মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন।স্থানস্বল্পতার কারণে সব চিঠির উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা দুঃখিত।—বি. স.সমস্যা: আমার বয়স ২৫ বছর। আমি যাকে ভালোবাসি, তার বয়স ১৪। তার সঙ্গে আমি খুব মিশতাম। সে আমার আত্মীয়, সম্পর্কে আমার ভাতিজি হয়। তার প্রতি আমার অনেক ভালোবাসা। আমার আচরণে-ভাবভঙ্গিতে সে বুঝতে পারে যে তাকে আমি ভালোবাসি। মাঝেমধ্যে পড়ালেখার বিষয়ে উপদেশ দিতাম। মেয়েটিকে কোনো উপহার দিলে সে প্রথমে ‘না’ বলত, পরে ঠিকই নিত। মেয়েটিকে কাছে ডাকলে কাছে আসতে চাইত না। একদিন মেয়েটিকে আমি আমার ভালোবাসার কথা জানাই। শুনে মেয়েটি কেঁদে ফেলে এবং দৌড়ে চলে যায়। প্রায় তিন ঘণ্টা কোথায় যেন লুকিয়ে ছিল। খোঁজাখুঁজি করে কোথাও পাইনি। পরে মেয়েটি ফিরে এলে পরিবারের সবাই তাকে জিজ্ঞেস করে। জেরার মুখে মেয়েটি আমার বলা গোপন কথা ওদের বলে দেয়। আমি এখন লজ্জায় কাউকে মুখ দেখাতে পারি না। মেয়েটি আমার ভাতিজি হলেও আমি তাকে খুব ভালোবাসি। বিষয়টি আমার পরিবারও জেনে ফেলেছে। এখন মেয়েটিকে ভুলতে পারছি না।সালছা ত্রিপুরা খাগড়াছড়ি। পরামর্শ: বুঝতে পারছি, তুমি এ ঘটনার কারণে খুব অসহায় বোধ করছ। তোমার যুক্তির মনটি হয়তো বলছে, কাজটি ঠিক হয়নি, কিন্তু আবেগের কাছে তুমি পরাজিত বোধ করছ। মেয়েটি এখনো খুব ছোট, সবে বয়ঃসন্ধিতে পা দিয়েছে। মনে হচ্ছে তোমার প্রস্তাব তাকে খুব ভয় পাইয়ে দিয়েছে। একই সঙ্গে সে খুব লজ্জা ও অপরাধবোধেও হয়তো ভুগছে। সম্পর্কে সে যেহেতু তোমার ভাতিজি হয়, পরিবারের লোকেদেরও এই সম্পর্কটিকে মেনে নেওয়ার কথা নয়। তবে তোমার কিন্তু মনের আবেগ প্রকাশ করার অধিকার রয়েছে। তুমি তো মেয়েটিকে খুব আন্তরিকভাবে ও ভদ্রতা বজায় রেখে মনের কথা জানিয়েছ। এই বয়সের একটি মেয়ের পক্ষে কিন্তু এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। তার ওপর পারিবারিক সম্পর্কের কারণে সে হয়তো তোমাকে কাকার মতোই দেখত। সম্ভব হলে ওকে বলার চেষ্টা করো যে, ওকে তুমি আর কখনো এভাবে বিব্রত করবে না। যা হয়ে গেছে, তার জন্য ওর কাছে ক্ষমা চাও। যেহেতু তুমি প্রাপ্তবয়স্ক একজন মানুষ, আশা করি এই লজ্জা ও হতাশা কাটিয়ে উঠতে পারবে। এই সম্পর্কটির যেহেতু কোনো ভবিষ্যৎ নেই, কাজেই ভালোবাসার আবেগটিকে সরিয়ে ওকে তুমি স্নেহের দৃষ্টিতে দেখলে ভালো হয়। মেয়েটিও যাতে এত অল্প বয়সে কোনো বিভ্রান্তির মধ্যে থেকে কষ্ট না পায়, সেটিও পরিবার থেকে নিশ্চিত করলে ভালো হয়। এ ঘটনা ওর মনকে আচ্ছন্ন করে রাখলে ওর লেখাপড়া করতে অসুবিধা হবে। তুমি চেষ্টা করো পরিবারের সদস্যদের বোঝাতে যে তারা যেন এই ছোট মেয়েটিকে বা তোমাকে ভুল না বোঝে। তুমি মন ভালো রাখার জন্য ভালো বই পড়বে, গান শুনবে, সাংস্কৃতিক চর্চায় নিজেকে নিয়োজিত করবে। সমস্যা: আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার সমস্যা হলো, আমি কোনো কথা গুছিয়ে বলতে পারি না। কীভাবে বললে মানুষ বুঝবে, কীভাবে বললে সহজে বোঝানো যাবে, তা আমি কখনো বলতে পারি না। বাইরের মানুষ, আমার বন্ধুবান্ধবও আমাকে নিয়ে অনেক তুচ্ছতাচ্ছিল্য করে। আমি সব সময় একা একা ও উদাসীন থাকি। মাঝেমধ্যে পরিবারের সদস্যের প্রতি রাগ দেখাই। আমার বুদ্ধি বলতে গেলে খুবই কম। আমার বাবা আমাকে নিয়ে অনেক চিন্তিত যে ভবিষ্যতে আমার কী হবে। মাঝেমধ্যে নিজেকে অনেক ছোট ও দোষী মনে হয়। মনে হয়, আমি সব জায়গায় অশান্তি সৃষ্টি করি। মনে হয় আমার ভবিষ্যৎ অন্ধকারে পূর্ণ। মৌরাজশাহীপরামর্শ: মনে হচ্ছে ছোটবেলা থেকেই তুমি বিষণ্নতায় ভুগছ। মন খারাপ থাকার কারণেই রাগ সামলাতেও অসুবিধা হচ্ছে। আর মানুষের সঙ্গে খুব বেশি মেলামেশা করতে না পারার কারণে তোমার মধ্যে সামাজিক দক্ষতাও কম তৈরি হয়েছে। কিন্তু নিজেকে এর জন্য ছোট বা দোষী ভাবলে নিজের প্রতি অবিচার করা হবে। তোমার যে ব্যক্তিত্ব শৈশব থেকে তৈরি হয়েছে, সেটির জন্য তুমি একটুও দায়ী নও। চারপাশের পরিবেশ ও বংশগত বৈশিষ্ট্য তোমার ব্যক্তিত্ব তৈরিতে ভূমিকা রেখেছে। তোমার বাবা-মা অথবা পরিবারের কেউ কি মানসিক অসুস্থতায় ভুগছেন? সাধারণত বয়ঃসন্ধিতে এ ধরনের অসুস্থতা আমরা অনেকের মধ্যে দেখতে পাই। তোমার বাবাকে বলবে, ভবিষ্যতে কী হবে, সেটা নিয়ে দুশ্চিন্তা না করতে। এখন তোমাকে কীভাবে মানসিক স্বাস্থ্যসেবা দিয়ে সুস্থ করে তোলা যায়, সেই পদক্ষেপগুলো তাঁর নিতে হবে। ঢাকায় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউিট, বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতাল, ঢাকা কমিউনিটি হাসপাতালে কাউন্সেলিং সেবা নিতে পারো। এ ছাড়া জাতীয় ট্রমা কাউন্সেলিং কেন্দ্রে (ফোন: ০১৭১৩১৭৭১৭৫) গেলেও সাহায্য পাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগে গেলে তোমার বুদ্ধিমত্তা পরীক্ষা করে তাঁরা বলতে পারবেন, বুদ্ধির দিক থেকে তুমি পিছিয়ে রয়েছ কি না। তবে আমার মনে হচ্ছে, বিষণ্নতা কাটিয়ে উঠতে পারলে তুমি নিজের আচরণগুলোকে অনেক ভালোভাবে নিয়ন্ত্রণ করে জীবনে সফল হতে পারবে।