মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন। স্থানস্বল্পতার কারণে সব চিঠির উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা দুঃখিত।—বি. স.সমস্যা: আমি মাস্টার্স করেছি। বয়স ২৮ বছর। আমি অতিরিক্ত নার্ভাস। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। নিজের আচরণ নিজের কাছেই অস্বাভাবিক মনে হয়। প্রায় চার বছর ধরে আমার এই আচরণগত সমস্যাগুলো হচ্ছে। নিজেকে খুবই অসহায় মনে হয় তখন। আমার সমস্যাগুলো আমার পরিবারের কাছে পুরোপুরি স্পষ্ট নয়। এ ছাড়া আমার বিয়ের জন্য প্রস্তাব আসছে। আমি কাউকে কিছু বলতে পারছি না, খুবই যন্ত্রণার মধ্যে দিন যাপন করছি। উল্লেখ্য, আমি ছোটবেলা থেকে খুব ভয় পেতাম কোনো অনাকাঙ্ক্ষিত কারণে। আমি লাজুক প্রকৃতির। আমাকে যদি সাইকোথেরাপির পরামর্শ দেন, তবে চট্টগ্রামের কোনো ঠিকানা দিলে খুবই উপকৃত হব।নাম প্রকাশে অনিচ্ছুকচট্টগ্রাম।পরামর্শ: নার্ভাসনেস নিয়েও তুমি যে মাস্টার্স শেষ করেছ, সে জন্য প্রশংসা করছি তোমার। নিজের কোন কোন আচরণ তোমার কাছে অস্বাভাবিক মনে হয়, সেগুলো উল্লেখ করলে ভালো হতো। পরিবারের মানুষগুলো অস্বস্তিতে ভুগছে লিখেছ কিন্তু তারা কি একটুও বুঝতে চেষ্টা করছে না, তুমি কেন এই আচরণগুলো করছ? তারা কি তোমার সমস্যাগুলো এত দিনেও চিহ্নিত করতে পারেনি? তুমি কি তাদের সঙ্গে এ ব্যাপারটি নিয়ে খোলাখুলিভাবে আলোচনা করতে পারো? কারণ, চিকিৎসা নিতে হলে তাদের সহযোগিতার প্রয়োজন হবে। তুমি একটু সাহস সঞ্চয় করে পরিবারের কাছের মানুষদের কাছে তোমার যন্ত্রণাগুলোর কথা প্রকাশ করো। তোমার যেহেতু বিয়ের কথা হচ্ছে, চিকিৎসা নিয়ে দুশ্চিন্তা, ভয় ও আচরণগত অসুবিধাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। বিয়ের পর আমাদের সমাজের মেয়েদের ওপরে এমনিতেই অনেক মানসিক চাপের ঘটনা ঘটে। এর ওপর যদি আগে থেকেই মানসিক অসুবিধাগুলো চলতে থাকে, তা হলে বিয়ের পর অসুস্থতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে চট্টগ্রামে কোনো প্রশিক্ষণপ্রাপ্ত মনোবিজ্ঞানী সাইকোথেরাপির সহায়তা দেন কি না তা আমার জানা নেই। তোমাকে এই সাহায্য নিতে হলে ঢাকায় যে জায়গাগুলোতে এই ব্যবস্থা রয়েছে, সেখানে মাসে এক বা দুইবার আসতেই হবে। ঠিকানাগুলো আমি আগে অনেকবার পত্রিকার মাধ্যমে জানিয়েছি। সমস্যা: আমার বয়স ৩০। বিবাহ বিচ্ছেদের আগে আমার অবসেসিভ কম্পালসিড ডিজঅর্ডার সমস্যা ছিল। স্বামীকে আমি যখন প্রথম তালাক দিই, আমার বাবা, বড় ভাই, এমনকি চিকিৎসকেরা নানাভাবে আমার ওপর চাপ প্রয়োগ করেন। তালাক তুলে নেওয়ার জন্য আমাকে দুই মাস পাবনা মানসিক হাসপাতালে ভর্তি রাখা হয়। ৯০ দিনের আগে নিজের মনের বিরুদ্ধে তালাক ওঠাই। আট মাস পর একই স্বামীকে আবার দ্বিতীয় তালাক দিই। এ জন্য অনেক মারধর খেতে হয়েছে। তালাক দেওয়ার কারণে মানুষ আমাকে হেয় করে। নির্ভরযোগ্য মানসিক স্বাস্থ্য সেবাকেন্দ্র কোথায় আছে? কোথায় চিকিৎসা পেলে আমি সুস্থ হয়ে নিজেকে মানবকল্যাণে নিয়োজিত করতে পারব? বর্তমানে গান আর গল্প লিখে সময় কাটাই। জেসমিন আরাকুষ্টিয়া। পরামর্শ: আমাদের সমাজ মেয়েদের প্রতি কতটা নির্দয়, সেটি তোমার অভিজ্ঞতায় খুব স্পষ্ট। তুমি যেহেতু সুস্থ ছিলে না, তাই তোমার পক্ষে বিবাহিত জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা সহজ ছিল না। তোমার ওপর যে শারীরিক ও মানসিক নির্যাতন হয়েছে, তাতে মানসিক স্বাস্থ্য আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের সমাজে অনেকে মনে করে, বিয়ের পর মানসিক সমস্যা কমে যায়। অথচ বাস্তবে এটি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। বিয়েকে চিকিৎসাপদ্ধতি হিসেবে দেখা হয় বলে জটিলতা আরও বেড়ে যায়। তুমি লিখেছ, তালাকের পর তুমি আরও নিগৃহীত হচ্ছ। অথচ এটি তোমার একটি মৌলিক অধিকার। যারা দুর্ব্যবহারগুলো করছে, তারা মানসিক সমস্যায় ভুগছে এবং অসুস্থ আচরণগুলো তাদের ক্ষেত্রেই ঘটেছে। তুমি নিজেকে অবশ্যই সঠিকভাবে মূল্যায়ন করবে। তোমার অসুস্থতার জন্য তুমি মোটেও দায়ী নও। পরিবারের সদস্যদের নেতিবাচক আচরণ অনেক প্রভাব ফেলেছে তোমার মানসিকতায়। আধুনিক সেবা কোথায় আছে জানতে চেয়েছ। এই উত্তরটি খুব সহজ নয় আমার জন্য, কারণ ব্যবস্থাগুলো খুবই অপ্রতুল আমাদের দেশে। তোমার মধ্যে অবসেসিভ কম্পালসিড ডিজঅর্ডার এখনো রয়েছে কি না লেখোনি। যদি উপসর্গগুলো এখনো থাকে, তা হলে কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মাধ্যমে খুব উপকৃত হবে। সেই সঙ্গে কিছু ওষুধও প্রয়োজন হতে পারে। ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে তুমি ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে সাইকোথেরাপি নিতে পারো। সেখানকার মনোরোগ বিশেষজ্ঞরাও তোমাকে দেখবেন বলে আশা করা যায়। এত প্রতিকূল পরিবেশ সত্ত্বেও তুমি সাহিত্যচর্চা করছ এবং মানবকল্যাণে উদ্যোগ নেওয়ার কথা ভাবছ, সে জন্য তোমাকে অনেক অভিনন্দন।