মনের জানালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন।—বি. স.সমস্যামানসিকভাবে বিপর্যস্ত একজন মানুষ কত দিন বাঁচতে পারে? দুই বছরের বেশি সময় এমনভাবে আছি। চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করছি। প্রতিদিন ঘরে ফেরার পর মা লুকিয়ে আমার ব্যাগ ঘাঁটাঘাঁটি করেন। পাঁচ-দশ টাকা থাকলে আমাকে বলেন, ‘তুই এই বাড়তি টাকা কোথায় পেলি? আমি তো শুধু যাওয়া-আসার ভাড়াটা দিই।’ শুরু হয় অশান্তি। তিনি আমাকে বলেন, আমি ‘চরিত্রহীনা’। এমন কিছু কথা বলেন, যেগুলো শুনলে ইচ্ছা হয়, যে কারণে ছেলেটির সঙ্গে সম্পর্ক শেষ হলো, তা-ই যদি ঘটত, খুবই ভালো হতো! সেই কোন ছেলেবেলা থেকে মায়ের পাশে ঘুমাই; এখন মনে হয়, দুজন পাশাপাশি। তবুও দুই গ্রহের মানুষ!ঐন্দ্রিলা, ঠাকুরগাঁওপরামর্শপরিষ্কার করে লেখোনি যে তোমার প্রেমের সম্পর্কের ইতি ঘটেছে কীভাবে। সেটি নিয়ে হয়তো তুমি এখনো বিষণ্ন। সেই ব্যাপারটির পরই কি মা তোমাকে আর বিশ্বাস করতে পারছেন না? প্রাপ্তবয়স্ক একটি মেয়ে হওয়া সত্ত্বেও তোমার মা গোপনে তোমার ব্যাগে হাত দিচ্ছেন, এটি একেবারেই অনধিকার চর্চা। তুমি ভদ্রভাবে ও দৃঢ়তার সঙ্গে মাকে বলো, তিনি যেন এ কাজটি আর না করেন। অভিভাবকদের অনেক সময় ধারণা থাকে, সন্তানেরা তাঁদের সম্পত্তি। কিন্তু সন্তানদের যে আলাদা পরিচিতি ও সত্তা রয়েছে, সেটি তাঁরা মোটেও ভাবেন না। তুমি যে মাকে খুব ভালোবাসো এবং তাঁর কাছেও ভালোবাসা ও বিশ্বাস প্রত্যাশা করো, এটিও তাঁকে বোঝানোর চেষ্টা করো। তোমাকে কী কারণে তাঁর চরিত্রহীনা মনে হচ্ছে, সেটি কি তুমি বুঝতে চেষ্টা করেছ? তোমার বাবার সঙ্গে মায়ের সম্পর্কটি কেমন, তা জানালে ভালো হতো। অনেক সময় দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন ও অবিশ্বাস থাকলে সেটির জের সন্তানদের ওপর পড়ে। সমস্যাআমি ছেলেবেলা থেকেই বিয়ে না করার সিদ্ধান্তে অটল ছিলাম। কিন্তু মায়ের জন্য মত বদলালাম। মাস দেড়েক আগে ৪০ বছর বয়সে পূর্ণ সম্মতিতে বিয়ে করেছি। মেয়েটি আমার ১২-১৩ বছরের ছোট। খুব অন্তরঙ্গ মুহূর্তে ও নিজেকে কেমন গুটিয়ে নেয়। এর কারণ শারীরিক জটিলতা। আমরা দুজনেই এ নিয়ে শঙ্কিত। অথচ আমরা দুজনই চাই দুজনকে ভালোবেসে বাকি জীবনটা কাটাতে।নাম প্রকাশে অনিচ্ছুক সবুজবাগ, ঢাকা।পরামর্শ আমি বুঝতে পারছি, এ ধরনের ঘটনায় তোমরা দুজনেই মানসিকভাবে খুব অসহায় বোধ করছ। পরস্পরকে তোমরা সুখী করতে চাইছ, কিন্তু শারীরিক সম্পর্কের ক্ষেত্রে বারবার বাধা সৃষ্টি হওয়ায় হতাশা তৈরি হচ্ছে। আমি তোমার আত্মসংযম ও স্ত্রীর প্রতি শ্রদ্ধাশীল মনোভাবের খুব প্রশংসা করছি। আমাদের দেশের ছেলেমেয়েরা বয়ঃসন্ধিতে যখন শরীর আর মনের স্বাভাবিক পরিবর্তনের ভেতর দিয়ে যায়, তখন অভিভাবকেরা তাদের তেমনভাবে সহায়তা করেন না। তোমার স্ত্রী অবশ্যই চাইছে তোমাকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে, কিন্তু তার মধ্যে কিছু ভীতি কাজ করছে বলে সে শেষ মুহূর্তে নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে। খুব ভালো হয়, তুমি যদি তাকে কোনো ভালো গাইনোকোলজিস্টের (স্ত্রীরোগ বিশেষজ্ঞ) কাছে নিয়ে যাও। তিনি যদি পরীক্ষা করে তার শারীরিক কোনো ত্রুটি না পান, তাহলে বুঝতে হবে, এটি সম্পূর্ণ মনস্তাত্ত্বিক কারণে হচ্ছে। সে ক্ষেত্রে তাকে কোনো ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে সাইকোথেরাপির সেবা নিতে হবে। আপাতত এ বিষয়টি নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করলে ভালো হয়। একটু ধৈর্য ধরে ঠিকমতো চিকিৎসা নিলে আশা করি তোমাদের দাম্পত্য জীবন খুব সুন্দর হবে।