মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন। স্থানস্বল্পতার কারণে সব চিঠির উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা দুঃখিত।—বি. স.সমস্যা: আমি সাধারণত মেয়েদের সঙ্গে মিশি না। আমার ভালো কোনো মেয়েবন্ধুও নেই। কিন্তু ২০১১ সালের জুন মাসে একটা মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়। মেয়েটা এখন তৃতীয় বর্ষে পড়ে। প্রথম যেদিন তাকে দেখি, সেদিনই অজানা কারণে আমি তার প্রতি দুর্বল হয়ে পড়ি। কিন্তু প্রথমেই আমি তাকে আমার ভালোবাসার কথা না জানিয়ে তার সঙ্গে ভালো বন্ধুত্ব করি আর মনে মনে তাকে ভালোবাসি। আমাদের মোবাইল ফোনে প্রতিদিন একবার কথা হতো। এভাবে কয়েক মাস পর আমি তাকে আমার মনের কথা প্রকাশ করি কিন্তু মেয়েটি তার অক্ষমতা প্রকাশ করে। উল্লেখ্য, জানামতে তার এখন কারও সঙ্গে কোনো সম্পর্ক নেই। এমতাবস্থায় আমার অনেক কষ্ট হচ্ছে। এখন আমি ভালোভাবে লেখাপড়া করতে পারছি না। এদিকে আগামী বিসিএস পরীক্ষায় অংশ নিতে হবে। সে জন্য ভালো প্রস্তুতিও দরকার। সামনে আমার কোর্স ফাইনাল পরীক্ষা কিন্তু লেখাপড়ায় মনোযোগ আনতে পারছি না। আমি তাকে কোনো প্রকার বিরক্ত করি না কিন্তু আমার মনের অবস্থাটা আমি তাকে বোঝাই। আমি চাকরি পাওয়ার পর তাকে বিয়ে করতে চাই কিন্তু সে রাজি হচ্ছে না। আমি সবকিছু বোঝা সত্ত্বেও এটা মানতে পারছি না। আমার কোনো অসৎ উদ্দেশ্যও নেই তার ব্যাপারে। এর পরও সে রাজি হচ্ছে না। আমি এখন কী করতে পারি?আসাদ শাহঢাকা বিশ্ববিদ্যালয়। পরামর্শ: তোমার খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি, তবে এই আবেগ তৈরি হওয়ার পেছনে যেটি কাজ করছে, তা হচ্ছে তোমার চিন্তাধারা। প্রতিনিয়ত তোমার প্রত্যাশা বাড়িয়ে দিয়েছ এই ভেবে যে, মেয়েটি তো প্রতিদিন একবার করে তোমার সঙ্গে কথা বলছে, তাহলে সে হয়তো তুমি যেভাবে ওকে চাও, সেভাবে সে-ও তোমাকে চাইছে। কিন্তু তুমি তো মনের দুর্বলতা লুকিয়ে রেখে তার সঙ্গে বন্ধুর মতো আচরণ করছ। ওর সঙ্গে তোমার সম্পর্কের স্পষ্ট কোনো সংজ্ঞা ছিল না, আর মেয়েটি তোমাকে শুধু বন্ধুর মতোই দেখেছে। দুজনের দিক থেকে ব্যাপারটি দুই রকম হওয়ার কারণেই জটিলতা তৈরি হয়েছে। মেয়েটির দিক থেকে অক্ষমতা প্রকাশের অবশ্যই কোনো বিশেষ কারণ আছে। এই মুহূর্তে তোমাকে ওর অনুভূতিকে আন্তরিকভাবে শ্রদ্ধা দেখিয়ে মনের অবুঝ জায়গাটিকে বোঝাতে হবে যে, জোর খাটিয়ে কোনো সম্পর্ক আদায় করা যায় না। সেই সঙ্গে তোমার সামনের লক্ষ্যগুলো বেশি করে ভাবতে চেষ্টা করো। নিজেকে ভবিষ্যতে পেশাগতভাবে কোথায় দেখতে পেলে জীবনটা মূল্যবান মনে হবে, তা চিন্তা করে লেখাপড়ায় মনোনিবেশ করতে চেষ্টা করবে। তুমি লিখেছ, সাধারণত মেয়েদের সঙ্গে মেশো না। বিপরীত জেন্ডারের মানুষের সঙ্গে শুধু বন্ধুর মতো মিশলে মনোসামাজিক দক্ষতা অনেক বেড়ে যায়। কাউকে ভালো লাগলে অনেক সহজভাবে তা প্রকাশ করাও সম্ভব হয়। মানসিক দক্ষতা বেশি থাকলে কেউ যদি ভালোবাসা প্রত্যাখ্যান করে, তাহলে নিজেকে সামলে নেওয়া অনেক সহজ হয়। কারণ, আবেগের ওপর তখন নিয়ন্ত্রণ অনেক বেড়ে যায়। আশা করি, তুমি আরও বেশি মানুষের সঙ্গে অত্যন্ত শ্রদ্ধাশীল হয়ে মিশবে এবং নিজের আবেগপ্রবণতা ও সামাজিক দক্ষতাও বাড়াবে। অনেক শুভকামনা রইল।সমস্যা: আমি খুব সহজেই মানুষকে বিশ্বাস করি। মানুষকে আপন করে নিই। মানুষের ভালো আচরণগুলো আমাকে খুব সহজেই মুগ্ধ করে। এসব কারণে অধিকাংশ সময় আমি মানুষের কাছ থেকে কষ্ট পাই। দেখা যায় যে আমি একজনকে যতটা আপন ভাবি সে আমাকে ততটা ভাবে না বা আমি তাকে যতটা পছন্দ করি সে আমাকে ততটা করে না। এতে আমি কষ্ট পাই। আর সবচেয়ে বড় সমস্যা হলো যার আচরণ ও কথা আমার ভালো লাগে আমি খুব সহজেই তার প্রেমে পড়ে যাই। কিন্তু আমি এ ব্যাপারটা থেকে মুক্ত থাকতে চাই।জেনী, সিলেট।পরামর্শ: এ বিষয়ে তোমার সচেতনতা আশা করি তোমাকে কিছুটা হলেও সুবিধা দিচ্ছে। আমরা তো জীবনের প্রতিটি পর্যায়েই শিখছি, তাই না? তোমার এই উপলব্ধিকে অনেক মূল্যবান মনে করে এটি সব সময় মাথায় রেখো। যাদের তুমি খুব সহজেই বিশ্বাস করেছ, তারা তোমার সঙ্গে প্রতারণা করেছে কি না, তা জানালে ভালো হতো। আর যদি সেটি না হয়ে থাকে, তাহলে ভেবে দেখো যে তুমি তাদের কাছে তোমার অনুভূতির প্রতিদান পাওনি বলেই মন খারাপ হয়েছে কি না। আমরা সবাই একান্তই নিজের চিন্তাধারা আর আবেগগুলো নিয়ে চলি বলে সব সময় অন্যদের চাহিদাগুলো বুঝতে পারি না। কেউ কাউকে আসলে ইচ্ছা করে কিন্তু কষ্ট দেয় না। প্রত্যেকেই নিজস্ব প্রত্যক্ষণ দিয়ে সবকিছু বিচার করছে এবং প্রায়ই অন্যদের আচরণ সম্পর্কে ভুল ব্যাখ্যাও করছে। তুমি যদি মানুষের প্রতি সহানুভূতিশীল এবং যত্নশীল হয়ে থাকো, সেটি অবশ্যই তোমার একটি ভালো গুণ। তবে কাউকে কিছু দেওয়ার সময় কোনো কিছু পাওয়ার প্রত্যাশা নিয়ে দিয়ো না। যদি মনে হয় কেউ একটু স্বীকৃতি দিলে ভালো লাগবে, তাহলে তুমি সেটি তার কাছে চাইতেও পারো। তা ছাড়া এমনভাবে কাউকে কিছু দেবে না, যখন তোমার নিজের অনেক মূল্যবান সময় এবং প্রাণশক্তি ব্যয় করতে হচ্ছে। আমরা নিজেরা মানসিক ও শারীরিকভাবে পুরোপুরি শান্তি ও স্বস্তিতে না থাকলে অন্যের প্রতি যত্নশীল হতে গিয়ে মানসিক ক্লান্তির শিকার হই। আমরা যারা মানসিক স্বাস্থ্য কাউন্সেলর হিসেবে কাজ করছি, তারাও অন্য কাউন্সেলরদের কাছ থেকে সাইকোথেরাপির সেবা নিই। এর কারণ হচ্ছে, যেহেতু আমাদের সব সময় অন্যের কষ্টগুলো শুনতে হয়, সেহেতু আমাদের আবেগের বিষয়ে দক্ষতা না থাকলে আমরাও ভয়াবহভাবে মানসিক ক্লান্তির কাছে নতি স্বীকার করব। কাজেই তোমার প্রতি আমার অনুরোধ থাকবে, নিজেকেই প্রতিদিন জিজ্ঞেস করা যে তুমি ভালো আছ কি না। কারও আচরণ ভালো লাগলে তাকে অবশ্যই প্রশংসা করবে, তবে নিজেকে মানসিকভাবে এতটা জড়িয়ে ফেলাটা সংগত নয়। নিজেকে সব সময় সম্মান করবে এবং এমনভাবে চলবে, কেউ যেন তোমাকে খুব সহজলভ্য মনে না করে, কেমন? চিঠির জন্য ধন্যবাদ।