মনের জানালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন। স্থানস্বল্পতার কারণে সব চিঠির উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা দুঃখিত।—বি. স.সমস্যা: আমি একটি ছেলেকে ভালোবাসি। সেও আমাকে অনেক ভালোবাসে। কিন্তু সমস্যা হচ্ছে, আমাদের দুজনের কাছেই প্রিয় মানুষ আমার বড় ভাই। আমরা দুজন দুজনকে ছাড়তে পাড়লেও সে তার বন্ধুকে অর্থাৎ আমার ভাইকে ছাড়তে পারবে না। আর আমিও আমার ভাইকে ছাড়তে পাড়ব না। একদিন আমাদের সম্পর্কের কথা আমার ভাই জেনে যায় এবং তাকে বলে, তুমি যদি এই সম্পর্ক ঠিক রাখতে চাও তাহলে আমাকে মেরে ফেলে তোমাদের সম্পর্ক ঠিক রেখো। কারণ, আমি বেঁচে থাকতে তোমাদের এই সম্পর্ক মেনে নেব না। সে আমাকে সব কথা জানায় এবং ভাইয়ের ভালোবাসা এবং সে তার বন্ধুত্ব রক্ষার জন্য আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিই, সারা জীবনের জন্য আমরা দুজন দুজনকে ভুলে যাব। কিন্তু আমরা দুজনের কেউ দুজনকে ভুলতে পারছি না। একদিকে ভাইয়ের ভালোবাসা, অন্যদিকে আমার ভালোবাসা— আমি কোনোটাই ছাড়তে চাই না। নাম প্রকাশে অনিচ্ছুকপরামর্শ: তোমার বড় ভাই কী কারণে তোমার ভালোবাসার মানুষকে এতটা শক্তভাবে প্রত্যাখ্যান করছেন, লেখোনি। ছেলেটিকে তো উনি বন্ধু হিসেবে ভালোবাসেন বলেই মনে হচ্ছে। তুমি কি এ ব্যাপারে তোমার ভাইয়ের সঙ্গে ভালোভাবে আলোচনা করেছ? যদি এ ব্যাপারে তোমার ভাই সম্পূর্ণ অনড় থাকেন, তাহলে তো কিছু করার নেই। তবে সারা জীবনের জন্য তোমরা যে পরস্পরকে ভুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছ, তা বাস্তবসম্মত নয়। ছেলেটিকে বলো, এই মুহূর্তে তোমাদের যোগাযোগ কম হলে ভালো হয়। তোমরাও আলাদাভাবে সময় নিয়ে নিজের মুখোমুখি দাঁড়িয়ে নিজেকে ভালো করে প্রশ্ন করে দেখো যে দুজনের মিলন না হলে বেশি কষ্ট হচ্ছে, নাকি তোমার ভাই ও ছেলেটির বন্ধুত্বপূর্ণ নষ্ট হলে তোমাদের বেশি কষ্ট হবে। যদি দুই দিকের কষ্টকে পরিমাপ করতে পার, তবে যে দিকে কষ্ট একটু হলেও কম হবে, সেদিক বেছে নাও। পরিবারে এমন যদি কেউ থাকেন, যাঁর কথা বড় ভাই একটু শোনেন, তাঁকে দিয়ে ভাইকে একটু বোঝাতে চেষ্টা করো যে তোমাদের জীবনে তাঁর দোয়া খুব দরকার। সমস্যা: আমার বিয়ে করার সময় পেরিয়ে গেছে বহু আগেই। প্রথম দিকে ভালো মেয়ে বাছাই করতে গিয়ে এবং পরে ক্যারিয়ার নিয়ে চিন্তা করার টানাপোড়েন। পাড়া-প্রতিবেশী অবশ্য ভিন্ন কথা বলার সুযোগটা হাতছাড়া করেনি। আমার নামে উঠেছে বেশ কয়েকটি প্রেমঘটিত বদনামের ঘটনা। যা হোক, কিছুতে কান দিইনি, মানে দিতাম না। ইদানীং একটা সমস্যা হওয়ার পর তাদের গুরুত্ব দিতে হচ্ছে। আমাদের বাসায় ভাড়া থাকত মেয়েটা। ওর বয়স খুব কম। আমার অর্ধেক হবে হয়তো। আমার সঙ্গে ওর হূদয় বা প্রেমঘটিত কোনো আবেগীয় সম্পর্ক খাটে না। এমনকি দুই পরিবারের সম্মতি থাকলেও বিয়েটা মানানসই হয় না। অথচ সে আমাকে প্রচণ্ড ভালোবাসে। সারাক্ষণ প্রলোভিত করে। কারণে-অকারণে ফোন দেয়। বাইরের দু-একজন জানলেও তারা ব্যাপারটা হালকাভাবে নিয়েছে। তবে আমরা সাধারণ আলাপের সীমানা পেরিয়ে গেছি। ওর আকর্ষণে হূদয়-পর্বত গলতে শুরু করেছে। চরম একটা অনুভূতি সৃষ্টি হয়েছে তাকে নিয়ে। এখন না পারছি ভুলে যেতে, না পারছি তাকে মনে রাখতে। আমি এখন কী করতে পারি, যাতে দুজনের সুখ অটুট থাকবে। উল্লেখ্য, আমার মা বিষয়টা আঁচ করতে পেরেই তাদের ঘর বদল করার তাগিদ দিয়েছে। নবীন রহমানবরগুনা। পরামর্শ: বিয়ে করার বয়স বলতে আসলে কিছু নেই। আমাদের সমাজ ছেলে ও মেয়েদের বিয়ের ক্ষেত্রে যে বয়সসীমা বেঁধে দিয়েছে, তা-ই যে সবার ক্ষেত্রে আদর্শ হবে, এমন কোনো কথা নেই। ছেলে হোক বা মেয়েই হোক, কে কখন তার জীবনসঙ্গী নির্বাচন করে বিয়ের বন্ধনে আবদ্ধ হবে, সেটি নির্ধারণ করার অধিকার প্রত্যেকেরই রয়েছে; বরং দেরি করে বিয়ে করলে আমাদের মানসিক পরিপক্বতা বাড়ে এবং সেই সঙ্গে দেশের জনসংখ্যাও নিয়ন্ত্রণে থাকে। তবে তোমার চেয়ে অর্ধেক বয়সের মেয়েটির বর্তমান বয়স কত, তা লিখলে ভালো হতো। মেয়েটির বয়স ১৮ বছরের নিচে নয়তো? তাহলে কিন্তু এটি একটি অন্যায় হবে। মেয়েটি তোমাকে খুব ভালোবাসে লিখেছ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সে কি তোমাকে ভালোভাবে জানার সুযোগ পেয়েছে, বা তুমিই কি তার পছন্দ-অপছন্দ, মূল্যবোধ, আদর্শ, আচরণ ও আবেগের বহিঃপ্রকাশ সম্পর্কে জানতে পেরেছ? ও যদি খুব ছোট হয়ে থাকে, তাহলে এমনো তো হতে পারে যে সে বর্তমানে একটি মোহের মধ্যে রয়েছে। যদি তা-ই হয়, তাহলে পরবর্তী সময় ওর মধ্যে অনেক পরিবর্তন আসতে পারে। আমার অভিজ্ঞতায় দেখেছি, সবে বয়ঃসন্ধি পেরিয়ে যে সব মেয়ের বিয়ে হয়, তারা বিবাহিত জীবনের মধ্যে আবদ্ধ থাকতে থাকতে একসময় হাঁপিয়ে ওঠে। কাজেই পরিবারের মতামতের চেয়ে তুমি এখন নিজের বিচারবুদ্ধি দিয়ে বিষয়টি মূল্যায়ন করলে ভালো হয়। জীবনটা তো তোমার, তাই তোমাকেই ঠিক করতে হবে তোমার রুচিবোধের সঙ্গে তার চিন্তাধারার কতটুকু সামঞ্জস্য রয়েছে।