মনের জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মেহতাব খানম দীর্ঘদিন ধরে কাউন্সেলিং সাইকোলজি বিষয়টি পড়াচ্ছেন। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন। স্থানস্বল্পতার কারণে সব চিঠির উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা দুঃখিত।—বি. স.সমস্যা: কলেজে ভর্তি হওয়ার পর একজন স্যারকে আমার খুব ভালো লাগে এবং তাঁর কাছে প্রাইভেট পড়া শুরু করি। তিন-চার মাস পরে বিশেষ কারণে পড়া বাদ দিই। তাঁকে আমি খুবই শ্রদ্ধা করি। আমার শিক্ষাজীবনে আমি কোনো শিক্ষকের সঙ্গে বেয়াদবি করিনি এবং করতে চাইও না। স্যারের সঙ্গে আমার সম্পর্ক ভালোই ছিল। কিন্তু দ্বিতীয় বর্ষ নির্বাচনী পরীক্ষার সময় হঠাৎ করে তিনি খারাপ আচরণ করে আমাকে ক্লাস থেকে বের করে দেন। আমি বুঝতে পারিনি, কী ছিল আমার অপরাধ। অতঃপর তৃতীয় বর্ষের ক্লাস চলাকালীন অবস্থায় কোনো কারণ ছাড়াই আমাকে বের করে দেওয়া হয় ক্লাস থেকে। আমার প্রতিটি পরীক্ষার ফল আশানুরূপ। আমার সব সময় খারাপ লাগে একটা কথা ভেবে, আমি কি এমন ভুল করেছি, যা সংশোধনের সুযোগ না দিয়ে আমার সঙ্গে এ রূপ আচরণ করা হয়েছে। ওই দুটি ঘটনা আমার মনে ব্যাপকভাবে রেখাপাত করেছে। এ জন্য প্রায়ই মানসিক যন্ত্রণায় ভুগি। মো. শাহীনুর রহমানইংরেজি বিভাগ সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। পরামর্শ: তোমার চিঠি পড়ে আমি একজন শিক্ষক হিসেবে লজ্জা বোধ করেছি। আমার জানা ছিল না কলেজের শিক্ষকেরা নিজের কলেজের শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান। এটি মোটেও গ্রহণযোগ্য নয়। এমন হতে পারে যে তুমি তাঁর কাছে প্রাইভেট পড়া ছেড়ে দিয়েছ বলে তিনি এ রকম আচরণ করেছেন? যে দুবার বের করে দিয়েছেন, সেসব ক্ষেত্রে তিনি কী কী অভিযোগ তুলেছিলেন তা লিখলে আমার পক্ষে ব্যাপারটি বোঝা সহজ হতো। তোমার সহপাঠী বন্ধুরা ব্যাপারটিকে কীভাবে দেখছেন তা কি তুমি জানতে চেয়েছিলে? শিক্ষকের অবশ্যই উচিত ছিল তোমার প্রতি এ ধরনের বিরূপ মনোভাব তাঁর কী কারণে হয়েছে সেটি খোলাখুলি বলা। তুমি কি তোমার অভিভাবকদের বিষয়টি জানিয়েছ? তাঁরা যদি কলেজের প্রিন্সিপালের সঙ্গে তোমার বর্তমান মানসিক অবস্থা নিয়ে আলোচনা করতেন তাহলে ভালো হতো। বাংলাদেশের প্রতিটি বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে যদি মানসিক স্বাস্থ্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা থাকত, তাহলে তোমরা তাদের সহায়তা নিয়ে মানসিক যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারতে। তবে তুমি নিজেকে নিজেই বলতে পারো যে শিক্ষক যা-ই করুন না কেন, তুমি এর জন্য নিজেকে একটুও ছোট ভাববে না। এ ছাড়া যদি সম্ভব হয়, তাহলে কোনো একসময় স্যারকে বলতে পারো যে তুমি তাঁর সঙ্গে একান্তে কথা বলতে চাও। খুব ভদ্রভাবে এবং তাঁর প্রতি সম্মান রেখে তুমি স্যারকে জানাতে পারো, তাঁর এ ধরনের আচরণে তোমার কত ক্ষতি হয়ে গেছে। তাঁকে বিনীতভাবে অনুরোধ করবে যে তোমার কোনো আচরণে সমস্যা হয়ে থাকলে তিনি যেন তোমাকে একটু দিকনির্দেশনা দেন। এটিও বলতে পারো যে তাঁকে তুমি কতটা পছন্দ করো এবং তাঁর আশীর্বাদপুষ্ট হয়ে তুমি আগামী দিনগুলোতে অনেক ফলপ্রসূভাবে জীবন কাটাতে চাও। সমস্যা: আমার বয়স ২০ বছর। ইংরেজি সাহিত্যে পড়ছি। আমি যেকোনো বিষয়, সেটা লেখাপড়াই হোক আর অন্য যেকোনো কাজই হোক, খুব মনোযোগের সঙ্গে শুরু করতে যাই। কিন্তু কিছুক্ষণের মধ্যে মনোযোগ উধাও হয়ে যায়। চট করে অন্য চিন্তা মাথায় চলে আসে এবং মস্তিষ্ক অন্য ওই বিষয়টি নিয়ে চিন্তা শুরু করে দেয়। এবং এটা শেষ হওয়ার আগেই অন্য আরেকটা চিন্তার উদ্ভব হয়। এতে করে দেখা যায়, কোনোটিই সঠিকভাবে শেষ হচ্ছে না। শুধু চিন্তার ক্ষেত্রে নয়, কাজের ক্ষেত্রেও প্রায় একই রকমের কাণ্ড ঘটে। আমি এটা থেকে মুক্তি পেতে চাই। আরেকটি বিষয় হচ্ছে, একদা আমার স্মৃতিশক্তি খুবই শাণিত ছিল কিন্তু এখন তা খুব নাজুক অবস্থানে আছে। আমি আমার স্মৃতিশক্তিও আগের মতো ফিরে পেতে চাই। আমি যেখানে থাকি সেখান থেকে কোনো মনোরোগ চিকিৎসকের শরণাপন্ন হওয়া একেবারেই অসম্ভব। আলিফপরামর্শ: মনোযোগ ধরে রাখতে না পারলে তুমি যত মেধাবীই হও না কেন, পরীক্ষায় ভালো ফলাফল করাটা একেবারেই সম্ভব নয়। এ বিষয়ে তোমার সচেতনতা এবং সুস্থতা অর্জনের আকাঙ্ক্ষা সত্যিই প্রশংসনীয়। আমার মনে হয় না তোমার স্মৃতিশক্তি কমে গেছে। আসলে এভাবে একটার পর একটা চিন্তা যখন মাথায় এসে ভিড় করতে থাকে, তখন আমাদের মনের প্রাণশক্তি অনেক কমে যায়। মানসিক চাপ বেড়ে যায় বলে আমরা অনেক কিছু ভুলে যাই। তুমি যখন এই চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং এগুলোর আগমন নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবে না, তখন তোমার স্মৃতিশক্তি আবার আগের মতোই কাজ করবে। তুমি লিখেছ তোমার পক্ষে কোনো চিকিৎসকের শরণাপন্ন হওয়া সম্ভব নয়। আমার প্রশ্ন হচ্ছে, যদি এমন হতো যে তোমার শরীরের কোনো একটি অংশ অকার্যকর হয়ে পড়েছে, তাহলে কি তুমি ভালো চিকিৎসার খোঁজে অন্য কোথাও যেতে না? আমি মনে করি, মনের চিকিৎসাকেও ঠিক একইভাবে গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন। কারণ, মনের অসুস্থতাগুলো আমাদের শরীরকেও মারাত্মকভাবে প্রভাবিত করতে থাকে। এই ক্ষতিগুলো ধীরে ধীরে হয় বলে আমরা মনের অসুস্থতাকে গুরুত্ব দিই না। পরিবারের লোকেরাও যখন দেখেন আমরা দৈনন্দিন কার্যক্রমগুলো মোটামুটি চালিয়ে যাচ্ছি, তখন তাঁরাও ব্যাপারটিকে অনেকটা অবহেলার দৃষ্টিতেই দেখেন। কিন্তু সময়মতো সঠিক চিকিৎসা গ্রহণ না করলে এই অসুস্থতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। তুমি অবশ্যই এর জন্য সাইকোথেরাপি গ্রহণ করবে। প্রয়োজনে ওষুধও সেবন করতে হবে।