মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন। স্থানস্বল্পতার কারণে সব চিঠির উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা দুঃখিত।—বি. স.সমস্যা: আমি দুই বছর আগে প্রেম করে বিয়ে করি। আমাদের সম্পর্ক আমার পরিবার মেনে নেয়। সে সময় আমি পড়ালেখা করতাম। লেখাপড়ার সব খরচ আমার বাবা দিতেন। আমরা দুজনে একটা ভাড়া বাসায় থাকতাম। আজ পর্যন্ত আমাকে আমার শ্বশুরবাড়ি মেনে নেয়নি। আমার স্বামী আমাকে সব সময় মানসিক চাপে রাখে। সে বিনা কারণে আমাকে যা ইচ্ছা তা-ই বলে। আমি ওকে খুব ভয় পাই। প্রতিবাদ করলে ঝগড়া হয়। ওকে অনেক বুঝিয়েছি, তাতেও কোনো লাভ হয়নি। আমরা দুজনেই একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি।এখন খুব হতাশায় ভুগছি। দুবার আত্মহত্যা করতে চেয়েছি। জীবনটা এখন আমার কাছে বোঝা মনে হয়। আমার স্বামী চাইছে আমি চাকরি না করি। কিন্তু চাকরি ছাড়লে ও আমার খরচ চালাবে না।অর্পিতাচট্টগ্রামপরামর্শ: একজন চাকরিজীবী এবং শিক্ষিত মেয়ে হয়েও তুমি আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা নিয়ে পথ চলতে পারছ না। এটা সত্যিই খুব হতাশাব্যঞ্জক। তোমরা মেয়েরা যদি এভাবে নিজেদের অবমূল্যায়ন করতেই থাকো, তাহলে কি আমাদের সমাজের মেয়েরা কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে? তুমি এমন একটি মানুষকে বিয়ে করলে যে তোমাকে প্রথম থেকেই কোনো মর্যাদা দেয়নি। তোমাকে তার পরিবারের কাছে একজন সম্মানিত ও ভালোবাসার মানুষ হিসেবে উপস্থাপন তো করেইনি, উপরন্তু তোমার লেখাপড়া ও অন্যান্য খরচের দায়িত্বও বহন করেনি। বিয়ের আগেই তার পরিবারের কাছে তোমার গ্রহণযোগ্যতা নিশ্চিত করা প্রয়োজন ছিল। শুধু ছেলেটিকে দেখেই বিয়ের মতো এত বড় একটি সিদ্ধান্তে যাওয়া ভুল হয়েছে। তুমি নিশ্চয়ই এখন খুব ভালোভাবে বুঝতে পারছ। তোমার বাবা হয়তো পরবর্তী সময় অসহায়বোধ করেই বিয়ের ব্যাপারটি মেনে নিয়েছেন এবং তোমাকে নিজের পায়ে দাঁড়াতে সহায়তাও করেছেন। তিনি অনেক ধন্যবাদ পাবেন। তুমি লিখেছ, তোমাকে একটি সিদ্ধান্ত দিতে। কিন্তু প্রত্যেকেরই দায়িত্ব হচ্ছে নিজের ভালোমন্দ বুঝে শুধু সিদ্ধান্ত নেওয়া নয়, সেটির দায়িত্বও সম্পূর্ণভাবে গ্রহণ করা। আমি বলব, তুমি খুব ভালোভাবে ভেবে দেখবে, এ সম্পর্কটি থেকে তুমি আসলে কী পাচ্ছো। একই সঙ্গে তোমাকে কী কী ছাড় দিতে হচ্ছে। ভাববে, যদি সম্পর্কটি চালিয়ে নাও, তাহলে তুমি কী পাবে এবং কিসের অভাব অনুভব করবে। যেদিকে প্রাপ্তি বেশি, সেদিকটিই বেছে নেবে। তবে যদি সবদিক বিবেচনা করে এই সম্পর্কে থাকার পক্ষে রায় দাও, তাহলে অবশ্যই নিজের মর্যাদা রক্ষা করে চলবে। নিজেকে অবশ্যই যত্ন করবে এবং তোমার ভালো লাগার বিষয়গুলোকে আন্তরিকভাবে সময় দেবে। তোমারও আনন্দে থাকার এবং কারও অসুবিধা না করে নিজের ইচ্ছাগুলো পূরণ করার এক শ ভাগ অধিকার রয়েছে। আত্মহত্যা করার অধিকার কিন্তু আমাদের কারও নেই, সেটা মনে রেখো। আর চাকরির ব্যাপারে বলব, তুমি কিছুতেই চাকরিটা ছাড়বে না। কারণ, এটি তোমাকে অনেকটা মনের জোর ধরে রাখার ব্যাপারে সাহায্য করবে। ঘরের পরিবেশ ঠিক না হওয়া পর্যন্ত কোনো সন্তান নেওয়ার কথা ভাববে না। নিজেকে সম্মান করে এবং ভালোবেসে, স্বামীর প্রতি নির্ভরশীলতা কমিয়ে দেখোই না, একটু ভালো থাকা যায় কি না?সমস্যা: আমার বয়স ৪০। সরকারি চাকরি করি। আমি শৃঙ্খলার খাতিরে হয়তো বিনয়ী ভাব দেখাই। কিন্তু মূলত আমি অতি উগ্র ও দুর্বিনীত। কখনো কখনো আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের তাচ্ছিল্য করি। আমার মুখের ভাষায় নয়, শরীরের ভাষায়। কোনো মিটিংয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চরম বিরক্তি ও বিব্রতকর অবস্থার সৃষ্টি করে। ফলাফল যেটা হয় যে তারা আমাকে খুব অপছন্দ করে। আমাকে দেখে প্রচণ্ড রেগে যায়। মাঝেমধ্যে মনে হয়, সরকারি চাকরি না হলে আমার চাকরিটা অনেক আগেই চলে যেত এবং এটাই স্বাভাবিক। বিষয়টি নিয়ে মনোবিজ্ঞানীদের সঙ্গে কথা বলেছি। তাঁরা বলেছেন, যাদের সঙ্গে বা যে মিটিংয়ে এ আচরণটি বারবার ঘটে, সে মিটিং বা লোককে এড়িয়ে চলতে অথবা তাদের সঙ্গে ঘন ঘন যোগাযোগ রেখে বোঝাতে হবে যে আপনি সে চরিত্রের লোক নন, যা তারা ভাবছে। এর পরেও আমার এ সমস্যা হয়েছে। নিকটাত্মীয়দের কাছে আমি অত্যন্ত ভালো মানুষ। রেজাউল করিমপরামর্শ : তোমার সমস্যার ব্যাপারে তুমি যে এতটা সচেতন, সেটি সত্যিই অত্যন্ত প্রশংসার দাবিদার। তুমি যে তোমার শরীরের ভাষার বার্তাগুলো সম্পর্কে জেনেছ, অন্যদের অনুভূতিকে শ্রদ্ধা করছ—এ বিষয়টি অবশ্যই তোমাকে সাহায্য করবে ব্যক্তিত্বের এই ত্রুটিগুলো দূর করতে। তুমি চিন্তা করে দেখবে, শৈশবে তোমার ইচ্ছেগুলোকে কতটা মূল্য দেওয়া হয়েছে, সৃজনশীল কাজের জন্য স্বীকৃতি দেওয়া হয়েছে কি না, তোমার কথাগুলো বড়রা মনোযোগ দিয়ে শুনেছেন কি না, তোমাকে পরিবারের মানুষেরা কতটা গুরুত্ব দিয়েছেন। এ বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব বহন করে এ কারণে যে প্রথম ছয়-সাত বছর বয়সে, যেহেতু ব্যক্তিত্ব গড়ে ওঠে, এই সময়কার অভিজ্ঞতাগুলোর প্রভাব সারা জীবন থাকে। পরিবারের সদস্যদের কাছ থেকে এই বিষয়গুলো পেলে আমরা আত্মমর্যাদাসম্পন্ন মানুষ হিসেবে বিকাশলাভ করি। আমার অনুমান হচ্ছে, তুমি হয়তো সত্যিকার অর্থে নিজেকে অতটা সম্মান করো না, আর তাই অন্যদের মতামত ও বক্তিত্বকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখতে অসুবিধা বোধ করো। বিষয়টি অবচেতন মনের প্রভাবে ঘটছে বলে তুমি এ ব্যাপারে নিজেকে সাহায্য করতে পারছ না। অন্যদের এড়িয়ে চলে বা তাদের বুঝিয়ে এ সমস্যাটির সমাধান সম্ভব নয়। তুমি চেষ্টা করো, আগে নিজের সত্তাকে নিঃশর্তভাবে গ্রহণ করে নিতে এবং নিজেকে শুধু একজন মানুষ হিসেবে সব সময় শ্রদ্ধা করতে। ভালোমন্দ মিলিয়ে নিজের যে সত্তা তৈরি হয়েছে, তাকে আন্তরিকভাবে গ্রহণ করে নিতে পারলে দেখবে অন্যদের প্রতি তোমার মনোভাব এবং দৃষ্টিভঙ্গির অনেক পরিবর্তন হয়েছে। নিজের দুর্বল দিকগুলো চিহ্নিত করে সেগুলোর উন্নয়নে যা করা দরকার, তা করবে। অন্যদের প্রতি বিনয়ী হবে এবং তাদের সারাক্ষণ বিচারকের দৃষ্টিতে দেখবে না, কেমন? যদি এটা করে যথেষ্ট সাহায্য না হয়, তাহলে তুমি মানসিক স্বাস্থ্যসেবা বা কাউন্সেলিংয়ের সহায়তা নিতে পারো। শুভ কামনা রইল।