মনের জানালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন। আপনার সঠিক পরিচয় না দিতে চাইলে অন্য কোনো নাম ব্যবহার করুন।—বি. স.সমস্যাআমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে হিসাব শাখায় চাকরি করি। ব্যাংক চেক লিখতে গেলে আমার হাত কাঁপে। ফলে চেক বাতিল হয়ে যায়। আমার পাশে যদি কেউ থাকেন, তাহলে এ সমস্যা বেশি হয়। যখন আমি একা একা লিখি, তখন এ সমস্যা হয় না। ছাত্রজীবনে অনেক ক্ষেত্রে স্বাক্ষর করার সময় এমন সমস্যা হতো। জাকারিয়া সুমনহাজীগঞ্জ, চাঁদপুর।পরামর্শ মনে হচ্ছে তোমার মধ্যে অবসেশন ও সামাজিক ভীতি দুটিই কাজ করছে। অথচ দেখো, তুমি কিন্তু সম্পূর্ণ নিজের মনের জোর নিয়ে ছাত্রজীবনে এ সমস্যা হওয়া সত্ত্বেও একেবারেই পিছিয়ে পড়োনি। তবে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য তোমাকে সচেতনভাবে নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে হবে। নিজেকে কীভাবে চমৎকারভাবে অন্যের সামনে উপস্থাপন করা যায়, সেই অনুশীলনগুলোও করবে। নিজের দুর্বল দিক ও সবল দিকগুলো চিহ্নিত করে একটি নোটবুকে প্রতিদিন লিখবে। কীভাবে দুর্বল দিকগুলো ঠিক করা যায়, তা নিয়ে ভাববে। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনদের কাছেও পরামর্শ নিতে পারো। নিজের দুর্বল দিকগুলো নিয়ে হীনম্মন্যতায় ভুগবে না। সমস্যাকলেজে ভর্তি হওয়ার পর থেকে আমার সমস্যাটা শুরু। আমি লিখতে গেলে কিছু অক্ষর হঠাৎ আটকে যায়। বাংলা ও ইংরেজি—দুটি ক্ষেত্রেই এ সমস্যা। বিশেষ করে গোল বিন্দু আছে এমন অক্ষরগুলো একদমই লিখতে পারি না। এ জন্য আমি বাসায় প্রচুর অনুশীলন করি এবং অনেক লিখি। তবু এ সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছি না। জান্নাত, নারায়ণগঞ্জ। পরামর্শএই অসুবিধা পরীক্ষা দেওয়ার সময় বেশি ঘটে, নাকি অন্য পরিবেশে লিখতে গেলেও হয়? তুমি যখন চিঠিটি লিখছিলে তখন গোল বিন্দু আছে এমন কিছু অক্ষরও লিখেছ, তখনো কি আটকে গিয়েছিলে? মনে হচ্ছে, শুধু অনুশীলন করে তুমি এই সমস্যা সমাধান করতে পারবে না। হয়তো বা কিছু অক্ষরের সঙ্গে তোমার উদ্বেগ সৃষ্টিকারী নেতিবাচক অনুষঙ্গ (Conditioning) হয়ে গেছে। সে কারণেই সেটি লিখতে তোমার কোনো অসুবিধা না হলেও হাত সেখানে থেমে যাচ্ছে। তুমি যদি কোনো ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে সেশনে বসো, তাহলে উপকৃত হবে। পরীক্ষার আগে দুশ্চিন্তা কমানোর জন্য তুমি নিজেকে খুব সাহস দেবে। পরীক্ষার হলে বসে বেশ কয়েকটা বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে বলবে, তুমি একটুও ভয় পাচ্ছ না। সমস্যাআমার বাবা একজন রাজমিস্ত্রি। অনেক কষ্টে পরিবার চালান। বিভিন্ন প্রতিকূলতার মধ্যে এসএসসি পরীক্ষা দিয়ে ‘এ’ গ্রেডে পাস করি। নানা সমস্যার কারণে দুই বছর পড়া হয়নি। আবার অনেক ভেবে-চিন্তে পড়ালেখা শুরু করি। ২০ মাস হয়ে গেল, ক্লাস করেছি এর ভেতর ১১ দিন। কারণ, বাড়ি থেকে কলেজে যেতে প্রতিদিন ভাড়া লাগে ১০০ টাকা, যা আমার পক্ষে জোগাড় করা খুব কষ্টকর। তবু আমি পরীক্ষা দিতে চাই। এখন পর্যন্ত সব বইও কেনা হয়নি। তবু আমি অনেক বড় হতে চাই। মো. তাজুল ইসলাম লাকসাম সরকারি কলেজ, মনোহরগঞ্জ, কুমিল্লা। পরামর্শ তুমি যে এত প্রতিকূলতার মধ্যেও এসএসসিতে ‘এ’ গ্রেড পেয়েছ, সে জন্য অনেক অভিনন্দন। সংগত কারণেই তোমার পক্ষে ক্লাস করা সম্ভব হয়নি। জানি না তোমার প্রস্তুতি কেমন হয়েছে এবং এবার পরীক্ষা দিলে তুমি পড়ালেখা করার সময় পাবে কি না। যদি একেবারেই প্রস্তুতি না থাকে, তাহলে তুমি পরে অন্য কোনো দক্ষতা শেখার কথাও ভাবতে পারো। তবে তোমার মধ্যে যে অধ্যবসায় এবং দৃঢ়প্রত্যয় রয়েছে, তা তোমাকে অনেক দূরে নিয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। আগামী বছর পরীক্ষা দেওয়া সম্ভব কি না তা-ও জানার চেষ্টা করো।