেই থাকে, তাহলে তোমরা নিশ্চয়ই এই চ্যালেঞ্জ খুব দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে পারবে। একজনের প্রচেষ্টায় কিন্তু এই তৈরি করা সম্পর্ক সুখকর করা সম্ভব নয়। তুমি প্রশ্ন করেছ, আরেকটি বিয়ে করলে তুমি সুখী হবে কি না। এই প্রশ্নের কোনো সরাসরি উত্তর আমার কাছে নেই, আর কাউন্সেলিং করার সময় আমরা এ ধরনের সিদ্ধান্ত একেবারেই দিই না। তুমি নিজেকেই প্রশ্ন করো, বর্তমান সম্পর্ককে আনন্দময় ও উপভোগ্য করার জন্য তোমরা দুজন একমত হয়ে এটিকে আরও যত্ন করতে চাও কি না।সমস্যা: আমি এসএসসি পরীক্ষার্থী। আমি খুব অল্পতেই রেগে যাই। কারও সঙ্গে একটু উনিশ-বিশ হতে না-হতেই আমি তার সঙ্গে রেগে যাই এবং ঝগড়া করি। তারপর তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিই। কিন্তু যখন আমার মাথা ঠান্ডা হয়ে যায়, তখনই আবার চিন্তা করি, কাজটা বোধ হয় ঠিক হয়নি। কিন্তু রেগে গেলে আমার আর এসব মনে থাকে না। তাই আমি কীভাবে এ সমস্যা থেকে মুক্তি পেতে পারি, তার একটা সঠিক সমাধান জানতে চাই। যখন এ সমস্যাটা হয়, তখন আমার পড়াশোনা বা কিছুতেই মন বসে না। তাই এ সমস্যাটা আমার পরীক্ষায় ভালো ফলের অন্তরায়। নিপুণপরামর্শ: তুমি এখন বয়ঃসন্ধিতে রয়েছ। এই সময়ে আবেগ বেশি হওয়াটা খুব অস্বাভাবিক নয়। অতিরিক্ত রাগ আমাদের আশপাশের মানুষকে দূরে সরিয়ে দেয়। এ কারণে অনেকেই এটি নিয়ন্ত্রণ করতে মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণ করে। সংক্ষেপ করে বলব, আমরা আমাদের অভিজ্ঞতাগুলোকে যেভাবে নিজের কাছে ব্যাখ্যা করি, তা থেকেই আবেগের সৃষ্টি হয়। অন্য কেউ আমাদের রাগিয়ে দিচ্ছে, এ কথা সবটুকু সত্যি নয়। কারণ, আমরা চিন্তাধারা পরিবর্তনের মধ্য দিয়ে আবেগের মাত্রা কমিয়ে রাখতে পারি। তবে আমি তোমাকে অনুরোধ করব, রাগ করে ফেলার পর অপরাধ বোধ না রাখতে। কারণ, তোমার বর্তমান ব্যক্তিত্বে যে আবেগ, চিন্তাধারা, মূল্যবোধ ও বিশ্বাসগুলোর যেভাবে সমন্বয় ঘটেছে, সে জন্য তুমি দায়ী নও। শৈশবে চারপাশের পরিবেশ তোমাকে যে অভিজ্ঞতাগুলো দিয়েছে, সেগুলোই তোমার ব্যক্তিত্ব তৈরিতে অবদান রেখেছে। তবে সচেতনভাবে চেষ্টা করলে অবশ্যই রাগ বশ করতে পারবে। আমি আরও অনুরোধ করব, তুমি নিজেকে অনেক গুরুত্ব দেবে এবং সম্মান করবে। কেউ ভুলভাবে তোমার সমালোচনা করলে, ছোট করে কিছু বললে, তোমার প্রতি অবিচার করলে, শুধু শুধু দোষারোপ করলে তা মনের ভেতরে নেবে না। নিজের দুর্বল দিকগুলো চিহ্নিত করে নিজেই সেগুলোর উন্নয়ন ঘটানোর প্রয়াস নাও। যদি রাগের ব্যাপারটি চলতেই থাকে, তাহলে মানসিক স্বাস্থ্যসেবা বা কাউন্সেলিংয়ের শরণাপন্ন হবে, কেমন?