মনের জানালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন। স্থানস্বল্পতার কারণে সব চিঠির উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা দুঃখিত।—বি. স.সমস্যা: আমার মায়ের বয়স ৪৩ বছর। গৃহিণী। আমরা দুই ভাইবোন। বোনের বিয়ে হয়েছে। মা দিনের বেশির ভাগ সময় একা বাড়িতে থাকেন এবং সাংসারিক কাজও করেন। তিনি বাড়ির বাইরে বের হতে চান না। প্রতিবেশীদের সঙ্গে মিশতে চান না। নিজেকে গুটিয়ে রাখতে চান। মা মনে করেন, সবাই তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে। এমনকি তাঁর আপন ভাইদেরও চক্রান্তকারী মনে করেন। বাড়িতে অতিথি বা প্রতিবেশী এলে শোভনীয় আচরণ করেন না। বাবার সঙ্গে বেশির ভাগ সময় অশোভনীয় আচরণ করেন। তাঁর এ সমস্যা চলছে প্রায় দুই বছর ধরে।সা’দ উল্লাহচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়পরামর্শ: মায়ের সমস্যাগুলো তুমি দায়িত্বের সঙ্গে লিখে জানিয়েছ। তোমার মায়ের যে উপসর্গগুলোর কথা লিখেছ, সেগুলো কি দুই বছর আগেই শুরু হয়েছে, নাকি এর আগেও তাঁর আচরণে কিছু অস্বাভাবিকতা ছিল? বোঝা যাচ্ছে, তিনি বেশ অসুস্থ এবং তাঁর দ্রুত চিকিৎসা হওয়া খুব প্রয়োজন। তিনি যেসব অশোভন আচরণ করছেন, সে জন্য তাঁকে দায়ী করা ঠিক নয়। কেউ ইচ্ছে করে নিজেকে গুটিয়ে রাখে না বা অন্যদের শুধু শুধু সন্দেহ করে না। কেবল মানসিকভাবে অসুস্থ বলেই তিনি স্বতঃস্ফূর্তভাবে ক্রমাগত এ আচরণগুলো করছেন। তুমি পরিবারের সবাইকে অনুরোধ করো, তোমার মায়ের প্রতি কেউ যেন নেতিবাচক আচরণ না করে। পরিবারের কোনো সদস্য অসুস্থতার কারণে ক্রমাগত বিরক্তিকর আচরণ করতে থাকলে, অন্যদের পক্ষে ধৈর্য রাখা খুবই কঠিন হয়ে পড়ে। এই অসুস্থ মানুষগুলো অসহায়। মস্তিষ্কের নিউরোকেমিক্যালের ভারসাম্যহীনতার প্রভাবে অনাকাঙ্ক্ষিত আচরণগুলো করেন। তাই তাদের প্রতি সংবেদনশীল হতে হবে। প্রিয় মানুষের হাতে নির্যাতিত হলে এই রোগীদের মানসিক চাপ আরও বেড়ে যায় এবং অসুস্থতার মাত্রাও বৃদ্ধি পায়। তোমার মাকে ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের হাসপাতালে এনে প্রথমে আউটডোরে দেখাও। তারপর প্রয়োজন হলে সেখানে ভর্তি করতে পারলে খুব ভালো হয়। এ ছাড়া বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় বা ঢাকা মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগেও ভালো চিকিৎসার ব্যবস্থা রয়েছে। সমস্যা: আমার লেখাপড়ায় মন বসে না। বাসার কেউ যখন পড়তে বলে, তখন অনেক বিরক্ত লাগে। কেউ ধমক দিলে বা শাসন করলে তাকে চরম শত্রু মনে হয়। ছোটবেলায় আমাকে লেখাপড়ার জন্য জোর করা হয়নি। নানান চিন্তা করতে ভালো লাগে; একা থাকতে ইচ্ছা করে। লেখাপড়া না করার কুফল সম্পর্কে আমি অনেক সচেতন, কিন্তু পড়তে বসলেই অন্যমনস্ক হয়ে যাই। আমার মাথায় নানা রকম উদ্ভট চিন্তাভাবনা আসে। কোনো কথা শুনলে তা বুঝতে সময় লাগে। কেউ কোনো কথা বললে এর জবাব দিতে পারি না। পরে মনে হয়, এটা বলা উচিত ছিল। কোনো কথা গুছিয়ে রাখলে তা বলতে পারি না, গুলিয়ে যায়। আমি অনেক ভীতু। যখন বাইরে বেরোই, সব সময় মনে হয়, আমাকে কেউ অনুসরণ করছে কিংবা আমাকে পুলিশ ধরবে। আমি কখনো এ রকম সমস্যার শিকার হইনি। আমার গৃহত্যাগ ও আত্মহত্যা করতে ইচ্ছা করে। মনে হয়, মানুষ মরে গেলে সব শেষ। আমি কোনো মেয়েকে ভালোবাসতে আগ্রহী। কিন্তু কোনো মেয়ের দিকেই চোখ তুলে তাকাতে পারি না, কোনো মেয়ের পাশেও যেতে পারি না। ভয় হয়। আমার কোনো বোন নেই।নাম প্রকাশে অনিচ্ছুকপরামর্শ: মনে হচ্ছে, তুমি উদ্বেগজনিত অসুস্থতায় ভুগছ। সব সময় উদ্বেগ বা দুশ্চিন্তায় থাকার ফলে তুমি উদ্ভট চিন্তায় ডুবে আছো। উদ্বেগের মাত্রা অতিরিক্ত হয়ে গেলে তুমি ভীতিরও শিকার হতে পারো এবং আশপাশের পরিবেশকে বিশ্বাস করতে পারবে না। এসব কারণে তোমার আত্মবিশ্বাস ও আত্মসম্মানবোধেরও ঘাটতি হচ্ছে। পড়াশোনাটাও ঠিকমতো হচ্ছে না বলে তোমাকে ক্রমাগত বিষণ্নতার শিকার হতে হচ্ছে। তবে অত্যন্ত ইতিবাচক দিকটি হচ্ছে, তুমি এত অল্প বয়সে নিজের সমস্যাগুলো খুব ভালোভাবে চিহ্নিত করতে পেরেছে। আমার অনুরোধ থাকবে, তুমি অবশ্যই পরিবারের সদস্যদের কাছে বলবে যে তাঁরা যেন তোমাকে মানসিক স্বাস্থ্যসেবার জন্য খুব তাড়াতাড়ি কোথাও নিয়ে যান। সামনে তোমার এসএসসি পরীক্ষা এবং সেই পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে তোমার এখনই চিকিৎসা নেওয়া খুবই প্রয়োজন। তুমি কোনো ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে সাইকোথেরাপির সাহায্য নিলে তাঁরা তোমাকে বলে দেবেন কোনো ওষুধ সেবন করতে হবে কি না। সে ক্ষেত্রে কোনো মনোচিকিৎসকের কাছেও যেতে হবে। পাশাপাশি বেশ কিছুদিন কাউন্সেলিং বা সাইকোথেরাপির সাহায্য নিলে আশা করি তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। চিঠির জন্য ধন্যবাদ।