মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহতাব খানমঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.সমস্যাআমি ঠিকমতো গুছিয়ে কথা বলতে পারি না। কথা বলার সময় একধরনের জড়তা বা ভীতি আমার মধ্যে কাজ করে। কারও সঙ্গে কথা বলার আগে যে বিষয়ে কথা বলতে চাই তা গুছিয়ে নিই। কিন্তু বলতে গেলে সব আবার এলোমেলো হয়ে যায়। তবে কোনো বিষয়ে আমাকে লিখতে বললে আমি সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারি। আমি ছোটবেলায় গ্রাম থেকে শহরে এসে অনেকটা নিঃসঙ্গভাবে বড় হয়েছি। সব সময় আমার মধ্যে এক অজানা ভয় কাজ করত। ইমরুল কায়েসপরামর্শতুমি সুন্দর করে গুছিয়ে লিখতে পারো। একটু চেষ্টা করলেই সেভাবে কথাও বলতে পারবে। মূলত ছোটবেলা থেকে নিঃসঙ্গ পরিবেশে থাকার কারণে তুমি অহেতুক সামাজিক ভীতির শিকার হচ্ছ। তুমি কিন্তু একা নও, তোমার মতো আরও অনেকেই সামাজিক পরিবেশে কথা বলতে গিয়ে সংকোচে ভোগে। আমার প্রথম অনুরোধ, তুমি যেভাবেই পারো সাহস করে আশপাশের মানুষের সঙ্গে কথা বলা শুরু করো। বোঝার চেষ্টা করো তোমার দুশ্চিন্তার পেছনের কারণগুলো কী। নিজেকে অভয় দিয়ে কথাগুলো এলোমেলো হলেও বুঝিয়ে বলার চেষ্টা করবে। পরিবারে কিংবা বাইরে কোনো একটি দলে বসে অন্যেরা কী নিয়ে আলাপ করে, তা বোঝার চেষ্টা করো। নিজের ভালো গুণগুলো চিহ্নিত করো এবং সেগুলোর জন্য নিজেকে সম্মান করতে শুরু করো। এতে তোমার আত্মবিশ্বাস বাড়বে। একসঙ্গে হয়তো সবকিছু করতে পারবে না, কিন্তু ছোট ছোট পদক্ষেপ নিলে তুমি একসময় কোনো ভয় ছাড়াই খুব সুন্দরভাবে সবার সঙ্গে মিশতে পারবে।সমস্যাকলেজের এক বান্ধবীর সঙ্গে আমার দুই বছরের সম্পর্ক। সে শুরু থেকেই মুঠোফোনে শুধু মিসড কল দেয়। কখনো ফোন করে না। গত দুই বছরে আমি তাকে অনেক বেশি ফোন করেছি। সে আমার পেছনে মাসে ২০ টাকাও খরচ করে না। তাকে কল দিতে বললে নানা অজুহাত দেখায়। অথচ সে মাসে চার হাজার টাকা বেতনের চাকরি করে। আমি যদি অসুস্থ থাকি, তাহলেও মিসড কল দেয়। তার আর আমার পরিবারের আর্থিক অবস্থা একই। তাকে অনেক জিনিস কিনে দিয়েছি, পাইনি এক টুকরো সুতাও। মাঝেমধ্যে মনে হয় আর সম্পর্ক করব না, কারণ মেসে থেকে বাবার পয়সা প্রেমিকার পেছনে খরচ করতে বিবেকে বাধে। কিন্তু ছাড়তে পারি না। কারণ, সে অতীতে অনেক বিষয়ে আমাকে সাপোর্ট দিয়েছে। সে আমাকে মাঝেমধ্যে বিয়ের কথা বলে। তার উচ্চতা কম ও আমার সমবয়সী। নাম প্রকাশে অনিচ্ছুকপরামর্শতোমার এই বিশেষ বন্ধুটি কী কারণে এতটা হিসাব করে চলে, তা কি কখনো জানতে চেষ্টা করেছ? এমনকি হতে পারে যে তাদের পরিবার কিছুটা অসচ্ছল এবং তোমার বান্ধবীকে নিজের খরচ চালিয়ে পরিবারকেও আর্থিক সহায়তা দিতে হয়? অথবা ভবিষ্যতের জন্য তাকে সঞ্চয় করতে হচ্ছে? হয়তো তোমাকে সে সব কথা খুলে বলতে পারছে না। তোমাদের দুজনেরই এখনো বয়স কম বলে তোমরা একে অপরকে ভালোভাবে বুঝতে পারছ না। তুমি তাকে ভালোবেসে যদি অনেক উপহার দিয়েই থাকো, তাহলে তো সেটি মন থেকেই করেছ—তাই না? তোমার যদি মনে হয়, এই মেয়েটি তোমাকে অনেক সাপোর্ট দিচ্ছে, জীবনে চলার জন্য তাকে তোমার প্রয়োজন, তাহলে তো তুমি নিজের মানসিক শান্তি ও সন্তুষ্টির জন্যই তাকে ফোন করেছ, উপহারও দিয়েছ। বিনিময়ে কিছু না দিলে অবশ্যই মন খারাপ হয়, তবে তুমি ভাবতে পারো যে এই দেওয়াটুকুর পেছনে তোমারও স্বার্থ ছিল। মেয়েটির আচরণ যদি তোমার কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে তুমি তাকে তোমার প্রত্যাশার কথা সরাসরি বলতে পারো। বাবার টাকা তার পেছনে খরচ না করেও তুমি কিন্তু তার প্রতি সহমর্মী ও শ্রদ্ধাশীল হতে পারো। ভালোবাসার ক্ষেত্রে উদারতার খুব প্রয়োজন। সব বিষয় নিয়ে হিসাব-নিকাশ করলে ও শর্ত আরোপ করলে সম্পর্ক ফিকে হয়ে যায়। মনে হচ্ছে তুমি এই সম্পর্কটি নিয়ে দোলাচলে রয়েছ। তাকে দেখে ও ভালোভাবে পরিচিত হয়েই তো তুমি সম্পর্কটি তৈরির ক্ষেত্রে অবদান রেখেছ। যদি তার বাইরের চেহারা এবং বয়স তোমার কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে তো অনেক আগেই তুমি সম্পর্কটি যাতে আর না এগোয়, সে ধরনের পদক্ষেপ নিতে পারতে। যদি অন্তর থেকে অনুভব করো তার প্রতি তোমার শ্রদ্ধা আর ভালোবাসার ঘাটতি হচ্ছে, তাহলে সুন্দরভাবে তোমার অপারগতার কথা জানিয়ে দাও।