মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমস্যাআমি বড় ভাইয়ের সঙ্গে থেকে শহরে পড়াশোনা করি। ভাবিকে আমার সন্দেহ হয়। বাসায় ও বাসার বাইরে তিনি এমন সব আচরণ করেন, যা সন্দেহের মাত্রা বাড়িয়ে দেয়। অবস্থা এমন হয়েছে যে তিনি বাইরে গেলেই আমার দুশ্চিন্তা হয়। আমি ভাইকে প্রচণ্ড ভালোবাসি। কিন্তু ভাবি মিথ্যা অভিযোগ এনে আমাকে ছোট করার চেষ্টা করেন। এতে আমি সব সময়ই মানসিক চাপে থাকি।সাগর, খুলনাপরামর্শদুজন প্রাপ্তবয়স্ক মানুষের দাম্পত্য জীবন কেমন হবে, সেটি তাদের ওপরই ছেড়ে দেওয়া ভালো। তুমি যে কারণে ভাবিকে সন্দেহ করছ, সেটি কতটুকু সত্য, তা সময়ই বলে দেবে। ভাবিকেও প্রমাণ করতে দাও, তিনি সন্দেহ করার মতো কিছু করছেন না। তিনি অনেক কাজেই বাইরে যেতে পারেন। সে ব্যাপারে ভাইয়ের যদি সম্মতি থাকে, তাহলে তুমি এ ব্যাপারে কিছু না বললেই ভালো হয়। ভাবি কী ধরনের মিথ্যে অভিযোগ এনে তোমাকে ছোট করছেন, তা জানি না। তার পরও তুমি চেষ্টা করো বিনয়ের সঙ্গে, দৃঢ়ভাবে বলতে যে তুমি সে ধরনের কোনো কাজ করোনি। চেষ্টা করো ভাবির সঙ্গে আরও বন্ধুসুলভ আর আন্তরিক হতে। ঘরের কাজকর্মে তাঁকে সাহায্য করবে এবং বাইরের কোনো কাজ থাকলে তুমি তাঁকে বলবে, মাঝেমধ্যে তিনি যেন তোমাকে কিছু কাজের দায়িত্ব দেন। আর সেটি দিলে তুমি খুব দায়িত্বশীলতার সঙ্গে কাজটি পালন করবে।সমস্যাআমি সপ্তম শ্রেণীতে পড়ি। খুব হাসিখুশি আর মিশুক। সহজেই যে কারও সঙ্গে মিশতে পারি। সমস্যা হচ্ছে, আমি অনেক সময় এমন অনেক কথা বলে ফেলি, যা বলা উচিত নয়; যদিও আমি কথাগুলো কারও ক্ষতি করার কথা ভেবে বলি না। আমার কথার কারণে মা-বাবাকে অনেক বিপদে পড়তে হয়। এখন মা-বাবার সামনে যেতেও ভয় হয়। হঠাৎ হঠাৎ খুব রাগ ওঠে।নাম প্রকাশে অনিচ্ছুকপরামর্শ তুমি এখন বয়ঃসন্ধিতে রয়েছ। আর এই বয়সে একটু চঞ্চলতা থাকা খুবই স্বাভাবিক। নিজেকে এ কারণে একটুও দোষারোপ কোরো না। কারণ, তুমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বা কারও ক্ষতি করার জন্য কথাগুলো বলছ না। এখন থেকে যে কথাগুলো নিয়ে পরে সমালোচনা হয়, সেগুলো একটি নোটবইয়ে লিখে রাখবে। এই বাক্যগুলোর পাশে এগুলো না বলে অন্য কী বলতে পারতে, তা-ও লিখবে। এই কাজে পরিবারে সবার কাছে গ্রহণযোগ্য এমন কারও পরামর্শ নিলে ভালো হয়। এভাবে বেশ কিছুদিন পর তুমি বুঝতে পারবে, কম কথা বলার অভ্যাস করা নয়, তোমার হয়তো কিছু কিছু কথা একটু পরিবর্তন করে বলতে হবে। নিজেকে সম্পূর্ণ বদলে ফেলে স্বল্পভাষী হওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এতে তোমার স্বতঃস্ফূর্ততা হারিয়ে যাবে। তোমার যদি সামাজিক দক্ষতা কম থাকে, তার দায়দায়িত্ব কিন্তু তোমার অভিভাবকদেরও নিতে হবে। প্রথম সাত বছরে তোমার ব্যক্তিত্ব যখন তৈরি হচ্ছিল, তখন তাঁদের দায়িত্ব ছিল তোমার দক্ষতার বিকাশে সাহায্য করা। শুধু কিছু কিছু জায়গা পরিবর্তন করে কথা বললেই তুমি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। মা-বাবাকে বলবে, তাঁরা যেন তোমাকে এ ব্যাপারে সাহায্য করেন।