মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন।স্থানস্বল্পতার কারণে সব চিঠির উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা দুঃখিত।—বি. স.সমস্যা: আমার শ্বশুরবাড়ি মাতৃপ্রধান পরিবার। আমার স্বামীর দ্বিতীয় কোনো ভাই নেই এবং পরিবারে আয়ের একমাত্র উৎস সে। বিয়ের প্রথম দিন থেকেই দেখছি আমার প্রতি শাশুড়ির তীব্র ঈর্ষা। আমাকে স্বামী কখন কত টাকা দিল, কী উপহার দিল ইত্যাদি তিনি খুঁটিয়ে খুঁটিয়ে শোনেন। তিনি চান না আমি চাকরি করি। কষ্ট হলেও এসব মেনে নিয়ে ওনার সন্তুষ্টি অর্জনের আপ্রাণ চেষ্টা করি। স্নাতকোত্তর শেষ করেও ঘরে বন্দী হয়ে ওনার হুকুম অক্ষরে অক্ষরে তামিল করি। সুযোগ পেয়ে উনি শুধু আমাকে খাটিয়েছেন, সংসারে কোনো স্বাধীনতা দেননি বরং প্রচণ্ড বাজে ব্যবহার করেছেন। স্বামী সবকিছু দেখেও নির্বিকার। স্বামীর একচোখা আচরণে খুব কষ্ট হতো। এভাবে পাঁচ বছর পর আমার ধৈর্যচ্যুতি ঘটে। আলাদা সংসারের দাবিতে বাপের বাড়ি চলে আসি। স্বামী প্রথমে রাজি থাকলেও পরে তীব্রভাবে অসম্মতি জানায়। স্বামীর অনুরোধে আবার শ্বশুরবাড়ি ফিরে গেলেও পরিস্থিতি একই থাকে। ফলে এর পর থেকে আমি বাপের বাড়িতে বেশি থাকি। ইতিমধ্যে আমি চাকরি শুরু করি এবং সন্তান গ্রহণ করি। ভেবেছিলাম, আগত সন্তানের সংবাদে সবকিছু স্বাভাবিক হবে। কিন্তু আমার গর্ভকালীন পুরো সময়ে তারা কোনো দিন আমার সঙ্গে যোগাযোগ করেনি। এমনকি সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়ও তাদের সহযোগিতা ছিল না। বরং দায়িত্ব পালনের ক্ষেত্রে আমার স্বামীকে কৌশলে বাধা দিয়েছে। ইচ্ছে না থাকলেও স্বামীর অনুরোধে সন্তানসহ ও বাড়িতে কয়েক দিন কাটিয়ে আসি। বাপের বাড়ি চলে আসার পর বর্তমানে মাস খানেক পার হয়ে গেছে, অথচ কেউ আমার সন্তানকে আর দেখতে আসেনি। ফোন করে খোঁজও নেয়নি। শাশুড়িকে আর সহ্য হয় না আমার। শ্বশুরবাড়ি যেতে অনীহা দেখালে, আলাদা সংসার দাবি করলেই স্বামী যোগাযোগ বন্ধ করে দেয়। সন্তানকেও দেখতে আসে না, খরচাপাতিও দেয় না। স্বামীর এহেন জেদ আমার মনকে আরও বিষিয়ে তুলছে। আমি একাই সন্তানকে নিয়ে এগিয়ে যেতে চাই—কিন্তু আমার বাবা-মা তাতে সায় দেয় না। সব মিলিয়ে চরম অস্থিরতার মধ্যে আছি।মাহবুবাঠিকানা প্রকাশে অনিচ্ছুকপরামর্শ: তোমার শাশুড়ি যখন নিজে বউ হয়ে শ্বশুরবাড়ি গিয়েছিলেন, তখন সেখানে কী ধরনের আচরণ পেয়েছেন, তাঁর স্বামীর সঙ্গে সম্পর্ক কেমন ছিল—এ রকম কিছু তথ্য জানতে পারলে তাঁর আচরণের ব্যাখ্যা দেওয়া সহজ হতো। আমাদের দেশের অনেক মা তাঁদের ছেলেসন্তানদের আবেগীয়ভাবে নির্ভরশীল করে বড় করেন। ছেলেদেরও মায়ের ওপর ধীরে ধীরে একধরনের নির্ভরশীলতা তৈরি হয়। আর এই কারণে অনেক ছেলেই মনে করে, মা যা করছেন তা ঠিক করছেন বা মায়ের কথার কোনো প্রতিবাদ করা ঠিক নয়। এই মায়েরা ছেলের বিয়ের পর নিরাপত্তাহীনতায় ভোগেন বলে যেকোনো মূল্যে ছেলেকে আঁকড়ে ধরে রাখতে চান। তুমি তো বুঝতেই পারছিলে যে স্বামীর সঙ্গে তোমার ভালোবাসা ও শ্রদ্ধার সম্পর্ক গড়ে ওঠেনি, তাই না? এ অবস্থায় একটি অসহায় ও নিষ্পাপ শিশুকে নিজেদের সমস্যা সমাধানের উদ্দেশ্যে কেন পৃথিবীতে আনলে, বলো তো? তুমি যেহেতু নিজের ইচ্ছেয় সন্তান গ্রহণ করেছ, তার ভরণ-পোষণের ব্যাপারেও দায়িত্ব গ্রহণ করো। স্বামীর কাছ থেকে প্রত্যাশাগুলো কমিয়ে ফেলো। কোনো গুরুতর সিদ্ধান্ত নেওয়ার আগে চেষ্টা করো স্বামীর সঙ্গে বসে সন্তানের ভবিষ্যৎ সুন্দর করতে তোমাদের দুজনের কী কী দায়িত্ব নেওয়া প্রয়োজন তা আলোচনা করতে। আর যদি সন্তানের ভরণ-পোষণের জন্য কোনো আইনজ্ঞের সহায়তা নিতে চাও, তা হলে আইন ও সালিশ কেন্দ্রে গিয়ে আলাপ করতে পারো। সমস্যা: আমি ক্লাস টেনে পড়ি। পড়ি বললে আসলে ভুল হবে। কারণ, এখন অসুস্থতার কারণে স্কুলে যেতে পারছি না। সব বিষয়ে চরম খুঁতখুঁতে। এখন আমি আমার পড়াশোনা করতে চাই। কিন্তু তীব্র অবসেশনের কারণে আমি পড়তে পারি না। দীর্ঘদিন স্কুলে না যাওয়ায় আমি আমার সহপাঠীদের চেয়ে অনেক পিছিয়ে পড়েছি। আর এ জন্য আমি হীনম্মন্যতায় ভুগি। আমার পক্ষে এ বছর পরীক্ষা দেওয়া কোনোভাবেই সম্ভব নয়, তা ছাড়া আমি কিছুটা সিজোফ্রেনিকও। বর্তমানে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে চিকিৎসা গ্রহণ করছি। আমাকে গ্রুপ থেরাপির সময় বলা হয়েছে, আমি যেন এ বছরই পরীক্ষা দিই। কিন্তু তা করলে আমার ফল খারাপ হবে। আমাকে ওষুধ কেড্রিন, রিলাফিন, সেট্রা ও লোপেজ দেওয়া হয়েছে। এখন আমি কীভাবে পড়াশোনা করব?তাহমিদ-উল-ইসলামকুড়িল, ঢাকা।পরামর্শ: লেখাপড়ার প্রতি এই ইতিবাচক মনোভাবটি তোমাকে অনেক এগিয়ে নিয়ে যাবে। তোমার ইতিবাচক মনোভাব খুব ভালো লেগেছে। খুব ভালো হয়, যদি তুমি লজ্জা-সংকোচ ঝেড়ে ফেলে আরেকবার নতুন করে শুরু করতে পারো। তুমি তো ইচ্ছে করে বা তোমার কোনো ব্যর্থতার কারণে পিছিয়ে পড়োনি। লেখাপড়া করতে না পারার পেছনে খুব শক্ত একটি কারণ ছিল। তোমাকে যে বিশেষজ্ঞ চিকিৎসক দেখছেন তাঁর কাছ থেকে নিয়মিত নির্দেশনা গ্রহণ করে সেগুলো সেবন করতে হবে। এ ছাড়া সাইকোথেরাপি নিলে তুমি খুব উপকৃত হবে বলে আমার ধারণা।