মনের জানালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন। স্থানস্বল্পতার কারণে সব চিঠির উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা দুঃখিত। —বি. স.সমস্যা: অনেক দুঃখের সঙ্গে লিখছি চিঠিটা। আমি ১৪ বছরের একটি ছেলে। আমি অনেকবার ভিন্ন ভিন্ন মানুষ দ্বারা ব্যবহূত হয়েছি। এদের বেশ কয়েকজন আমার নিকটাত্মীয়। কেউ কেউ কাজের লোক বা মিস্ত্রি। এখন আমার নিজেকে বিপরীত লিঙ্গের মনে হয়। আমার মেয়েদের প্রতি কোনো আকর্ষণ নেই। কয়েকবার চেষ্টা করেছি আত্মহত্যার। এই অবস্থা থেকে মুক্তির উপায় পাচ্ছি না। —নাম প্রকাশে অনিচ্ছুকপরামর্শ: তোমার জীবনে এত অল্প বয়সে যা ঘটেছে, তা মেনে নেওয়া কঠিন। যাঁরা এ ধরনের কাজ করেছেন, তাঁরা ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। আমাদের সমাজের অনেক অসহায় ছেলে ও মেয়েশিশু অসুস্থ মানসিকতাসম্পন্ন বড়দের দ্বারা এই ধরনের হয়রানির শিকার হচ্ছে। তুমি যে প্রচণ্ড মানসিক চাপ থাকা সত্ত্বেও নিজের চরম পীড়াদায়ক অভিজ্ঞতাগুলো অকপটে লিখে জানিয়েছ, সে জন্য তোমার অনেক প্রশংসা করছি। আমি জানি না, তুমি এই ঘটনাগুলো আর কাউকে বলেছ কি না। এ ধরনের অভিজ্ঞতাগুলো আমরা খুব বিশ্বস্ত কারও কাছে প্রকাশ করলে সেই মানুষটি যদি আমাদের নিঃশর্তভাবে সমর্থন দেন, তা হলে আঘাতপ্রাপ্ত মনটি অনেকটা স্বস্তি পায়। তোমার মনে যদি কোনো অপরাধবোধ থাকে, তা হলে সেটি ভুলে গিয়ে জীবনের চ্যালেঞ্জগুলো সাহসের সঙ্গে মোকাবিলা করো। নিজের জেন্ডার পরিচিতি নিয়ে তোমার মনে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তা এখন মাথায় বেশি স্থান দিয়ো না। মনে করো, তুমি প্রথমত একজন মানুষ এবং জীবন তোমার জন্য একটি উপহার। নিজেকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখো এবং কোনো অবস্থাতেই নিজের এতটুকু ক্ষতি করার কথা ভাববে না। এই স্মৃতিগুলোর সঙ্গে অনেক অসহায়ত্ব ও ব্যথা জড়িত। তবু ঘটনাগুলো তোমাকে জীবন ও মানুষ সম্পর্কে যা শিখিয়েছে, তা কাজে লাগাও। আশা করি, তুমি এই অস্বস্তি থেকে নিজেকে বের করে আনতে পারবে। সমস্যা: আমার মায়ের বয়স ৬০। মায়ের চার বিঘা জমি ও কিছু নগদ টাকা-পয়সা ছিল। মায়ের দুই ছেলের মধ্যে আমি বড়। মা ছোট ছেলেকে অতিরিক্ত স্নেহ করতেন। আমরা দুজন সংসার নিয়ে পৃথক হওয়ার পর মা ছোট ছেলের সংসারে চলে যান। আমার ছোট ভাই দুষ্ট প্রকৃতির। মাকে সে আদর-সোহাগ করে ছলে-বলে তাঁর সব জমি বিক্রি করে টাকা হাতিয়ে নেয়। তারপর নেশার পেছনে সব টাকা ব্যয় করে ফেলে। মা এখন জমি ও টাকার শোকে মানসিক ভারসাম্যহীন। জমিগুলো যারা কিনেছে, তাদের দখলে। এরা সমাজে বিত্তশালী ও প্রতাপশালী। তাই জমিগুলো আমি দখল করতে সাহস পাচ্ছি না। মাকে সে দেখাশোনা করে না। আমি ছোট একটা চাকরি নিয়ে বাড়ির বাইরে আছি। মায়ের অনেক চিকিৎসা করিয়েছি। তিনি ২৪ ঘণ্টা অনবরত কথা বলেন। বেশি কথা বলা বন্ধ করার কোনো ইনজেকশন কি আছে? —নাম প্রকাশে অনিচ্ছুকপরামর্শ: সম্ভবত ছোট ভাই মায়ের অতিরিক্ত প্রশ্রয় পাওয়ার ফলেই পথভ্রষ্ট হয়েছে। বাবা-মায়েরা সন্তান লালনপালন করতে গিয়ে শাসন ও সোহাগের মধ্যে ভারসাম্য রক্ষা করতে না পারলে সন্তানের ব্যক্তিত্বে ত্রুটি ঘটতে পারে। তোমার ভাইয়ের ব্যক্তিত্বের নেতিবাচক বৈশিষ্ট্যগুলো তাকে প্রভাবিত করেছে মায়ের সরল বিশ্বাসের সুযোগ নিতে। মায়ের চিকিৎসার সঙ্গে তোমাকে জমিগুলো উদ্ধারের জন্যও চেষ্টা চালিয়ে যেতে হবে। আগে তোমার মায়ের রোগ নির্ণয় করা খুব প্রয়োজন। যদি তিনি বাস্তব জগৎ থেকে মানসিকভাবে দূরে সরে গিয়ে থাকেন, অর্থাৎ ভারসাম্য সম্পূর্ণ হারিয়ে যায়, তা হলে তাঁকে ক্লিনিকে বা হাসপাতালে রেখে চিকিৎসা দিতে হবে। ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে রেখে তাঁকে চিকিৎসা করানো যেতে পারে। যদি পরেও তাঁর ওষুধ চালিয়ে যেতে হয়, তা হলে ইনজেকশনের ব্যবস্থাও রয়েছে। আইনগত সহায়তার জন্য তুমি ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টারে (ফোন: ৮৩২১৮২৫) বা আইন ও সালিশ কেন্দ্রে (ফোন: ৮১২৬১৩৭) অথবা বাংলাদেশ মানবাধিকার ব্যুরোতে (ফোন: ৭১৬৫৩৯৩ ও ৭১৬৫৪৯১) যেতে পারো।