মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন। স্থানস্বল্পতার কারণে সব চিঠির উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা দুঃখিত।—বি. স.সমস্যা: আমার বয়স ২০ বছর। অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছি। প্রায় তিন বছর ধরে আমি কিছু সমস্যায় ভুগছি। ছোটবেলা থেকেই পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে দুশ্চিন্তায় থাকি। ২০০৮ সালের শেষের দিকে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুটির সঙ্গে আমার সম্পর্ক ভেঙে যায়। এতে আমি খুব কষ্ট পাই এবং মানসিকভাবে ভেঙে পড়ি। বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং করার জন্য শহরে গিয়ে মেসে উঠি। কিন্তু সেখানে খাপ খাইয়ে নিতে পারছিলাম না। এ সময় পরীক্ষার কথা মনে হলেই ভয় পেতে থাকি। মাথার ভেতর খুব ব্যথা করে। সব সময় বিষণ্নতা ও হতাশায় ভুগি। ঘুম ঘুম লাগে। মাঝেমধ্যে ইচ্ছে করে, আত্মহত্যা করি। সামনে পরীক্ষা, কিন্তু এসব সমস্যার কারণে পড়তে পারছি না। কোথায়, কোন চিকিৎসকের কাছে চিকিৎসা নেব, কিছুই বুঝতে পারছি না। এখন আমি কী করব?নাম প্রকাশে অনিচ্ছুকপরামর্শ: তুমি লিখেছ, ছোটবেলা থেকে পারিবারিক সমস্যার কারণে দুশ্চিন্তাগ্রস্ত থেকেছ। সমস্যাগুলো কী ধরনের, তা লিখলে ভালো হতো। শৈশবের নেতিবাচক অভিজ্ঞতাগুলো তোমার ভেতরে নিরাপত্তাহীনতা তৈরি করেছে বলে তুমি বন্ধুত্ব টিকিয়ে রাখতে এবং নতুন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে অসুবিধা বোধ করছ। এখন তোমার পরীক্ষাভীতির সঙ্গে সঙ্গে বিষণ্নতাও তৈরি হয়েছে। মানসিক চাপের কারণে তোমার মনোযোগের অভাব হচ্ছে বলে পাঠ্য বিষয় বুঝতে বা মনে রাখতে সাময়িকভাবে অসুবিধা হচ্ছে। মনের চাপ কমে গেলে তুমি আবার মনোযোগ দিতে সক্ষম হবে। কোনো প্রশিক্ষণপ্রাপ্ত মনোবিজ্ঞানীর কাছে কাউন্সেলিংয়ের সহায়তা নিলে তিনি সম্পূর্ণ এক ঘণ্টা সময় নিয়ে তোমার উপসর্গগুলো এবং এর পেছনের কারণগুলো মূল্যায়ন করতে পারবেন। মনে হচ্ছে, তোমাকে কিছুদিন ওষুধের সাহায্যও নিতে হতে পারে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা কমিউনিটি হাসপাতাল ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কাউন্সেলিং বা সাইকোথেরাপিস্ট এবং একই সঙ্গে সাইকিয়াট্রিস্টের চিকিৎসা পাওয়া সম্ভব হবে বলে আশা করা যায়। সমস্যা: আমার বয়স ২৭ বছর। চার ভাইবোনের মধ্যে আমি ছোট। একটি সরকারি প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। মাস্টার্সে পড়ার সময় একটি মেয়েকে আমার ভালো লাগে। প্রথম দেখাতেই তাকে আমি ভালোবেসে ফেলি। মেয়েটি সম্মান প্রথম বর্ষে পড়ে। সে আমার ফুপাতো বোনের বান্ধবী। তাকে মনের কথা জানাই। আমরা নিয়মিত যোগাযোগ শুরু করি। এদিকে আমার মাস্টার্স পরীক্ষা শেষ হওয়ার তিন মাস পর চাকরির সুবাদে চট্টগ্রাম চলে আসি। ফোনে আমাদের নিয়মিত যোগাযোগ থাকে। এরপর সে আমাকে পরিবারে কাছে বিয়ের কথা বলতে অনুরোধ করে। সে চেয়েছিল, আমাদের বিয়েটা ১২/১২/১২ তারিখে হোক। তার কথামতো আমি আমার পরিবারের কাছে বিয়ের জন্য কথা বলি। পরিবার এটা মেনে নেয়। কিন্তু এর কিছুদিন পর হঠাৎ করেই সে আমার সঙ্গে রহস্যময় আচরণ শুরু করে। আমাকে না জানিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়। আমি তাকে আমি খুব ভালোবাসি। তাই তাকে মুহূর্তের জন্যও ভুলতে পারছি না। নাম প্রকাশে অনিচ্ছুকপরামর্শ: মেয়েটি হঠাৎ করে তোমার সঙ্গে যোগাযোগ বন্ধ করায় খুব অসহায় বোধ করছ, তা বুঝতে পারছি। মেয়েটিকে প্রথম দেখেই ভালো লেগেছিল, লিখেছ; তবে প্রেমের সম্পর্ক প্রথমে বন্ধুত্ব দিয়ে শুরু হলে ভালো হয়। মেয়েটি কি পরিবারকে জানিয়েছিল যে সে তোমাকে বিয়ে করতে চায়? এমন কি হতে পারে যে মেয়েটির পরিবার বিষয়টি জেনে ফেলায় তার ওপর কোনো কঠিন শর্ত আরোপ করা হয়েছে, যাতে সে আর তোমার সঙ্গে যোগাযোগ না করে? আমাদের সমাজে এখনো ছেলেমেয়েদের প্রেমের সম্পর্ক গড়ে তুলতে উৎসাহ দেওয়া হয় না। পরিবারের কাছে যাকে উপযুক্ত মনে করা হয়, তাকেই বিয়ে করার জন্য এক ধরনের মানসিক চাপ সৃষ্টি করা হয়। অনেক সময় মেয়েদের ওপর পরিবারের সদস্যরা শারীরিক নির্যাতনও করেন বলে শোনা যায়। তুমি ওর বাড়ির ঠিকানা জানো কি না জানি না। জানা থাকলে কাউকে পাঠিয়ে ওর খবর নিতে পারতে। অন্তত সে ভালো আছে কি না, সেটি জানতে পারলে তুমি হয়তো কিছুটা আশ্বস্ত বোধ করতে। নিজেকে ভালো রাখার জন্য বিভিন্ন কাজে ব্যস্ত থাকার সঙ্গে সঙ্গে সুস্থ বিনোদন, শরীরচর্চা, রিলাক্সেশন ইত্যাদির মধ্যে নিয়োজিত রাখো।