মনের জানালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন। স্থানস্বল্পতার কারণে সব চিঠির উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা দুঃখিত।—বি. স.সমস্যা: আমার বিয়ে হয়েছে পাঁচ মাস। আমার স্বামী একজন ব্যবসায়ী। বিয়ের পর এক মাস মোটামুটি ভালোই কাটে। তার পর থেকে আমার প্রতি অবহেলা দিন দিন বেড়েই চলেছে। পদে পদে সে আমার ভুল ধরে। আমি জানতে পেরেছি, সে ছোটবেলা থেকে অনেক জেদি স্বভাবের। সে নিজে যা বোঝে, তা-ই ঠিক মনে করে। মাঝেমধ্যে ভালো ব্যবহার করলেও পরদিন আবার আগের মতো। তবে ওর পরিবারের সবাই আমাকে সমর্থন করে। ওরা বলে, আমিই পারব ওকে ঠিক করতে। ও রেগে গেলে আমিও যেন দ্বিগুণ রেগে যাই। কিন্তু আমি ওই স্বভাবের মেয়ে নই। আর এদিকে আমার পরিবার এসব বুঝতে পেরে আমাকে শ্বশুরবাড়িতে রাখতে চাচ্ছে না। কিন্তু আমি এতটুকু সময়ে তাকে অনেক ভালোবেসে ফেলেছি। নাম প্রকাশে অনিচ্ছুকরংপুর।পরামর্শ: স্বামী তোমার ভুল ধরা ছাড়া আর কীভাবে অবহেলা করে, তা জানলে ভালো হতো। মনে হচ্ছে, শৈশবের পরিবেশ ওর প্রতিও খুব সহমর্মী ছিল না। হয়তো কিছু ভুল করলে বড়রা ওকে খুব বেশি মাত্রায় সমালোচনা করেছেন। এসব কারণে তার মধ্যে জেদ তৈরি হয়েছে। তাঁরা যে বলছেন, ‘তুমি তোমার স্বামীকে ঠিক করতে পারবে’—এ কথা একেবারেই ঠিক নয়। তাঁরা যেহেতু তাঁদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, তাই তোমাকে এই গুরুদায়িত্ব দিয়ে দায়মুক্ত হতে চাইছেন। তোমার নিজের পরিবারের সদস্যরা তোমাকে যে খুব ভালোবাসেন এবং সহায়ক হিসেবে পাশে দাঁড়িয়েছেন, সেটি খুব ইতিবাচক। প্রশ্নটা হচ্ছে, তুমি একটি ভালোবাসা ও সম্মানহীন সম্পর্কের মধ্যে কত দিন চলতে পারবে। তুমি লিখেছ, স্বামীকে এতটুকু সময়ে অনেক ভালোবেসে ফেলেছ। এটি কি ভালোবাসা, নাকি এক ধরনের আবেগীয় নির্ভরশীলতা, তা ভালো করে ভেবে দেখবে, কেমন? কারণ, যে মানুষ তোমাকে শ্রদ্ধা করছে না, তাকে ভালোবাসা আদৌ সম্ভব কি না, তা বোঝা দরকার। এতে কি নিজেকেই অবমাননা করা হয় না? যদি মনে করো, তার সঙ্গে তুমি তোমার বাকি জীবন কাটাতে চাও, তাহলে তার কাছে তোমার প্রত্যাশাগুলো খুব স্পষ্টভাবে এবং একই সঙ্গে মাথা ঠান্ডা রেখে বলবে। তার আচরণে যে তুমি প্রতিনিয়ত কষ্ট পাচ্ছ, তা-ও তাকে বলবে। যদি পরবর্তী সময়ে তার আচরণ ও মনোভাবের কোনো পরিবর্তন না ঘটে, তা হলে দুজন মিলে কাউন্সেলিং সেবা গ্রহণ করতে পারলে খুব ভালো হয়।সমস্যা: আমার বাবা একটি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করে। আমি এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন করতে পারিনি, অথচ আমার বড় বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে পাস করে চাকরি করছে। তার অহংকারে আমি ও আমার মেজো বোন অতিষ্ঠ। আমার বড় ভাই এদিকে বিয়ের জন্য ব্যাকুল হয়ে উঠেছে। সে অতি সামান্য ব্যাপারে বাসায় চিৎকার চেঁচামেচি করে। মা-বাবা বড় দুই বোনের বিয়ের পর তার বিয়ে দেবে বলেছে। তবুও সে নানাভাবে মা-বাবাকে জোর করছে। তার আলাদা থাকার মতো ক্ষমতাও নেই। আমি সামনের বছর আবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে আমার প্রিয় বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি চেষ্টা করছি। কিন্তু বড় বোন ও ভাই আমাকেও আর মাকে বিভিন্ন বিষয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করছে। তাদের মতে, সব দোষ আমার মায়ের। মায়ের কারণে আমার এ অবস্থা। তাদের এ আচরণে আমি পড়ায় ঠিকমতো মন দিতে পারছি না। প্রতিদিন রাতে ঝগড়ার পরে আমি ও মা শুয়ে শুয়ে কাঁদি। আমার আত্মহত্যা করতে ইচ্ছে করে।নাতাশা, ঢাকা।পরামর্শ: তোমার বড় ভাই অবশ্যই মা-বাবার ওপর অন্যায় করছেন। তবে তিনি যদি সম্পূর্ণ নিজের দায়িত্বে বিয়ে করতে চান, সেটি করতে পারেন। বোনদের জন্য উপযুক্ত পাত্র যখন পাওয়া যাবে, তখন তাঁদের বিয়ে হবে। বিয়ে ব্যাপারটিতে আমাদের সমাজ অতিরিক্ত গুরুত্ব দিয়ে দিচ্ছে। এটি আমাদের জীবনের একটি অংশ এবং এ ছাড়া তো আমাদের অনেক ধরনের লক্ষ্য অর্জন করার প্রয়োজন রয়েছে। এ ব্যাপারে মা-বাবা এবং তোমার বড় দুই বোনও ধৈর্য ধরলে ভালো হয়। তাড়াহুড়ো করে বিয়ে করলে ভুল মানুষের সঙ্গে বিয়ে হওয়ার আশঙ্কা থাকবে। বিয়ের পর অশান্তি হলে সবার জন্যই সেটি আরও বেশি দুঃখের কারণ হবে। তোমার বাবা কি এ পরিস্থিতিতে কোনো ভূমিকাই পালন করছেন না? তোমার ও তোমার মায়ের প্রতি যে অবিচার হচ্ছে, সে ব্যাপারে তাঁর কিন্তু একটি শক্ত অবস্থান নেওয়া প্রয়োজন ছিল। তোমরা দুজনে যেহেতু প্রতিদিন কষ্ট পাচ্ছ, তোমাদের জন্য এখন মানসিক স্বাস্থ্যসেবার প্রয়োজন। দুজনে মিলে কি মহিলা অধিদপ্তরের ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টারে গিয়ে কাউন্সেলিং-সেবা নিতে পারো? আত্মহত্যার কথা মাথা থেকে একেবারে সরিয়ে দেবে। তুমি নিজেকে মানসিকভাবে ভালো রাখার সব রকম চেষ্টা করবে, যাতে মায়ের যত্ন করা তোমার পক্ষে সম্ভব হয়। মাকেও বলবে, তিনি যেন নিজেকে কোনোভাবে দোষারোপ না করেন। কারণ, কেউ জেনেশুনে তাঁর সন্তানের ক্ষতি করে না।