মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন। স্থানস্বল্পতার কারণে সব চিঠির উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা দুঃখিত।—বি. স.সমস্যা: একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। বয়স ২৯ বছর চলছে। বিগত সাত মাস ধরে মনোচিকিৎসকের চিকিৎসা নিচ্ছি। আমি বিষণ্নতা ও দুশ্চিন্তায় আক্রান্ত। এখন আগের তুলনায় অনেক ভালো বোধ করি। কিন্তু বিষণ্নতা রোগের ওষুধ আমার স্মরণশক্তি দুর্বল করে দিচ্ছে এবং শ্রবণশক্তির ক্ষতি করছে। আমার কি জীবনের শেষ দিন পর্যন্ত বিষণ্নতার ওষুধ খেয়ে যেতে হবে? আমান উদ্দিনপরামর্শ: তোমার এই বিষণ্নতা ও দুশ্চিন্তার সূচনা কবে থেকে? জানা প্রয়োজন ছিল। তুমি কি সাত মাস আগে প্রথম চিকিৎসা নিয়েছ, নাকি এর আগেও চিকিৎসকের কাছে গিয়েছিলে? মানসিক সমস্যার সূত্রপাত তখনই ঘটে, যখন জীবনে কোনো চাপমূলক পরিস্থিতির সম্মুখীন হতে হয়। যাদের এই চাপ মোকাবিলা করার ক্ষমতা কম, তারা অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পরও আবার মানসিক চাপমূলক ঘটনা ঘটলে নানা রকম নেতিবাচক আবেগের আধিক্যের কারণে জীবনের স্বাভাবিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে না। এ ছাড়া বংশগতভাবে এ ধরনের অসুস্থতা দেখা দিতে পারে। ইতিবাচক দিকটি হচ্ছে, ওষুধ খাওয়ার পর তোমার মানসিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। কিন্তু তুমি মনে করছ এতে করে তোমার শ্রবণশক্তি ও স্মরণশক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তুমি যে মনোচিকিৎসকের কাছে চিকিৎসা গ্রহণ করছ তাঁকে কি সমস্যাগুলোর কথা বলেছ? অবস্থার উন্নতি দেখলে চিকিৎসকেরা সাধারণত ধীরে ধীরে ওষুধের মাত্রা কমিয়ে দেন, আবার কোনো ওষুধে কারও সমস্যা হলে সেটি পরিবর্তনও করেন। আশা করি, তুমি এই অসুবিধাগুলোর কথা তোমার চিকিৎসককে জানাবে। তোমাকে সারা জীবন ওষুধ সেবন করতে হবে কি না তা তোমার চিকিৎসকই বলতে পারবেন। ওষুধের পাশাপাশি তুমি যদি কোনো ক্লিনিক্যাল বা কাউনসেলিং সাইকোলজিস্টের কাছে গিয়ে নিয়মিত সাইকোথেরাপি নাও, তাহলে খুব উপকৃত হবে। সমস্যা: আমার বয়স ৩৩ বছর। ছয় বছরের বিবাহিত জীবনে তিন বছরের এক কন্যাসন্তানের জনক আমি। এমন একটি সমস্যায় পড়েছি, যা কারও কাছে বলতে পারছি না। আবার সইতেও পারছি না। সম্প্রতি আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া আমার এক শ্যালিকার প্রতি খুব দুর্বল হয়ে পড়েছি। তার প্রতি আমার গভীর হূদয়ের টান দাম্পত্যজীবনে প্রবলভাবে প্রভাব বিস্তার করছে। কোনোভাবেই তার কাছ থেকে আমার মন ফেরাতে পারছি না। মনে হয় মৃত্যু ছাড়া এটা সম্ভবও নয়। অথচ ওর চেয়ে আমার স্ত্রী অনেক বেশি সুন্দরী। আমার শ্যালিকা মৌনতা প্রদর্শন করে । ও আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকে, আমি পাগলের মতো হয়ে যাই। মনে হয়, ওর যেদিন বিয়ে হবে সেদিন আমি আত্মহত্যা করব। সজলছদ্মনাম।পরামর্শ: আমার মনে হচ্ছে তোমার এই আকর্ষণটি মূলত শারীরিক। তোমার চেয়ে অন্তত ২০ বছরের ছোট একটি শিশুর সঙ্গে মানসিকভাবে সম্পর্ক স্থাপন সম্ভব নয়। মেয়েটির এখন বয়ঃসন্ধি শুরু হয়েছে। অপ্রাপ্তবয়স্ক বলে ওর এখনো ভালো-মন্দ জ্ঞান হয়নি। এ ক্ষেত্রে একজন প্রাপ্তবয়স্ক বিবাহিত এবং সন্তানের জনক হিসেবে তোমার দায়িত্ব হচ্ছে, ও ভুল করলেও ওকে এই আকর্ষণ থেকে বেরিয়ে আসতে সাহায্য করা। এই বয়সের শিশুদের মন খুব দ্রুত পরিবর্তন হয়। হয়তো কিছুদিন পর মেয়েটি তার কাছাকাছি বয়সের কাউকে ভালোবাসতে শুরু করবে। তখন তোমার প্রতি ওর অনুভূতিও বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তুমি এখনই এই শিশুটির বিয়ে কবে হবে সেই চিন্তা করে ওর চেয়ে আরও ছোট একটি শিশুর মতো চিন্তাভাবনা শুরু করেছ। এটি তোমার আবেগীয় অপরিপক্বতার বিষয়টি নির্দেশ করছে। তুমি তোমার মধ্যে নৈতিক মূল্যবোধের চর্চা করো। তোমার স্ত্রী এবং কন্যার প্রতি দায়িত্বগুলোর কথা নিজেকে বারবার মনে করাও। যে সন্তানটিকে নিজের স্বার্থের জন্য পৃথিবীতে এনেছ, সেই নিষ্পাপ শিশুটিরও একজন আদর্শ বাবা হওয়ার যোগ্যতা অর্জন করো। তা না-হলে ও বড় হলে তোমাকে একেবারেই সম্মান করবে না এবং নিজেকেও আত্মমর্যাদাহীন মনে করবে। ভেবে দেখ তো, তোমার কন্যাসন্তানটির বয়স যখন ১২-১৩ বছর হবে, তখন ওর চেয়ে বয়সে প্রায় তিন গুণ বড় বিবাহিত পুরুষ যদি তাকে প্রলুব্ধ করে, তুমি কি সেই মানুষটিকে ক্ষমা করতে পারবে? যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটিকে বলে দাও, তুমি যা করেছ তা ভুল ছিল। মেয়েটিও যেন তার মোহগ্রস্ততা কাটিয়ে নিজের সুন্দর ভবিষ্যৎ গড়ে নেয়। আর এ ব্যাপারে তোমার আশীর্বাদ ও শুভকামনা সব সময় ওর সঙ্গে থাকবে বলেও আশ্বাস দাও। নিজের যত কষ্টই হোক না কেন, তুমি আবেগতাড়িত হয়ে এই ভুলটি কোরো না, কারণ একদিন হয়তো নিজেকেই তুমি এর জন্য ক্ষমা করতে পারবে না।